সাভার ট্র্যাজেডির মূল হোতা রানা প্লাজার মালিককে নিয়ে জনমনে আগ্রহের শেষ নাই। কিন্তু তিনি তো ঘটনাচক্রে ‘ধরা’ পড়া একজন অনিয়মকারী মাত্র। দেশ জুড়িয়া এমন অসংখ্য অনিয়মকারী ও ক্ষমতার অপব্যবহারকারী রহিয়াছে, যাহাদের দৌরাত্ম্যের অদৃশ্য চিত্র ‘সংবাদ’ হইয়া ওঠে না। শুধু তাহাই নহে, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, সরকার এবং দৃশ্যমান এইসব ‘ক্ষমতাধর’দের উপরেও আরো ক্ষমতাধর রহিয়াছে। নিচেও রহিয়াছে আরো ক্ষমতাধর। তাহারা নিজ নিজ বলয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাস্তানি হইতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে টাকা তছরুপ, মাদকের আখড়া নিয়ন্ত্রণ, ঝুটব্যবসা, টেন্ডার, কাবিখা, টিআর প্রভৃতি যে যেইভাবে যাহা পারেন নিয়ন্ত্রণ করিয়া থাকেন। সরকারি বেসরকারি সব ধরনের প্রশাসনযন্ত্রও সেই সব ‘ক্ষমতা’ধরদের আদেশকেই শিরোধার্য করিতে বাধ্য হয়। এমনকি কাহার বিরুদ্ধে থানায় মামলা হইবে এবং কাহার মামলা তুলিয়া লইতে হইবে তাহাও তাহারা নির্ধারণ করিয়া দেন।
ইহাদের কি বলা যায়? ক্ষমতার বিষবৃক্ষ? ‘ক্ষমতা’ শব্দের ভিতরে বহুমাত্রিক রূপ রহিয়াছে। ক্ষমতা হইলো কুঠারের মতো। তাহা দিয়া নিজের তথা জাতির পায়ে কোপ মারিয়া রক্তাক্ত করা যায়, আবার তাহা দিয়াই উন্নয়ন ও গঠনমূলক কর্মসাধন করা যায়। অর্থাত্ প্রশ্নটা ক্ষমতার যথাযথ ব্যবহার কিংবা অপব্যবহার লইয়া।
আমাদের সমাজে সহজতর ও নাতিদীর্ঘ পথ পাড়ি দিয়া অর্থ-বৈভব-ক্ষমতা অর্জন করিবার অসংখ্য উদাহরণ দৃশ্যমান। অপরদিকে নিরানব্বই ভাগ ক্ষেত্রেই এই ‘অনিয়ম’কে রাষ্ট্রযন্ত্রের বিশেষ সিস্টেম দ্বারা ‘হজম’ করানোর সম্ভাবনা থাকে। ফলে ‘ক্ষমতার অপব্যবহার’ বিষয়টি প্রকারান্তরে উত্সাহিতই হয় আমাদের তথা এই উপমহাদেশের রাষ্ট্র ও সমাজব্যবস্থায়। সুতরাং এই সত্যই সর্বত্র প্রকাশিত হয় যে, তাহাদের দু-একজন ‘ধরা’ পড়িলেও সিংহভাগ দুর্নীতিপরায়ণ ও অপব্যবহারকারীই সিংহপ্রতাপ লইয়া বহাল তবিয়াতে টিকিয়া থাকে।
সুতরাং ক্ষমতার অপব্যবহার বা অনিয়মের কুঠারাঘাতে সাধারণ মানুষ রক্তাক্ত হইলেও বেশিরভাগ মানুষই সহজতর ও স্বল্পক্লেশে অর্থ-বৈভব-ক্ষমতাসহ সকল জাগতিক ‘সুখ’ অর্জন করিতে উত্সাহ বোধ করেন। কেহ তাহার নিজস্ব পন্থায় ইহাতে সফল হন, কেহ হন না। তবে প্রত্যেকেই তাহার নিজস্ব ‘উদ্ভাবনী’ উপায়ে প্রতিপত্তি অর্জনের এই লোভনীয় পথে চলিতে নীতি নৈতিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে দ্বিধা করেন না। আর এইসব ‘ক্ষমতা’ পাইতে সবচাইতে আকর্ষণীয় ও তুলনামূলক ঝুঁকিমুক্ত উপায় হইলো দূষিত রাজনীতিক বা ক্ষমতাধর কাউকে খুঁজিয়া তাহার কাছে ও তাহার কাজে নিজের ‘সামান্য’ নীতি-নৈতিকতাটুকু বিকাইয়া দেওয়া এবং নিজের ‘স্বার্থ’ হাসিল করা। আপনাকে কেহ অতিরিক্ত সমীহ করেন, সমঝে চলেন, তাহার অর্থ কি এই যে, তিনি আপনাকে সম্মানও করেন? তলাইয়া দেখিলে স্পষ্টতই বুঝা যায়, এই ‘সম্মান’ আসলে ‘ভয়’ হইতে উত্সারিত। আর এই ‘ভয়’-এর নেপথ্য কারণ হইল, আপনি সেই পর্যায়ের ক্ষমতাবান যেইখান হইতে আপনি চাইলেই তাহার ‘ক্ষতি’ করিতে পারেন। সুতরাং ইহা হইলো সম্মানের মুখোশে সমঝে চলা। ইহাই ক্ষমতা বা প্রতাপের আনন্দ। এবং এই প্রতাপকে উপভোগ করেন না, “এমন ‘মানুষ’ কোথাও খুঁজে পাবে নাকো তুমি”।
বলা যায়, এই উপমহাদেশ জুড়িয়াই অনিয়ম ও দুর্নীতির সর্বনাশা বিষবৃক্ষের বীজ বত্সরের পর বত্সর ধরিয়া অল্প অল্প করিয়া ছড়াইয়া পড়িয়াছে আমাদের শহর-জনপদ এমনকি নিভৃত পল্লীর ছায়াশীতল ক্রোড়েও। অত্যন্ত পরিতাপের বিষয় হইল, আমাদের দেশে এই মানসিকতা দিন দিন ‘চৌকষ’ হইয়া উঠিতেছে। চাকু তস্করের হাতে পড়িলে যেমন জীবন বিপন্ন হয়, আর চিকিত্সকের হাতে পড়িলে রক্ষা পায় প্রাণ, ক্ষমতাও তাহাই। সুতরাং ক্ষমতার কুঠার সঠিক মানুষের হাতে ও যথাযথ ব্যবস্থাপনার ভিতরে থাকা নিশ্চিত করিতে পারিলে প্রকৃত জন-উন্নয়ন সম্ভবপর হইবে। এই ক্ষেত্রে আমাদের শিক্ষার মান ও হার যত বাড়িবে, কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র্যতা যত কমিবে এবং সরকার ও প্রশাসনের ব্যবস্থাপনায় যত উন্নতি ঘটিবে ততই এই ক্ষমতার কুঠারটির অপব্যবহার হ্রাস পাইবে, বৃদ্ধি পাইবে উন্নয়ন।
