অদক্ষ ব্যবস্থাপনাই সব সংকটের মূল

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:১৯
সম্প্রতি পোপ ফ্রান্সিস সাভারে ভবন ধসিয়া শ্রমিকদের জীবননাশের ঘটনায় শোক প্রকাশের পর বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের কাজের পরিবেশের নিন্দা জানাইয়াছেন। তিনি বলিয়াছেন যে, কারখানায় শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো। এখানে কোন কোন শ্রমিকের মজুরি মাসিক মাত্র ৫০ ডলারের কাছাকাছি—এই তথ্যও পোপ ফ্রান্সিসকে গভীরভাবে ব্যথিত করিয়াছে। পোপের এই সকল কথা কিংবা শোক-বেদনা ও দুঃখবোধ অবশ্যই বাংলাদেশের নানাবিধ অবস্থার প্রেক্ষাপটে প্রণিধানযোগ্য। বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ এবং স্বল্প মজুরি প্রদান ইত্যাদি অত্যন্ত বাস্তব ঘটনা। সন্দেহ নাই যে, এখানে শ্রমিকদের মজুরি ক্ষেত্রে যাচ্ছেতাই রকমের বৈষম্যও বিদ্যমান। ফলে অনেক শ্রমিকই তাহাদের শ্রমের ন্যায্য পাওনা হইতে বঞ্চিত। তবে সবকিছুকে ছাপাইয়া বাংলাদেশে এ সকল ক্ষেত্রে যে সমস্যাটি সবচাইতে বড় হইয়া দেখা দিয়াছে উহা হইতেছে দেশটির ব্যবস্থাপনার সমস্যা। সর্বক্ষেত্রেই ব্যবস্থাপনার ত্রুটি-বিচ্যুতি ও বড় ধরনের ফাঁক-ফোকর চোখে পড়ে এইখানে। দেশের জনসাধারণের জীবনের মানোন্নয়নের জন্য সরকারের দক্ষ ব্যবস্থাপনার কোন বিকল্প নাই। সরকারের প্রধান কাজই হইতেছে দেশের জনগণের সুখ-স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা বিধান এবং তাহাদের যাবতীয় মৌলিক ও মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা। এ জন্য চাই অতিদক্ষ প্রশাসন যন্ত্র এবং যাহারা সরকার পরিচালনা করেন সেই মন্ত্রী-মিনিস্টারদেরও এ ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে হয় বৈকী? কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে, আমরা কি সরকারি কি বেসরকারি সব ক্ষেত্রেই দক্ষতা অর্জনের পরিবর্তে শর্টকাট পন্থায় নিজ নিজ স্বার্থ উদ্ধারের কাজে ব্যাপৃত থাকিতেই অধিক আগ্রহী। ফলে কোন ক্ষেত্রেই দক্ষ ব্যবস্থাপনা গড়িয়া ওঠে না। সাভারে বা দেশের বিভিন্ন স্থানে প্রায়শ যে সকল মারাত্মক দুর্ঘটনা ঘটিয়া থাকে উহার মূলে রহিয়াছে ব্যবস্থাপকদের অদক্ষতা, ঔদাসীন্য ও অবহেলা। তাহাছাড়া কর্মপরিবেশ সৃজনে মালিক বা ব্যবস্থাপকদের যে ধরনের আন্তরিকতা-মমত্ব ইত্যাদি থাকার কথা উহা বলিতে গেলে দেখাই যায় না। শ্রমিকদের অতি অল্প মজুরি প্রদান বা শ্রমিককে ন্যায্য পাওনা হইতে বঞ্চিত করিবার ক্ষেত্রেও প্রধানত এই ব্যবস্থাপনা সংকটই দায়ী। কেননা, অদক্ষ ব্যবস্থাপনা কল-কারখানা বা প্রতিষ্ঠানে এমন সব উত্কট সংকট সৃষ্টি করে যে, সেগুলির সমাধান করিতে গিয়া শ্রমিক ঠকানো ছাড়া উপায় থাকে না বা অন্য কোন জরুরি সমস্যার দিকে দৃকপাত করিবার আর অবকাশই হয় না। উপরন্তু, অবকাঠামোগত সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক সুদের বল্গাহীন চাল-চলন ইত্যাদি কারণও শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদান অনেকাংশেই অসম্ভব করিয়া তোলে বৈকি। তবে নানাবিধ প্রতিকূলতার মধ্যেও যে এই দেশের শ্রমিকেরা নির্বিকার চিত্তে অর্থনীতির চাকাটিকে সচল রাখে ইহা এক পরম বিস্ময়ই বটে। রাজনীতি নিজে যেখানে কূপমন্ডূকতা, অপরিণামদর্শিতা ও সংকীর্ণ স্বার্থের যূপকাষ্ঠে বন্দী সেখানে শ্রমিকের স্বার্থ বিপন্ন হওয়াটাইতো স্বাভাবিক। শুধু গালভরা বুলি কপচাইয়াতো আর শ্রমিকের পেট ভরানো যাইতে পারে না, ইহার জন্য চাই সুদক্ষ ম্যানেজমেন্ট। সরকারের উপর হইতে নিচ তক কিংবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহেও যেখানে দক্ষতা বৃদ্ধির কোন প্রয়াস-প্রচেষ্টা নাই সেখানে শ্রমিকরা কর্মপরিবেশ পাইবে কোথায়? ন্যায্য পাওনা বঞ্চিত হওয়াটাই সেখানে যে শ্রমিকের বিধিলিপি হইয়া দাঁড়াইবে সে কথাতো বলাই বাহুল্য!