সমপ্রতি সাভারে রানা প্লাজা ধসের সচিত্র প্রতিবেদন,স্বজনদের আহাজারি ও উদ্ধার তত্পরতা নিয়ে যেসব খবর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে তা দেখে এদেশের প্রতিটি জনগণের ভেতরে দারুণ রক্তক্ষরণ ও চোখে কান্নার জোয়ার বয়ে যাচ্ছে। কেউই এই ঘটনাটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িত পৈশাচিক অপরাধীদের উপযুক্ত শাস্তি দ্রুত নিশ্চিত হোক। বিশেষ করে উক্ত ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার এবং অন্যান্য যারা জড়িত সবাইকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হউক। এক্ষেত্রে অপরাধীরা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে অথবা অর্থের জোরে কোনভাবেই পার পেতে না পারে। সমপ্রতি উক্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। ইতিমধ্যে বিজিএমইএ রানা প্লাজার দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য বিজিএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচিকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করবো উক্ত কমিটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃতি, কারণ উন্মোচন ও দোষীদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। যদিও এই মর্মান্তিক দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি সব ধরনের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশ ও জাতির এই ক্লান্তিলগ্নে জাতিসংঘের মহাসচিবের এই ধরনের আশ্বাস ও সহযোগিতায় সমগ্র দেশবাসী তাঁর কাছে চির কৃতজ্ঞ ।
আজ এদেশের প্রতিটি শান্তিপ্রিয় মানুষের কাছে কোন অস্বাভাবিক মৃত্যুই কাম্য নয়। কিন্তু সেই অস্বাভাবিক মৃত্যুই যদি হয় ভয়াবহ বিভীষিকাময় এবং তা যদি হয় কারো কারো ঔদাসীন্যতা, দায়িত্বহীনতা, কান্ডজ্ঞানহীনতা ও হতদরিদ্র শ্রমজীবী মানুষের চাইতে নিজের অধিক স্বার্থ রক্ষায় তবে তা সত্যিই মেনে নেয়া কষ্টকর। আমাদের চারপাশে এতো অনিয়ম যা আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে। এ জাতিকে নিয়ে যাচ্ছে কঠিন অন্ধকারের দিকে এবং কিছু ভুলের কারণে মুহূর্তের মধ্যে কেড়ে নিচ্ছে শত-শত শ্রমজীবী মানুষের তাজা প্রাণ। যাকে আমরা অনেক সময় দুঘর্টনা ও নিয়তি বলে চালিয়ে দিচ্ছি। কিন্তু আমরা কি এসবের জন্য উল্লেখযোগ্য কোন প্রতিকারমূলক ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করতে পেরেছি? পূর্বের এ ধরনের কোন ঘটনা থেকে আমরা কি কোন শিক্ষা গ্রহণ করতে পেরেছি? আমরা কি শ্রমিকদের জন্য শ্রমবান্ধব কাজের পরিবেশ, শ্রম আইনের নিরীক্ষে একটি শক্তিশালী ট্রেড ইউনিয়ন, কারখানার প্রতিরক্ষা ও শ্রমিকদের জন্য নিরাপত্তামূলক সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পেরেছি? পারিনি, পেরেছি শুধু অবৈধ কাজকে বৈধতা দানের জন্য অর্থ দিয়ে উপরওয়ালাদের ম্যানেজ করতে। প্রতিনিয়ত এই ম্যানেজ পদ্ধতি আমাদের দেশ, জাতি ও দেশের অর্থনীতিকে কঠিন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যা এ দেশ ও জাতিকে করছে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ। দেশের অর্থনীতিকে করছে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন। আশা করবো আর যেন কারো চরম উদাসীনতায় এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। কেননা একটি ধ্বংসস্তূপ ভবনের নিচে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করতে যেখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, সাধারণ শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সকল ধরনের সহযোগিতায় গত ছয়দিনেও লোকদেরকে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি, সেখানে যদি ভূমিকম্প বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগে এক সঙ্গে বেশকিছু ভবন ধসের মতো ঘটনা ঘটে তবে যে সেখান থেকে কেউ রক্ষা পাবে না তা সহজেই অনুমান করে বলা যায়। তাই এই ধরনের যেকোন দুর্যোগ ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় সবাইকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদিও গত ছয়দিনে উদ্ধারকর্মীদের উদ্ধার তত্পরতায় এবং তাদের অকান্ত পরিশ্রমে অন্তত বেশিসংখ্যক লোককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের উদ্ধার কার্যক্রম এখন অব্যাহত আছে। এই উদ্ধার কার্যে সাধারণ জনগণের মনে যে মানবপ্রীতির উদার দৃশ্য পরিলক্ষিত হয়েছে তা আমাদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। কিন্তু বার বার শ্রমিকদের প্রতি মালিকদের চরম অবহেলা ও উদাসীনতা, গার্মেন্টস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভবন ধসের মতো ঘটনায় প্রায়শ শত শত শ্রমিকের জীবন মুহূর্তে বিলীন এই খাতটাকে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু প্রতিকারে সংশ্লিষ্টরা কি এখন পর্যন্ত