গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সংসদ অথবা অন্য যে কোনো স্থানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন যে, বিরোধী দল বিএনপিকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংলাপে বসার চিঠি দেবেন। তাত্ক্ষণিকভাবে সকল মিডিয়া গুরুত্বের সঙ্গে প্রধানমন্ত্রী এবং সৈয়দ আশরাফুলের বক্তব্য প্রচার করেছে, ইলেকট্রনিক মিডিয়ায় এরিমধ্যে বেশ উত্সাহের সঙ্গে সংবাদ পরিবেশন এবং আলোচনা উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শুক্রবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলকে সংলাপে বসার পুনরায় আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন। বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন তাত্ক্ষণিকভাবে এর কোনো প্রতিক্রিয়া বৃহস্পতি বা শুক্রবার জানাননি।
বিএনপির নেতৃবৃন্দ ঐ দুই দিন যে সব প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তা স্বভাবই নানা ইতি-নেতিতে মিশ্রিত ছিল, তাতে তাদের দলীয় নেতৃবৃন্দের মুক্তি এবং নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সরকারের ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দাবি করা হয়েছে। তবে সকলেই অপেক্ষায় ছিলেন শনিবার শাপলা চত্বরে অনুষ্ঠিত ১৮ দলীয় সমাবেশ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কী বলেন তার দিকে। এর ফাঁকে দু’দিন দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যে সব কথা বলেছেন সেগুলোকে সংলাপ সম্পর্কে সরকারের দেওয়া প্রস্তাবের তাত্ক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখতে হবে, বিবেচনা করতে হবে। তবে দেশের সকল মহলই গভীর প্রতীক্ষায় ছিলেন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের প্রতি। শাপলা চত্বরের ভাষণে বেগম খালেদা জিয়া সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেয়ার জন্যে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। সেটি করা না হলে কঠিন কর্মসূচি আসবে বলেও তিনি উল্লেখ করেছেন। তাঁর ভাষণে হয় তত্ত্বাবধায়ক সরকার, নতুবা সরকারের বিদায়ের যে ইঙ্গিত তিনি করেছেন তার মর্মকথা বেশ স্পষ্ট। সেক্ষেত্রে দেশে অচিরেই সংঘাত আবার আসছে। এটি বেশ স্পষ্ট। এ ক্ষেত্রে সরকারের এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শিগগির বিরোধী দলকে আলোচনায় বসার জন্যে যে চিঠি দেয়ার কথা বলেছেন তা এরিমধ্য দেয়ার উদ্যোগ নেয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে। সময়টি এখন এতোটাই জটিল যখন প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি বদলে যেতে পারে, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত দিকে মোড় নিতে পারে। সে কারণে সরকারকে বেশ সতকর্তার সঙ্গে পদক্ষেপ নেয়া, কথা বলা বা প্রতিক্রিয়া জানানোর বিষয়টিকে বিবেচনায় নিতে হবে।
লক্ষণীয় বিষয় হচ্ছে, এতোদিন নাগরিক সমাজসহ মিডিয়ায় লেখালেখি এবং আলোচনায় সকল মহল থেকেই বলা হচ্ছিল যে, বিএনপির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনায় বসার উদ্যোগ সরকারকেই আগে নিতে হবে। বিরোধী দল থেকেও বলা হচ্ছিল যে, সরকার সংলাপের উদ্যোগ নিলে বিরোধী দল সাড়া দেবে। এমনিতেই দেশে গত ফেব্রুয়ারি মাস হরতাল ভাঙচুর, পোড়াপুড়ি, ধ্বংসাত্মক নানা ধরনের কর্মকাণ্ড, পুলিশের ওপর আক্রমণ, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে যেভাবে হামলা হচ্ছিল তাতে দেশে-বিদেশে বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এর ওপর সর্বশেষে সাভার বিপর্যয়ের পর যে মানবিক সংকট তৈরি হয়েছে তাতে সকল পক্ষই আশা করছে যে, সরকার এবং বিরোধী দল এমন পরিস্থিতিতে যার যার অনড় অবস্থান থেকে কিছুটা হলেও সরে আসা সাংঘর্ষিক