গতকাল (৪ মে) ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে এক বিশাল সমাবেশ হয়েছে। তার উপর আজ (৫ মে) আবার হেফাজতের ডাকা ঢাকা অবরোধ। দুয়ে মিলেমিশে অবস্থা কি দাঁড়াবে তা এখনো বলা যাচ্ছে না। যদি শান্তিপূর্ণভাবে সবকিছু ঘটে তাহলে ভালো কথা। কিন্তু যে কোনো পক্ষের জন্যই যদি শান্তিভঙ্গের কারণ ঘটে, তাহলে পরিস্থিতি সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দেশে গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক পদ্ধতিকেই প্রমাণ করতে হবে, সে সবসময় শুধু মেষশাবক নয়, আত্মরক্ষায় সে সিংহশাবকও হতে পারে। হতে না পারলে নতজানু গণতন্ত্রকে গত শতকের বিশের ইতালি ও ত্রিশের জার্মানীর মতো ক্ষমতা থেকে বিদায় নিতে হবে এবং তাতে যে এই মহাসমাবেশের উদ্যোক্তাদের কোনো লাভ হবে তা নয়। বরং ‘তৃতীয় শক্তি’ নামে যে অপেক্ষমাণ অদৃশ্য বাঘটির কথা কিছুকাল যাবত্ বলা হচ্ছে, সেটি এসে গোটা গণতান্ত্রিক ব্যবস্থারই ঘাড় মটকাবে।
বিএনপির এককালের শক্তির ভিত্তি ছিলো ক্যান্টনমেন্ট। এখন জামায়াত ও হেফাজত। দেশটি এখন দৃশ্যত দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক সেকুলার শিবির। অন্যদিকে বিএনপি ও জামায়াতের নেতৃত্বে সাম্প্রদায়িক ও মৌলবাদী শিবির। শক্তির মহড়ায় দুই পক্ষই সমান। তবে সেকুলারিস্ট শিবির মৌলবাদী শিবিরের মতো ঐক্যবদ্ধ নয়। এই শিবিরের নেতা আওয়ামী লীগের আপোষ নীতি (Policy of appeasement) পরিস্থিতিকে এ পর্যন্ত গড়াতে সাহায্য করেছে। সংবিধান সংশোধন থেকে শুরু করে শাহবাগ আন্দোলনের ব্লগারদের গ্রেফতার পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আপোষ নীতি যে কোনো রাজনৈতিক ডিভিডেন্ট দেয়নি, বর্তমান পরিস্থিতি তার প্রমাণ।
এছাড়াও সেকুলারিস্ট নামধারী একটি চক্র আছে। তারা সেকুলারিস্ট ও গণতান্ত্রিক বলে দাবি করলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণতান্ত্রিক শিবিরের বাইরে তাদের অবস্থান। ডেমোক্রেসি ও ফ্যাসিজমের মধ্যে অথবা সেকুলারিজম ও ধর্মীয় ফ্যাসিবাদের মধ্যে চূড়ান্ত শক্তি পরীক্ষার সময় নিরপেক্ষতার যে কোনো ভূমিকা নেই, তা সুশীল সমাজের ভেকধারী আমাদের সেকুলারিস্ট পরিচয়ের দাবিদার এলিট ক্লাসের একটি অংশ জানেন ও বোঝেন কিনা জানি না। কেউ কেউ বলেন, তারা জানেন ও বোঝেন। কিন্তু তারা এতোই সুবিধাভোগী ও সুযোগ সন্ধানী যে, দেশের এই চরম সঙ্কট সন্ধিক্ষণেও ভাবছেন, বাংলাদেশের রাজনীতির তালটি পাকবে এবং সেটি তাদের কোলেই পড়বে।
কথাটির একটু বিশ্লেষণ প্রয়োজন। বর্তমান বিশ্বে মৌলবাদের - বিশেষ করে ইসলামি জঙ্গিবাদের অভ্যুত্থানের ভয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ভীত। আফগানিস্তানে ও পাকিস্তানে তারা আঙুল পুড়িয়েছে। বাংলাদেশে এসেও তারা আঙুল পোড়াতে চায় না। সুতরাং দেশটিতে তারা কোনো মৌলবাদী অভ্যুত্থানকে সফল হতে সাহায্য দেবে এ সম্ভাবনা নেই বললেই চলে। এ ব্যাপারে তারা এখনো আওয়ামী লীগ সরকারের শক্তি ও সাফল্যের উপর নির্ভর করে আছে। কিন্তু আওয়ামী লীগ সেকুলারিস্টদের মহাজোট গঠন করেও যদি মৌলবাদী অভ্যুত্থান ঠেকাতে না পারে, তাহলে?
