আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে অনেকেই তাকে ব্যাটসম্যান বলে চিনতেন। বাগেরহাটে লোকজন তাকে সেই ছোট্ট বেলায় চিনতো লিগ ম্যাচে বড় বড় ছক্কা মারার জন্য। বিশ্বাস করুন আর নাই করুন—বিকেএসপিতে তিনি ব্যাটসম্যান হিসেবেই ভর্তি হয়েছিলেন। এমনকি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও বাংলাদেশ বিমানের হয়ে ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। বিশ্বাস করুন, এই ব্যাটসম্যানটির নাম আব্দুর রাজ্জাক!
একেবারেই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে খ্যাতি পেয়ে যাওয়ায় তার ব্যাটসম্যান পরিচয়টা হারিয়েই গিয়েছিল। রাজ্জাক প্রায়ই মজা করে ব্যাটিংয়ের গল্প বলতেন; তা লোকে বিশ্বাস করতো বলে মনে হয় না। তবে এখন থেকে আর বিশ্বাস না করে উপায় নেই। এখন আপনাকে মানতেই হবে রাজ্জাক একজন ব্যাটসম্যানও বটে! কারণ, এই মুহূর্তে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্রুততম ফিফটির মালিক তিনি!
মোহাম্মদ আশরাফুলের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২১ বলেই ফিফটি করলেন রাজ্জাক। আশরাফুল নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সেই ৯৪ রানের ইনিংস খেলার পথে দেশের দ্রুততম ২১ বলের ফিফটি করেছিলেন। রাজ্জাক কাল তাকে স্পর্শ করলেন। বলের বিবেচনায় রাজ্জাকের এই ফিফটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই পঞ্চম দ্রুততম; অবশ্য কাজটা অনেকেই করেছেন। এখন পর্যন্ত ১৭ বলে ফিফটি করে এই রেকর্ডের মালিক হয়ে আছেন সনাথ জয়সুরিয়া। শহীদ আফ্রিদি ২ বার ১৮ বলে ফিফটি করেছেন; এ ছাড়া অস্ট্রেলিয়ার সাইম ও’ডনেল দীর্ঘদিন ১৮ বলের রেকর্ডের মালিক ছিলেন। ১৯ বলে ফিফটি আছে ৬ বার; এর মধ্যেও আফ্রিদি আছেন! আফ্রিদির ২০ বলেও ফিফটি আছে ২ বার! ২০ বলে ফিফটি আছে আরও তিন জনের। কাল রাজ্জাকেরটিসহ ২১ বলে ওয়ানডে ফিফটি আছে ৯টি; এখানেও আফ্রিদি আছেন! মানে, আফ্রিদি ২১ বা তার কম বলে ৬ বার ফিফটি করেছেন!
আফ্রিদির সে রেকর্ড তার কাছে; আমাদের রাজ্জাকের রেকর্ড আমাদের কাছে কম বড় নয়।
বাংলাদেশের সফলতম বোলার রাজ্জাক ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে আগেও টুকটাক রান করেননি, তা নয়। এই তো ২০১১ সালের সর্বশেষ জিম্বাবুয়ে সফরেই হেরে যাওয়া টেস্টে ১৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু বলার অপেক্ষা রাখে না; শেষ হয়ে যাওয়া সে ম্যাচে ‘ব্যাটসম্যান’ রাজ্জাকের ওপর চাওয়া-পাওয়ার কোনো চাপ তখন ছিল না। এ ছাড়া ওয়ানডেতে ইনিংসের শেষ দিকে দলের চাহিদা মেটাতে ছোটখাটো ক্যামিও মাঝে মাঝেই খেলেছেন।
কিন্তু কাল রাজ্জাক যে ইনিংস খেললেন; তা তুলনাহীন। যখন উইকেটে এলেন; ততোক্ষণে বাংলাদেশ পড়ে গেছে ব্যাটিং ধস ও ধীর রানরেটের এক চক্রের মধ্যে। রাজ্জাক উইকেটে এলেন ১৮৫ রানে ৭ উইকেট পতনের পর; তখন খেলা বাকি মাত্র ৬.১ ওভার। এ সময়ে বাংলাদেশের ২০০ রান পার করাই প্রধান স্বপ্ন।
এই স্বপ্নটাকে বড় করে আড়াইশ পার করিয়ে দিলেন রাজ্জাক একাই! উইকেটে নেমে ২১টি বল খেললেন; তাতেই গুনে গুনে ৫৩ রান এলো। বলাই বাহুল্য, এটি বাংলাদেশের ইতিহাসের দ্রুততম ফিফটি। রাজ্জাকের তাণ্ডবে শেষ ৬ ওভারে ৬৭ রান পেল বাংলাদেশ। এর মধ্যে ৪৬তম ওভারে ১৭, ৪৯তম ওভারে ১২ এবং শেষ ওভারে আবার ১৭ রান তুলে নিলো বাংলাদেশ।
রাজ্জাক কী করলেন? প্রথমে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে এবং পরে শেষ দুই ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে টেনে তুললেন চূড়ায়। অষ্টম উইকেটে ২.৪ ওভারে ২৮, নবম উইকেটে ১.৫ ওভারে ১১ এবং অসমাপ্ত দশম উইকেটে ১.৪ ওভারে ২৮ রান যোগ হল। তিনটি জুটিতে রাজ্জাকের অবদান যথাক্রমে ১৯, ৭ ও ২৭!
রাজ্জাকের বেধড়ক পিটুনির শিকার হয়েছেন ওই সময়ে বল করতে আসা চার বোলারই। এর মধ্যে দুই পেসার জার্ভিস ও সিংগি মাসাকাদজা বেশি আক্রমণের শিকার হয়েছেন। জার্ভিসের ৯ বলে ২১ রান ও সিংগির ৮ বলে ২২ রান নিয়েছেন রাজ্জাক।
শেষ পর্যন্ত মাঠ ছেড়ে যখন বেরিয়ে আসছেন রাজ্জাকের নামের পাশে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি—৫৩ রান, ২২ বল, ৪টি চার ও ৫টি ছয়!
এখন রাজ্জাককে অবশ্যই ব্যাটসম্যান বলতে হবে।