অবস্থান থেকে নিজেরা বের হয়ে আসবে, সাধারণ মানুষকে টেনশন থেকে মুক্তি দেবে। সেই প্রেক্ষাপটে বিরোধী দলের ডাকা দুই তারিখের হরতাল কর্মসূচি প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দল প্রত্যাহার করে নিয়েছে। যদিও এমন পরিস্থিতিতে হরতালের মতো কর্মসূচির বিষয়টি কল্পনার বাইরে থাকার কথা। তারপরও সংঘাতপূর্ণ-রাজনীতির এই দেশে এমনটিই সম্ভব—তাই বাস্তবতা এটি এদেশের জনগণের বোধ হয় ভাগ্য লিখনে রয়েছে। এর থেকে মুক্তি কবে হবে তা ভবিষ্যত্ই কেবল বলে দেবে। তবে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দল সাড়া দিয়েছে, এটি একটি ইতিবাচক ঘটনা। যেখানে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সম্পর্কের চরম অবনতির অভিযোগ রয়েছে সেখানে আহ্বান জানানো এবং তা বিবেচনায় নেয়ার বিষয়টিকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। এই অবস্থানকে এক ধাপ অগ্রগতি হিসাবেই ধরে নিয়েছি. সেই ধাপটি যতো ছোটই হোক না কেন অবস্থান পরিবর্তনের মূল্যায়নে এর গুরুত্বকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সম্ভবত সেই অবস্থান থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানানো। সরকার এবং দলের শীর্ষ পর্যায়ে থেকে এই সময়ে দ্রুত এধরনের আনুষ্ঠানিক আহ্বান জানানোর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার যথেষ্ট কারণ রয়েছে। যদিও কোনো কোনো মহল সন্দেহমূলকভাবেই প্রস্তাবটিকে দেখছেন, বলা হয়েছে যে, ৪ ও ৫ মে’র কর্মসূচি থেকে দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য এধরনের প্রস্তাব দেয়া হয়েছে, রাজনৈতিক কার্ড খেলা হয়েছে বলেও কোনো কোনো মহল থেকে বলা হয়েছে। তাদের এসব অবস্থানের সত্যাসত্য বোঝা যাবে ভবিষ্যতেই এতো আগে নয়। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকে ঐ দুই দিনের কর্মসূচি এ মুহূর্তে প্রত্যাহার করার যে অনুরোধ জানানো হয়েছে তা বেশ তাত্পার্যবহন করে। বিএনপি তথা ১৮ দলের শনিবারের সমাবেশ নিয়ে দেশে তেমন কোনো উত্কণ্ঠা নেই, তবে ৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সকল মহলেই এক ধরনের আতঙ্ক রয়েছে। হেফাজত ইসলাম অবশ্য তাত্ক্ষণিকভাবেই প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে তাদের ঢাকা অবরোধ কর্মসূচি বহাল রাখার কথা জানিয়েছে। সুতরাং আমাদের দেশে এতোবড় একটি দুর্ঘটনার পর রাজধানী অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে তা বেশ বিস্ময়কর বললেও হয়তো কম বলা হতে পারে। তবে প্রধানমন্ত্রী এ কয়েকদিন বিরোধী দল এবং তাদের মতামতকে যেভাবে বিবেচনায় নিয়ে আহ্বান জানিয়েছেন তা একটি নতুন দিক।
এখন চারদিকে প্রশ্ন শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধীদল কতোটা সাড়া দেবে, একই সঙ্গে প্রশ্ন উঠছে সরকার এবং বিরোধীদলের মধ্যে আদৌ সংলাপ অনুষ্ঠিত হবে কিনা, হলে তা সফল হবে কিনা। এ প্রসঙ্গে অতীতের সংলাপের নানা উদ্যোগের নজির তুলে ধরা হচ্ছে, সেগুলোর কোনোটিই সুফল বয়ে আনেনি—এমন নেতিবাচক ও হতাশাজনক ধারণা দেয়ার প্রবণতাও বেশ লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের ঘটনা উপস্থাপনা সাধারণ মানুষকে খানিকটা হলেও হতাশ করে, সন্দেহ সৃষ্টি করে, তাদের আশাবাদী হওয়ার জায়গা সংকুচিত করে ফেলে। বাংলাদেশে এটিকে স্বাভাবিক প্রবণতা হিসেবেই মেনে নিতে হচ্ছে। তবে এমনটিই হবে অতীতের অবস্থান মোটেও ভাঙা যাবে না—এমনটি ধরে বসে থাকার জায়গা থেকে বের হওয়ার কথা এখন অবশ্যই গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