এই আসাতেই সার্কাসের গাধার মতো অপেক্ষমাণ আমাদের এলিট ক্লাসের সুশীল সমাজ নামধারী একটা অংশ। যদি সার্কাসের দড়ি থেকে হঠাত্ মালিকের রূপসী কন্যার পদস্খলন ঘটে, তাহলে গাধার সঙ্গে তার বিয়ে যে অনিবার্য। একথা তো সার্কাসের মালিক নিজের মুখে বলেছেন। অনুরূপভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি ও ইসলামি জঙ্গিদের ঠেকাতে আওয়ামী লীগ সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোও আর মৌলবাদীদের ক্ষমতা দখল মেনে নেবেন না। তখন পর্দার আড়ালে অপেক্ষমাণ এই সুশীল সমাজের খোঁজ পড়বে বাংলাদেশেও একটি কারজাই মার্কা সরকার প্রতিষ্ঠার জন্য।
এই স্বপ্নেই বুঁদ হয়ে আছেন আমাদের তথাকথিত সুশীল সমাজের একটি অংশ এবং এই স্বপ্ন সফল করার তাড়নায় হঠাত্ কোনো কোনো রাজনৈতিক নেতা নিষ্ক্রিয় জীবন থেকে সক্রিয় হয়ে এবং কিছু নতুন ও পুরোন বুদ্ধিজীবী সেমিনার, গোলটেবিল ডেকে নানা রকম কথাবার্তা বলে মূলত: যে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি করছেন এবং ধর্মীয় ফ্যাসিবাদকেই মদদ জোগাচ্ছেন তা বুঝতে পারছেন কিনা জানি না।
আমাদের এলিট শ্রেণীর একটি অংশের বর্তমান ভূমিকা কালিদাস পন্ডিত বালক বয়সে যে গাছের ডালে বসেছিলেন, সেই ডালই কাটার চেষ্টা করার মতো। বাংলাদেশের বর্তমান হাসিনা সরকারের যতো ভুলত্রুটি থাকুক, গণতন্ত্রের শেষ রক্ষাব্যুহ এই নেতৃত্বই। সামরিক শাসন, স্বৈরাচারী শাসন সব শাসনের বিরুদ্ধেই সংগ্রাম করে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আর এই সংগ্রামের সময় এই এলিট নেতা ও বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিলো? কেউ অক্সফোর্ড, কেউ হার্বার্ডে গবেষণার নামে পলাতক অবস্থায় ছিলেন। সংগ্রাম শেষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এরা আবার দেশে ফিরে এসেছেন এবং আবার গণতন্ত্রের নামে বড় বড় থিওরি কপচানোর সুযোগ গ্রহণ করেছেন।
এবারের পরিস্থিতি ভিন্ন। দেশ দুই শিবিরে পরিষ্কারভাবে বিভক্ত হয়েছে এবং দুই শিবিরের মধ্যে চূড়ান্ত শক্তি পরীক্ষাও শুরু হয়েছে। এই যুদ্ধে নিরপেক্ষতার কোনো স্থান নেই। যদি এই যুদ্ধে গণতান্ত্রিক শিবিরের পরাজয় ঘটে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তাহলে দেশে যা ঘটবে, তাতে এই তথাকথিত এলিট শ্রেণীর সুশীল ছাপধারী ব্যক্তিদেরই সকলের আগে দেশ ছেড়ে পালাতে হবে। আবার ইউরোপে বা আমেরিকায় গিয়ে স্থায়ী ঠিকানা খুঁজতে হবে।
তাদের মধ্যে কেউ কেউ কারজাই বা জারদারি হতে পারবেন, গণতান্ত্রিক ও মৌলবাদী শিবিরের দ্বন্দ্বে নিরপেক্ষতায় ধ্বজা ধরে বিদেশি অভিভাবকদের সাহায্যে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে ক্ষমতায় বসবেন, এই স্বপ্ন বাস্তবায়িত হলেও ক’দিন তারা ক্ষমতায় থাকবেন? আফগানিস্তানের এক-তৃতীয়াংশ তালেবানদের দখলে। কারজাই কাবুলের ব্লু’জোনে মার্কিন সেনার পাহারায় বাস করেন। পাকিস্তানের জারদারি ক্ষমতায় টিকে আছেন নাটো ও মার্কিন দ্রোন হামলার সাহায্যে। যে কোনো দিন তাদের পতন ঘটতে পারে।
আমাদের কারজাই সাহেবদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যদি সফল হয়ও ক’দিন তারা ক্ষমতায় থাকতে পারবেন? তারাও কি মার্কিন সৈন্যদের পাহারায় বঙ্গভবনে থাকতে চান? তাহলে কি বাংলাদেশেও স্বচ্ছ রাজনীতি ও সুশাসনের জন্য মার্কিন সৈন্যের পাহারা দরকার হবে? আফগানিস্তান ও পাকিস্তানের মতো বাংলাদেশেও বিদেশি সৈন্য ঘাঁটি গাড়বে আর বাঙালি কারজাই সাহেবেরা মনের সুখে নবাবি করবেন?
বাংলাদেশ পাকিস্তান নয়, আফগানিস্তানও নয়। এদেশের মধ্যবিত্তদের শিক্ষিত ও আধুনিকমনা অংশের অবস্থান, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার ভিন্নতাই বলে দিচ্ছে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বাংলাদেশের মাটিতে আর কোনো ব্যবস্থা টেকসই হবে না। এবং সেজন্যে বিএনপিকে জামায়াতের গাটছড়া ছিন্ন করে এবং আওয়ামী লীগকে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার বড়াই ত্যাগ করে আগামী নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য একটা সন্ধি ও সমঝোতার পথ খুঁজতে হবে। এই সন্ধি ও সমঝোতা এমনকি সংলাপের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তিন তিনবার উচ্চারণ করেছেন।
সুস্পষ্ট আলোচ্যসূচি ছাড়া অবাস্তব দাবির উপর সংলাপ হয় না। কিন্তু একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে সন্ধি ও সমঝোতা হতে পারে। বিএনপি সংলাপ, সন্ধি, সমঝোতা কোনোটাতেই রাজি হতে পারবে কিনা সন্দেহ রয়েছে। ৪ মে’র সমাবেশও প্রমাণ করেছে এই সমাবেশ আসলে জামায়াত ও হেফাজতের। হেফাজতের ৫মে’র ঢাকা অবরোধের সঙ্গে তাল মিলিয়েই বিএনপি তাদের ৪ মে’র সমাবেশের ডাক দিয়েছে।
ফলে “প্রধানমন্ত্রীর ডাকে” এবারেও খালেদা জিয়া সাড়া দিতে পারবেন কিনা এটা দেখার রইলো। ৪ মে শনিবার আমি যখন এই লেখাটা লিখছি, তখনো তিনি তার ভাষণ দেননি। এই ভাষণে তিনি সমঝোতার মনোভাব দেখাবেন, না কঠোর কর্মসূচি দেবেন, তা আমার জানা নেই। যদি আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সমঝোতার জন্য পর্দার আড়ালে যে খেলা চলছে, তা ব্যাহত না হয়ে থাকে তাহলে কঠোর কর্মসূচি তিনি নাও দিতে পারেন। কিন্তু জামায়াত ও হেফাজতকে খুশি করার জন্য তিনি কঠোর শর্ত ও বক্তব্য দিতে পারেন। দেখা যাক, তিনি জামায়াত ও হেফাজতের কঠিন আলিঙ্গন থেকে কতোটা বের হয়ে আসতে পারেন বা আসতে চাইবেন?
এই সমাবেশ ও অবরোধের চ্যালেঞ্জ শুধু গণতন্ত্রের জন্য নয়, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি দলের জন্যও। এই জঙ্গি মৌলবাদের বাঘ কি কেবল আওয়ামী লীগের রক্ত ভক্ষণেই তৃপ্ত হবে, না আগে আওয়ামী লীগকে ধরার পর বিএনপিকে ধরবে? বিএনপি এ সম্পর্কে সময় থাকতে সতর্ক না হলে ভুল করবে। আর যে সব বাংলাদেশি কারজাই মোক্ষম সুযোগের অপেক্ষায় গ্রীন রুমে মেকআপ নিয়ে অপেক্ষমাণ, দেশের রাজনীতির প্রেক্ষাগৃহের যবনিকা উত্তোলিত হলে সেখানে তাদের খুঁজে পাওয়া যাবে কি?
\ লন্ডন, ৪ মে, শনিবার, ২০১৩ \
