সম্পূর্ণ বিতর্কহীনভাবে একথা বলা যায় যে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে, সৃষ্টির কল্যাণ। আর সৃষ্টির কল্যাণের আসল নিয়ামক হচ্ছে মানুষ। তাই , সকল ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ। কিন্তু চলমান সময়ে বৈষম্যমূলক অর্থনীতি, ভোগবাদ ও অস্ত্র নির্ভর রাষ্ট্র পৃথিবীর সিংহভাগ মানুষের কল্যাণ-শান্তির নিশ্চয়তা দিতে হয়েছে সম্পূর্ণ ব্যর্থ। তাই, বিশ্বকে কল্যাণময় করার জন্যে প্রয়োজন সিংহভাগ মানুষের সুখ-শান্তির উদ্দেশ্যে ব্যবস্থা প্রণয়ন ও তা কার্যকরী করা।
পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আসলে আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য, লাগামহীন ভোগ প্রবণতা, শক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা কায়েম ও টিকিয়ে রাখার স্বার্থে বিশ্বব্যাপী অস্ত্র নির্ভর রাষ্ট্রীয় ধারণার বিকাশের সাথে শুধুমাত্র ভোট ব্যবস্থার গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। পাঠকবৃন্দ, ভোট ব্যবস্থার গণতন্ত্র বলছি এই কারণে যে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে অধিকাংশ মানুষের ভোট প্রদানের ক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় ব্যবস্থায় তার গণতান্ত্রিক চর্চার স্থানই বা কতটুকু? রাজনৈতিক স্বাধীনতার স্লোগানে বিকশিত সোনার হরিণ নামক গণতন্ত্র, ক্ষমতাহীন মানুষকে কতটা স্পর্শ করে? বরং অনেক সময় গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের বিপরীতে তাদের উপর নেমে আসে ক্ষমতাধরদের কিংবা রাষ্ট্রযন্ত্রের পাশবিক নির্যাতন।
বিপরীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মার্কস-লেনিন-স্ট্যালিন ও চেয়ারম্যান মাওসেতুং এর মডেল মোতাবেক যে সমাজতান্ত্রিক ধারা চলছে সেখানেও তো মানুষের বাক-ব্যক্তি-স্বাধীনতাসহ মুক্ত চিন্তার স্বাধীনতা অনুপস্থিত। তাই তো বলা যায় হূদয়-মনকে মেরে শুধুমাত্র দেহকে সুস্থ সবল রাখার যে ব্যবস্থা তাওতো সর্বাঙ্গীন সুন্দর নয়। বিশ্ব মানবতার কল্যাণে ব্যর্থ পুঁজিবাদ (যার নগ্নরূপ মুক্ত বাজার অর্থনীতি) আর পুঁজিবাদের বিকল্প হিসেবে পরীক্ষিত (কোন কোন দেশে) সমাজতন্ত্র চলমান বিশ্বে সৃষ্টির সুখ-শান্তি নিশ্চিত করতে পারছে না। তাহলে প্রশ্ন বৈষম্যমূলক অর্থনীতি, ভোগবাদ, সাম্রাজ্যবাদী শোষণ ও অস্ত্র নির্ভর রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্তির পথ কি? প্রথমত: মানুষের রাজনৈতিক স্বাধীনতা বলতে যা বুঝায় তার শতভাগ চর্চা ও ভোগ করার অধিকার দিতে হবে সকল রাষ্ট্রের সকল মানুষকে। শুধুমাত্র ভোট প্রদানের অধিকার দিয়ে মানুষকে গণতান্ত্রিক অধিকার বুঝিয়ে দেয়া যাবে না। পাশাপাশি একথাও যথাযথভাবে মনে রেখে সিদ্ধান্ত নিতে হবে যে, অর্থনৈতিক