প্রশ্ন হচ্ছে, কীভাবে তা সম্ভব হবে আদৌ তা সম্ভব হবে কিনা, আমাদের ধারণা—এ সবই সম্ভব। তবে সেক্ষেত্রে কোনো পক্ষকেই আগ বাড়িয়ে ওলট-পালট কিছু না বলা, না করার প্রতি সতর্ক থাকতে হবে। এমনিতেই আমাদের নেতৃবৃন্দ অনেক বেশি কথা বলেন। সেটি হয়তো ততোটা দোষের হতো না যদি ওলট-পালট কোনো কথা বলা না হতো। আমাদের নেতৃবৃন্দের বড় অংশই অতিকথনে অভ্যস্ত। সে কারণে বিভিন্ন ইস্যুতে নেতৃবৃন্দের মধ্যে বাদানুবাদ হতে হতেই সবকিছু ভেস্তে যায়, শেষ হয়ে যায়। মূল সমস্যার ধারে কাছে যাওয়ার সুযোগই তেমন একটা ঘটে না। সে কারণেই সংলাপ নিয়ে কোনো পক্ষেরই অতিকথনে লিপ্ত হওয়া উচিত হবে না। উভয়পক্ষকেই সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে, পরিবেশ সৃষ্টির বিষয়গুলো বিবেচনায় রেখে চলা উচিত। বিএনপির নেতৃবৃন্দ জামিনে দ্রুত জেল থেকে বের হয়ে আসবেন সেটি সকলেরই কামনা। সেক্ষেত্রে পরিবেশ সৃষ্টিতে একধাপ অগ্রগতি দৃশ্যমান হবে। একই সঙ্গে কোনো ধরনের পূর্বশর্ত জুড়ে দেয়া কোনোপক্ষেরই ঠিক হবে না। মূল বিষয়টি হচ্ছে দেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় এক সময়ের বাস্তবতা এখন সেভাবে নেই, তাতে অগ্রগতি ও উন্নতি খানিকটা হয়েছে। তবে চলমান এই প্রক্রিয়াকে আরো বেশি কীভাবে আস্থায় আনা যাবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষম করা যাবে তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা একান্ত দরকার। শুধু সরকার ব্যবস্থাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের একমাত্র গ্যারান্টি বা ত্রুটি নয়। নির্বাচন ব্যবস্থায় নিয়ম-কানুন, স্বচ্ছতা, বিধি-বিধান ও প্রাতিষ্ঠানিক দক্ষতাগুলোকেই বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। অতীতে আমরা এক্ষেত্রে দৃষ্টি না দিয়ে শুধু সরকার ব্যবস্থাকে এককভাবে দেখেছি। ফলে সরকার ব্যবস্থা প্রবর্তিত বা পরিবর্তিত হলেও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার গ্যারান্টি আমাদের আসেনি। প্রতিবারই নতুন নতুন সমস্যায় প্রতিটি নির্বাচন বিতর্কিত হয়েছে, সংকটেও পড়েছে। বিষয়গুলোকে এখনো যদি আমরা গুরুত্বের সঙ্গে না দেখি, বিবেচনায় না নেই, দেশের নির্বাচন ব্যবস্থাকে সেভাবে ঢেলে না সাজাই তাহলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি অধরাই থেকে যাবে, প্রতিবারই নির্বাচনের প্রাক্কালে দেশে এমন সংকট ঘুরে ফিরে সৃষ্টি হবেই। সুতরাং বিষয়গুলোকে অতীতের অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের নিশ্চয়তার অবস্থান থেকে মূল্যায়ন করে একটি গ্রহণযোগ্য সমাধানে যেতেই হবে। এক্ষেত্রে বস্তুনিষ্ঠ, ব্যক্তি নিরপেক্ষ চিন্তা-ভাবনা ও উদ্যোগ নিতে হবে। সে কাজটি আওয়ামী লীগ ও বিএনপি আলোচনার টেবিলে খুঁজে নেবে, দেশ ও জাতিকে উপহার দেবে তেমনটিই সবাই আশা করে। সংঘাত-সংঘর্ষের মাধ্যমে ভবিষ্যত্ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত করা যাবে না। নির্বাচনের জন্য যেসব আইনি, প্রশাসনিক, বিচারিক, আর্থিকসহ নানা ধরনের উদ্যোগ অপরিহার্য হয়ে আছে—তা নিতেই হবে, তেমন জাতীয় চাহিদা পূরণ করতেই হবে। আমার ধারণা, প্রধানমন্ত্রী সংলাপে বসার জন্য প্রধান বিরোধীদলকে যে আহ্বান জানিয়েছেন তাতে দেশের রাজনীতিতে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে তা বিএনপি হাতছাড়া করবে—তেমনটি কেউ ভাবতে চায় না। উভয়দলকে নমনীয় এই অবস্থান থেকে আলোচনার টেবিলে যাওয়া প্রয়োজন। তাতে দেশের গণতন্ত্র রক্ষা পাবে সংকটের হাত থেকে, ষড়যন্ত্রকারী শক্তিসমূহের হাত থেকে, সর্বোপরি ধর্মীয় নানা ইস্যুতে যে বিরোধ, শক্তি প্রদর্শনের শঙ্কা তৈরি হয়েছে তা থেকে বাংলাদেশ রক্ষা পেতে পারে। বিষয়টি আওয়ামী লীগ ও বিএনপিকে গণতন্ত্রের নিবিড় পাঠ থেকে শিক্ষা নিতে হবে, সংলাপে বসতে হবে, সমাধানে পৌঁছাতে হবে। এর কোনো বিকল্প পথ এই দুই দলের কারোরই সম্মুখে খোলা নেই।
লেখক :অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক
