ড্যারেন স্যামির নেতৃত্ব নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা ছিল। দল মোটামুটি ভালো পারফরম্যান্স করলেও এই বোলিং অলরাউন্ডার নিজে তেমন পারফরম করতে পারছিলেন না। অবশেষে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। তার বদলে নতুন অধিনায়ক ডোয়াইন ব্রাভোর অধীনে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির জন্য গতকাল শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডব্লুআইসিবি।
ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি; তিন ধরনের ক্রিকেটেই গত বেশ কিছুদিন ধরে দলকে নেতৃত্ব দেয়া স্যামিকে পদচ্যুত করার ব্যাপারে নির্বাচক কমিটির প্রধান ক্লাইড বাটস বলেন,‘টেস্ট এবং টি-টোয়েন্টিতে আমাদের পারফরম্যান্সে আশাব্যঞ্জক এবং আমরা ধীরে ধীরে আরো উন্নতি করছি। দলটিকে নেতৃত্ব দেয়া এবং এই অবস্থায় আনতে (ড্যারেন) স্যামির যে অবদান তাকে খাটো করে দেখার অবকাশ নেই। তবে ওয়ানডেতে আমাদের ফলাফল ততটা ভাল নয় যতটা হওয়া উচিত। তাই আমাদের বিশ্বাস (ওয়ানডেতে) নতুন নেতৃত্ব আসার এটাই সময়।’
নেতৃত্বের অভিজ্ঞতা নতুন নয় ব্রাভোর জন্য। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তার নেতৃত্বেই প্রতিপক্ষকে ধবল ধোলাই করে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ সালে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর এ পর্যন্ত তিনি খেলেছেন ১৩৭টি ম্যাচ। ব্যাট হাতে ২,৩১১ রান করার পাশাপাশি এই অলরাউন্ডার বল হাতেও দখল করেছেন ১৬০টি উইকেট। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের হাতে নেতার দায়িত্ব তুলে দেয়ার কারণ হিসাবে বাটস বলেন, ‘ডোয়াইন ব্রাভো একজন অভিজ্ঞ, পরীক্ষিত এবং সিনিয়র খেলোয়াড়। সে ইতোমধ্যেই তার নেতৃত্বের গুণাবলী দেখিয়েছে।’
দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত ব্রাভো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক নির্বাচিত হওয়া আমার জীবনের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় এই ভূমিকায় অধিষ্ঠিত হতে পেরে আমি আসলেই সম্মানিত বোধ করছি।’
নতুন অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে স্যামি বলেন, ‘ডোয়াইন ব্রাভোকে অভিনন্দন। দলের অধিনায়ক হিসাবে তার প্রতি আমার দায়বদ্ধতার বিষয়ে সে নিশ্চিত থাকতে পারে। ওয়ানডের সেরা হওয়ার যে লক্ষ্য আমাদের রয়েছে, আশা করি তার (ব্রাভো) নেতৃত্বে সেখানে আমরা পৌঁছাতে পারবো।’
ওয়েস্ট ইন্ডিজ দল
ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, ক্রিস গেইল, জ্যাসন হোল্ডার, সুনিল নারিন, কাইরন পোলার্ড, রবি রামপাল, কেমার রোচ, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান এবং ডেভন স্মিথ।
