অবশেষে সরকারের অনুমোদন পেল নটর ডেম বিশ্ববিদ্যালয়। গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ নামে নতুন এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়। মতিঝিলের নটর ডেম কলেজেই (এনডিসি) আপাতত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
ফাদার বেঞ্জামিন কস্তা জানিয়েছেন, অল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচিরেই শুরু হবে। আগামী ১১ মে এ নিয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রাথমিক অবস্থায় কতগুলো বিভাগ চালু এবং কী পরিমাণে শিক্ষার্থী ভর্তি করা হবে এ নিয়ে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, কলেজের অব্যবহূত কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আপাতত ব্যবহার করা হবে। এছাড়া বর্তমানে কলেজের জন্য আরো একটি ভবন তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ না করা পর্যন্ত এই ভবনেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালানো হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নামে চার বিঘা জমি দেয়া হয়েছে। সেখানে ভবন নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা থাকবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ধরণ হবে ইংরেজি মাধ্যম।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসি হিসাবে ফাদার বেঞ্জামিন কস্তার নাম প্রস্তাব করা হয়েছে। ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্ট ’এর পরিচালনা করবেন।
