নির্বাচন কমিশন (ইসি) ফোরাম অব হেডস অব ইলেকশন ম্যানেজমেন্ট বোডিজ অব সাউথ এশিয়ার লোগো ডিজাইন চূড়ান্ত করেছে। এশিয়া অঞ্চলের দেশগুলোর নির্বাচন কমিশনসমূহের সমন্বয়ে এফএইচইএমবি গঠন করা হয়েছে। এফএইচইএমবি গঠনের উদ্যোক্তা হওয়াতে নির্বাচন কমিশন বাংলাদেশ লোগো ডিজাইনের দায়িত্ব গ্রহণ করে।
নির্বাচন কমিশন থেকে এফএইচইএমবি’র লোগো ডিজাইন প্রতিযোগিতা আহ্বান করা হলে ৬৭ জন শিল্পী প্রত্যেকে ৪টি করে লোগো ডিজাইন জমা দেন। শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী ড. ফরিদা জামান, ভাস্কর হামিদুজ্জামান খানের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের মূল্যায়ন কমিটি প্রায় ২৫০টি ডিজাইন থেকে প্রাথমিকভাবে ৮জন ডিজাইনারের ১০টি ডিজাইন নির্বাচন করেন। এসব লোগো থেকে বাছাই করে ফোরামের জন্য একটি লোগো চূড়ান্ত করা হয়। যে ৮জন ডিজাইনারের লোগো প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের প্রত্যেককে সৃষ্টিশীল ডিজাইনের জন্য সম্প্রতি নির্বাচন কমিশন হতে এক অনাড়ম্বর সভার মাধ্যমে সম্মাননা (সার্টিফিকেট) প্রদান করা হয়। যেসব শিল্পীর লোগো ডিজাইন নির্বাচন করা হয়েছে তারা হলেন- অশোক কর্মকার, সঞ্চিতা সরকার, তৌফিক এলাহী, সালারউদ্দিন, মোঃ রেজা ফয়সাল আনসারী, মোঃ ইউসুফ আলী খান, গাজী আলমগীর সাদাত এবং মোঃ মাকসুদুর রহমান।