মুক্তি ব্যতিরেকে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই ভাবতে হবে গণতান্ত্রিক অর্থনীতি নিয়ে। গণতান্ত্রিক অর্থনীতিকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে, যে অর্থব্যবস্থা জনগণের মতামত সাপেক্ষে বৈষম্যমূলক অর্থ ব্যবস্থার বিপরীতে নায্য বণ্টন ব্যবস্থা কায়েম করবে, যে অর্থ ব্যবস্থা ভোগবাদের বিপরীতে যুক্তিসংগতভাবে প্রয়োজনীয় ভোগের ব্যবস্থা করবে, যে অর্থ ব্যবস্থায় কোন রকম দুর্নীতির লেশ মাত্র থাকবে না, যে অর্থ ব্যবস্থার আওতায় রাষ্ট্র হবে শক্তি নির্ভরতার বিপরীতে বিবেক নির্ভর। স্বল্প কথায় গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা উপর থেকে চাপানো কোন মতবাদ নয়। এটি একটি দেশের সর্বস্তরের জনগণের মতামত সাপেক্ষে প্রণীত জনগণের বাস্তব চিন্তা ও প্রয়োজনীয়তার প্রতিফলন। কারণ, চাপানো অর্থ ব্যবস্থা যে বিশ্ব মানব কল্যাণের জন্যে যথেষ্ট নয় তাওতো প্রমাণিত। আর উপর থেকে চাপানো কোন ব্যবস্থার ফলাফল বিষয়ে দার্শনিক বার্টান্ড রাসেলের বিশ্লেষণ বিশেষভাবে প্রনিধানযোগ্য। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রাথমিক ধারণা দিতে গিয়ে চলমান প্রবন্ধে মানব কল্যাণের স্থলে কোন কোন স্থানে সৃষ্টির কল্যাণের কথা বলেছি এই কারণে যে, মানুষকে ভালভাবে বাঁচতে হলে সে একা বাঁচতে পারবে না সমস্ত পরিবেশকে নিয়েই তাকে ভাল থাকতে হবে। তাই, লেখক মানব কল্যাণের বৃহত্তর ধারণা হিসেবে সৃষ্টির কল্যাণ শব্দটি ব্যবহার করেছেন। পাঠকবৃন্দ, পৃথিবীতে মানুষ বাড়ছে। বাড়ছে সামরিক ব্যয়। মানুষের খাবার প্লেটে খাবার কমছে। বাতাসে বাড়ছে বারুদের গন্ধ। আজ ধরিত্রী ছাড়িয়ে আকাশসীমা পর্যন্ত নিরাপদ নয়। অস্ত্রের জোরে শক্তির জোরে মহাকাশ দখলের চলছে অবাধ প্রতিযোগিতা। একদিকে ক্ষুধার্ত মানুষ আর একদিকে ধ্বংসযজ্ঞে নষ্ট হচ্ছে প্রাপ্ত সম্পদ। এই অবস্থা মানব জাতিকেই শুধু কষ্ট দিচ্ছে না বরং তা সমগ্র মানব সভ্যতাকেই করবে বিনষ্ট।
তাই, বিরাজমান অবস্থা থেকে মুক্তি পেতেই গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার ধারণা উপস্থাপন করছি। বিষয়টি অধিকতর আলোচনা ও গবেষণার দাবি রাখে। যেহেতু গণতান্ত্রিক অর্থনীতির ধারণাটি একটি নতুন ধারণা তাই সংশ্লিষ্ট বিষয়ে ভাবনার প্রশ্নটাও খুবই স্বাভাবিক। তবে একথাও সত্য যে, সাহারা থেকে বঙ্গোপসাগর, আফ্রিকা থেকে ভারতীয় উপ-মহাদেশের মেহনতী মানুষেরা বর্তমান বিশ্বে প্রচলিত অগণতান্ত্রিক মানব কল্যাণের নিয়ামক ভোগবাদ ও বৈষম্যমূলক বিশ্ব অর্থ ব্যবস্থা থেকে বাঁচতে চায়- মুক্তি চায়। প্রয়োজন সঠিক পথের।
লেখক: চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন বিভাগ ও এগ্রিবিজনেস বিভাগ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বনানী, ঢাকা
