এমনিতে নিছক একটি লিগ ম্যাচ। এর মধ্যেই শিরোপা ভাগ্যের নিষ্পত্তি ঘটেছে। রেকর্ড গড়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। দু’দলের মধ্যে পয়েন্ট টেবিলে ২০ পয়েন্টের ব্যবধান। তাই এক অর্থে গুরুত্বহীন ম্যাচ। তবে, আগামী ২৫ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দল দু’টিই। তাই সব ছাপিয়ে মুখ্য হয়ে উঠছে ওই ফাইনাল। আর সমতাতেই শেষ হল ফাইনালের ড্রেস রিহার্সেল। সিগনাল ইডুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করে দশজনের বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
প্রথমার্ধে বরুশিয়ার কেভিন গ্রসক্রুয়েজ ও বায়ার্নের মারিও গোমেজ নিজেদের দলের জন্য একটি করে গোল নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য জয়ের সহজ সুযোগ পেয়েছিল বরুশিয়া। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের নায়ক রবার্ট লেবানডস্কির নেয়া পেনাল্টি কিক রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
বরুশিয়া দলে মোট পাঁচটি পরিবর্তন আনেন কোচ জার্গেন ক্লপ। এদের মধ্যে ছিলেন মার্কো রিউস ও ম্যাটস হিউমেলস। অন্যদিকে বায়ার্নে খেলেননি মূল দলের মোট ১২ জন।
ম্যাচের ১১ মিনিটে নিজেদের মাঠে এগিয়ে যায় বরুশিয়া। বাম প্রান্ত থেকে জ্যাকব ব্ল্যাজিকস্কির নেয়া ক্রসে দারুণ এক ভলি করে দলকে এগিয়ে নেন কেভিন গ্রসক্রুয়েজ। এর এক মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেতে পারতো স্বাগতিকরা। ডি বক্সের ভিতর জেরোমি বোয়েটাং বরুশিয়ার ইকে গুনডোগ্যানকে ফেলে দিলেও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি।
এরপর আর মাত্র ১১ মিনিট লিড ধরে রাখতে পারে শেষ ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ পাওয়া বরুশিয়া। ব্রজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল রাফিনহার ক্রস থেকে হেড করে দলকে সমতায় ফেরান জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ।
১-১ গোলে সমতায় থেকেই ম্যাচ দ্বিতীয়ার্ধে গড়ায়। ৬২ ও ৬৪ মিনিটে দুটি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন ডিফেন্ডার রাফিনহা। এরপর স্বাগতিকরা জার্মান চ্যাম্পিয়নদের চেপে ধরলেও আর গোলের দেখা পাননি। বরং, ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি।
ম্যাচ শেষে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলেন, ‘যেখানেই ম্যাচ হোক না কেন বায়ার্ন আর বরুশিয়ার ম্যাচ কখনওই আর বন্ধুত্বপূর্ণ থাকে না।’
স্কাই স্পোর্টসকে ২৭ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘এটা সব সময়ই চোখ রাঙানির ম্যাচ। আর আমাদের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই দশজন নিয়ে খেলতে হয়েছে। আর তাই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিনই ছিল বলা যায়।’
অন্যদিকে দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন কোচ ইয়াপ হেইঙ্কেস, ‘এটা আমাদের জন্য প্রচণ্ড চাপের এক ম্যাচ ছিল। দশ জনের দল নিয়ে খেলোয়াড়রা যে পারফর্ম করেছে তাতে প্রশংসা তাদের দিতেই হবে। এক পয়েন্ট আমাদের প্রাপ্যই ছিল।’
অন্যদিকে বরুশিয়ার কোচ জার্গেন ক্লপ মুখ্য করে দেখছেন ম্যাচের উত্তাপকে। তিনি বলেন, ‘এমন লড়াই যে হবে সেটা জানাই ছিল। শেষ পর্যন্ত এই ম্যাচটিও আর বন্ধুত্বপূর্ণ ছিল না। আর এই ম্যাচটা দু’দলের জন্যই বেশ কঠিন ছিল। তাই অনেকটা যুদ্ধের মধ্য দিয়েই শেষ হয়েছে খেলা।’
এখন অপেক্ষা ২৫ মে’র যুদ্ধের জন্য!