প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে? যদিও এ ধরনের হতাহতের ঘটনায় প্রতিনিয়ত দেশের অর্থনীতিকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলছে। কিন্তু এর বিপরীতে এখন পর্যন্ত আমরা এইসব অপরাধীদের যথাযথ শাস্তি এদেশে নিশ্চিত করতে সক্ষম হইনি। উপরওয়ালাদের অর্থের যোগানদার এইসব অপরাধীরা তাদেরই কৃপায়, অলৌকিক ইশায়ায়, তাদেরই সহযোগিতায় আবার কখন কখন অর্থের জোরে তারা সব সময় থাকেছে আইনের ঊর্ধ্বে যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় বলে মনে করি। উপরওয়ালাদের কাছে প্রশ্ন ঘাতক ঐসব মালিকরা কি পারবে মৃত শ্রমিকদের জীবিত অবস্থায় তাদের নিজ নিজ স্বজনের কাছে ফিরিয়ে দিতে? তবে কোন অপরাধীদের জন্য আপনাদের এতো সহযোগিতা ও সহমর্মিতা।
মালিকপক্ষ ও এই শিল্পের সংশ্লিষ্টদের কাছে আমাদের প্রশ্ন? এদেশে আর কত হতদরিদ্র শ্রমজীবী মানুষগুলোকে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হতে হবে। পরিবারের মুখে দুবেলা দু’মুঠো ভাতের যোগানের আশায় যত্সামান্য বেতন-ভাতার বিপরীতে মালিক ও কর্মকর্তাদের দ্বারা কর্মক্ষেত্রে নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হবে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট শ্রমিক নেতা-নেত্রীদের মালিকবাহিনীর পালিত ক্যাডার দ্বারা হত্যা করা হবে ও দুর্ঘটনার নামে শত-শত শ্রমজীবী মানুষগুলোকে পুড়ে অথবা ভবন চাপায় ফেলে মারা হবে বা তাদের রক্তে কারখানা লাল করা হবে। আর কত মা’র বুক খালি হলে মালিক নামের ঐসব অর্থলোভী দানবের ভিতরে হতদরিদ্র মানুষগুলোর জন্য সঠিক মনুষ্যত্ববোধ, বিবেকবোধ ও সঠিক দায়িত্ববোধ জাগ্রত হবে। আমরা চাই প্রতিটি কারখানায় শ্রমজীবী মানুষের দাবি এবং কর্মক্ষেত্রে তাদের সার্বিক নিরাপত্তা সর্বোপরি ‘লেবার ল’ নিশ্চিত হোক। মালিকপক্ষ বা কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন উদাসীনতার কারণে আর যেন কোন শ্রমিককে প্রাণ দিতে না হয়। কারখানার অবকাঠামোগত ত্রুটি, শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আর যেন কাউকে এমন মৃত্যুর মুখে পতিত হতে না হয়। সে ব্যবস্থা বাস্তবায়নে সরকার, বিজিএমইএ ও মালিকপক্ষ উভয়কে আরো অধিক সচেষ্ট হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ‘লেবার ল’ এর আলোকে শক্তিশালী দক্ষ ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। যেকোন কারখানা পরিচালনার আগে তা পরিবেশবান্ধব কিনা, শ্রমজীবী মানুষের জন্য উপযুক্ত কাজের পরিবেশ এবং যে কোন ধরনের বিপদ থেকে রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও তার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা বিষয়গুলো ভালভাবে পর্যবেক্ষণ করে কারখানা পরিচালনার দায়িত্ব দিতে হবে। এক্ষেত্রে উক্ত কাজে দায়িত্ব পালনকারীদেরকে অবৈধ অর্থ অর্জনের মোহ ভুলে দায়িত্ব পালনে অধিক সচেষ্ট ও আদর্শবান ও দুর্নীতিমুক্ত হতে হবে। তাদের মনে রাখতে হবে তাদের একটি ভুল সিদ্ধান্তে কোন প্রতিষ্ঠান অনুমোদন পেলে সেই প্রতিষ্ঠান যেকোন সময় কেড়ে নিতে পারে শত শত মানুষের প্রাণ। সকলকে কাজের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিহত করতে হবে। দেশ তথা দেশের জনগণের স্বার্থে নীতিগত ও আদর্শগত দিক থেকে সকলকে সত্ হতে হবে এবং হালাল রুজির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মূলত দেশের স্বার্থে, গার্মেন্টস কারখানার লাখ লাখ শ্রমজীবী হতদরিদ্র মানুষগুলোর পরিবারের স্বার্থে যেকোন উপায়ে এই পোশাক শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই শিল্পকে ঘিরে কোন প্রকার ষড়যন্ত্র হলে সকলে মিলে তা রুখতে হবে। বহির্বিশ্বে এই শিল্পকে ঘিরে বর্তমানে যে গুঞ্জন চলছে তা যথাযথ দক্ষতা ও বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে হবে। সর্বোপরি মনে রাখতে হবে বিশ্বমন্দার সময় সম্ভাবনাময়ী এই পোশাক শিল্পটি আমাদের দেশের অর্থনীতিকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে এবং প্রবৃদ্ধি আনায়নে যে বিশেষ ভূমিকা পালন করেছে তা যেন কিছু ভুলের কারণে বিনষ্ট না হয়। সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাকে এখন সকলের মূল কাজ মনে করছি। আশাকরি এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই একযোগে উক্ত সমস্যাগুলো সমাধানে অধিক সচেষ্ট হবেন। এক্ষেত্রে শুধু প্রয়োজন সংশ্লিষ্টদের সদিচ্ছা। আজ সাভার ট্র্যাজেডিতে দেশবাসীর মনে যে দুঃসহ বেদনা ও ক্ষতের সৃষ্টি হয়েছে এই ক্ষত উপশমে সকল প্রকার ভেদাভেদ ভুলে অনাঙ্ক্ষিত সব কিছু বর্জন করে দলমত নির্বিশেষে সকলকে আর্তমানবতা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গলে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সকলের সদিচ্ছা এখন অধিক জরুরি।
লেখক :লাইব্রেরিয়ান
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)
[email protected]
