সাভার ট্র্যাজেডির উদ্ধারকারী নায়কদের প্রতি শ্রদ্ধা

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:২০
সাভারের ট্র্যাজেডি বাংলাদেশের মানুষকে চমকে দিয়েছে; প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে। কোমলমতি বাঙালিকে বেদনার সাগরে কাঁদিয়েছে। রানা প্লাজার আটতলা ভবন ধসে পড়েছিল তিনহাজারেরও বেশি মানুষের উপর। ভবনটি ধসে পড়েছিল এমনভাবে যে ভবনটি থেকে বের হওয়ার সকল সিঁড়ি এবং প্রবেশপথই বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়া মানুষগুলো বের হওয়ার কোন রাস্তাই পায়নি। একতলা অন্য তলার উপর ঠিক যেন বসে পড়েছিল। আর তাদের মাঝে কিছুটা জায়গা করে নিয়েছিল বড় বড় কংক্রিটের বিমগুলো। প্রত্যেক তলায় কাজ করা গার্মেন্টস শ্রমিকরা কেউ পিষে মরেছে দুইতলার মাঝে, আবার কেউ বা বেঁচে গিয়েছে বিম পড়ার ফলে যেটুকু খোলা জায়গা ছিল তার মধ্যে থাকার কারণে। আটতলা ভবনের প্রতিটি তলাই এমনি করে অন্য তলার উপর আছড়ে পড়েছে। ভবনটি মাটির মধ্যে ডুবে গিয়েছে ভিতর দিকে। কাউকে কাউকে এই দয়াহীন ভবনের শক্ত কংক্রিট নিমেষেই চাপা দিয়েছে, তাদের প্রাণ নিয়েছে। আবার কেউ কেউ জীবিত থেকেও ভিতরেই আটকে থেকেছে। কেউ কেউ ভিতর থেকে আর্ত চিত্কার দিয়েছে ‘আমরা বেঁচে আছি’। ধসে পড়ার পরপরই জীবিত মানুষকে বের করার কাজ শুরু করে স্থানীয় জনগণ। ধ্বংসস্তূপের মধ্য থেকে টেনে টেনে বের করে নিয়ে আসে একের পর এক জীবিত মানুষ, মৃত মানুষ। ফায়ার ব্রিগেড আসে, পুলিশ-র্যাব-বিজিবি আসে, সেনাবাহিনী আসে উদ্ধার কাজে সহায়তা করার জন্য। সেনাবাহিনীর নেতৃত্বে বিশাল এক বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত হয়। এই উদ্ধার কাজে ফায়ার ব্রিগেড, বিজিবি ও সেনাবাহিনীর প্রশিক্ষিত উদ্ধারকারীদের পাশাপাশি সাধারণ মানুষ থেকেও ভলান্টিয়ারগণ রাতদিন উদ্ধার কাজে নিয়োজিত থাকেন। ডাক্তারী বিজ্ঞান পরামর্শ প্রদান করে, আটকে থেকে না খেয়ে এবং পানি না পেয়ে একটি লোক ৭২ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু সাভার ট্র্যাজেডি ডাক্তারী পরামর্শকেও হার মানায়। জীবনযুদ্ধে জয়ী কিছু গার্মেন্টসকর্মী ৭২ ঘন্টা পরও জীবিত হয়ে ফিরে আসে আমাদের মাঝে। সাভার ট্র্যাজেডিতে আড়াই হাজারের বেশি মানুষকে উদ্ধারকারীরা জীবিতভাবে উদ্ধার করতে সমর্থ হন। এর মধ্যে কেউ সম্পূর্ণভাবে সুস্থ, কেউ হাত-পা ভাঙ্গা নিয়ে আহত, কারো মেরুদণ্ড ভেঙ্গে গিয়েছে, কারো হাত বা পা কেটে বের করে আনা হয়েছে। সাভারের এনাম ক্লিনিক, সিএমএইচ, ঢাকার পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল সর্বত্রই আহত রোগী দিয়ে ভরপুর। ধ্বংসস্তূপের ভিতরে প্রবেশ করে জীবিত বা মৃত মানুষকে টেনে বের করে নিয়ে আসা, স্ট্রেচারে করে এ্যাম্বুলেন্সে নিয়ে আসা, এ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালের বেডে পৌঁছে দেয়া, আহত রোগীদের সেবা দেয়া, প্রয়োজনে রক্ত দেয়া, সার্জারি করা এ সমস্ত কিছুই যারা করেছিলেন তাদের আমরা দেখেছি কিভাবে ছোটাছুটি করছেন; দিন-রাত জেগে, খেয়ে না খেয়ে একের পর এক জীবিত মানুষ বা মৃত মানুষকে ধ্বংসস্তূপ থেকে তারা উদ্ধার করে আনছেন এবং চিকিত্সা দিচ্ছেন। রক্তদানের জন্য আমরা দেখেছি শত শত যুবক-যুবতী ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। একদিকে মৃত্যু, অন্যদিকে মানবিক সহায়তা। অনন্য হয়ে রইল সাভার ট্র্যাজেডি। উদ্ধারকারীদের কেউ বিশ্ব-বিদ্যালয়-কলেজ-স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, কেউ স্থানীয় মসজিদের মাওলানা, কেউ এনজিও কর্মী, কেউ পাশের বাড়ির বাউন্ডেলে ছেলেটি, কেউ নার্স, কেউ ডাক্তার, কেউ মেডিক্যালের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী, কেউ অন্য গার্মেন্টসের কর্মী, কেউ শ্রমিক-কৃষক বা ইলেক্ট্রিশিয়ান। আত্মীয়কে খুঁজতে গিয়ে ধ্বংসস্তূপের অসহায় মানুষদের কষ্ট সহ্য না করতে পেরে উদ্ধারকাজে আত্মনিয়োগ করেছেন এমন অনেক মানুষও উদ্ধারকারী দলে ভলান্টিয়ার হিসাবে কাজ করেছেন রাতদিন ভর। গরীব দেশের মানুষের জন্য সাভার ট্র্যাজেডি ছিল এমন একটি দুর্ঘটনা যা মোকাবিলার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশ। পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতির অভাব, পর্যাপ্ত প্রশিক্ষিত দক্ষ উদ্ধারকারীর অভাব, পর্যাপ্ত মোবাইল ইলেকট্রিক্যাল সংযোগ ও আলোর অভাব, পর্যাপ্ত অক্সিজেনের অভাব, পর্যাপ্ত আধুনিক হাসপাতাল ও চিকিত্সা ব্যবস্থার অভাব। অভাবের শেষ নেই আমাদের মত একটি দরিদ্র দেশে। কিন্তু তারপরও সাভার ট্র্যাজেডি প্রতিহত এবং পরাজিত করতে পারেনি আমাদের মনোবল এবং প্রচেষ্টাকে। মানুষের প্রতি ভালবাসা পুরো জাতিকে করেছে একত্রিত। উদ্ধার কাজ করতে গিয়ে কেউ কেউ হয়েছেন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তারপরও থেমে থাকেনি উদ্ধার কাজ, চলেছে রাতদিন ২৪ ঘন্টাই। উদ্ধার কাজে সরাসরি অংশগ্রহণ না করতে পেরে অনেকেই তাদের শ্রম দিয়েছেন হাসপাতালে, রক্ত দিয়েছেন হাসপাতালগুলোতে। এই জাতীয় বীরদের ঋণ কিভাবে জাতি শোধ করবে জানি না। তবে অন্তত তাদের কাজের সঠিক মূল্যায়ন করে আমরা তাদের এই মহান কাজের স্বীকৃতি জানাতে পারি। সরকার সাভারে একটি ইন্টার-ফেইথ (বিভিন্ন ধর্মের বিশ্বাস) প্রার্থনার ব্যবস্থা করতে পারে। নিহতদের ধর্ম অনুযায়ী সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এবং দেশের গণ্যমান্য লোক, নিহত পরিবারের সদস্য, আহত এবং জীবন্ত ফিরে আসা শ্রমিকদের উপস্থিতিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা যেতে পারে। সেখানে উদ্ধারকারী নায়কদের বিশেষভাবে ধন্যবাদ জানানো যেতে পারে। লেখক :সাবেক সেনা কর্মকর্তা