সমস্যা শুধু কারখানা পরিদর্শকের নহে

আপডেট : ০৫ মে ২০১৩, ২২:২৩
বাংলাদেশে বিদ্যমান কারখানার তুলনায় কারখানা পরিদর্শকের সংখ্যা যে খুবই অপ্রতুল তাহা কোনো নূতন কথা নহে। সমস্যাটি দীর্ঘদিনের এবং নীতিনির্ধারক মহলসহ সংশ্লিষ্ট সকলেই তাহা অবহিত আছেন। সচরাচর বিষয়টি লইয়া কেহই খুব একটা মাথা ঘামান বলিয়া মনে হয় না। তবে সাভারে স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়ের পর সমস্যাটি আবারো জোরালোভাবে সামনে চলিয়া আসিয়াছে। পোশাক শিল্পে ভবনধস ও অগ্নিকাণ্ডসহ একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার প্রেক্ষাপটে ইতঃপূর্বে অভ্যন্তরীণভাবেও বিষয়টি উত্থাপিত হইয়াছিল। কিন্তু যথারীতি তাহা উপেক্ষিত হইয়াছে। এইবার আন্তর্জাতিক পরিসরেও সমস্যাটি উত্থাপিত হইয়াছে অত্যন্ত গুরুত্বের সাথে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তা পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে দ্রুত ও জরুরিভিত্তিতে কয়েকশত কারখানা পরিদর্শক নিয়োগের আহ্বান জানাইয়াছেন বাংলাদেশ সরকারের প্রতি। ব্রিটিশ দৈনিক ইণ্ডিপেণ্ডেন্টকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি খোলাখুলিই বলিয়াছেন যে, বাংলাদেশের দুর্যোগপ্রবণ পোশাক খাতের জন্য বর্তমানে মাত্র ৫৫ জন পরিদর্শক নিয়োজিত আছেন—যাহা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাহার মতে, পোশাক কারখানায় উপর্যুপরি যে বিপর্যয় ঘটিয়া চলিয়াছে তাহা এড়াইতে যেই দুইটি পদক্ষেপ নেওয়া জরুরি তাহার একটি হইতেছে কারখানার নিরাপত্তা তদারকিতে পরিদর্শক নিয়োগ। গত বৃহস্পতিবার সিএনএন টেলিভিশন চ্যানেলকে প্রদত্ত এক সাক্ষাত্কারে খোদ প্রধানমন্ত্রীকেও এই প্রশ্নের মুখোমুখি হইতে হইয়াছে। অতএব, আন্তর্জাতিকভাবেও সমস্যাটিকে কতোখানি গুরুত্ব দেওয়া হইতেছে তাহা সহজেই অনুমেয়। বস্তুত গত কয়েক দশকে শুধু পোশাক শিল্প খাতেই হাজার হাজার কারখানা গড়িয়া উঠিয়াছে সারা দেশে। সেই সাথে অন্যান্য খাতের ছোট-বড়ো কারখানা মিলাইয়া সংখ্যাটি এখন যথেষ্ট বড়ো। সেই অনুপাতে কারখানা পরিদর্শকের সংখ্যা যে একেবারেই নগণ্য তাহা অস্বীকার করিবার উপায় নাই। সম্ভাব্য যেকোনো বিপর্যয় রোধ করিতে হইলে কারখানাগুলি অবশ্যই নিয়মিত পরিদর্শন করা উচিত। দেখা উচিত যে, সরকারের নির্ধারিত সকল নিয়মনীতি মানিয়া কারখানাগুলি পরিচালিত হইতেছে কিনা। সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশের উপর। নিয়মিত এইসব কাজ সম্পাদন করিতে হইলে যে অবশ্যই প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক নিয়োগ দেওয়া উচিত-তাহা লইয়া দ্বিমত প্রকাশের কোনো অবকাশ নাই। তবে ইহার জন্য যে বাড়তি অর্থের প্রয়োজন সরকারের পক্ষে তাহা জোগান দেওয়া সম্ভব কিনা সেই প্রশ্ন তো আছেই। সর্বাপেক্ষা বড়ো প্রশ্নটি হইল, কয়েকশত পরিদর্শক নিয়োগ দেওয়া হইলেই যে বিপর্যয় বন্ধ হইবে সেই নিশ্চয়তাই বা কোথায়? সরিষার মধ্যেই যদি ভূত থাকে সেই ভূত তাড়াইবে কে? আর আমাদের দেশে সেই ভূতের দাপট যে কতো প্রবল তাহা ভুক্তভোগী মাত্রই জানেন। এইখানে স্বাভাবিকভাবে যে কোনো কাজই হয় না তাহা যেমন সত্য, তেমনি অসাধু পন্থায় রাতকেও যে দিন করা যায় তাহাও সর্বজনবিদিত। সিএনএনকে প্রদত্ত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করিয়াছেন যে, আমাদের ‘পোশাক শিল্প সমস্যায় জর্জরিত’। অন্যান্য শিল্পের চিত্রও যে ভিন্ন নহে তাহা না বলিলেও চলে। অপ্রিয় হইলেও সত্য যে, এই সমস্যার মূল নিহিত রহিয়াছে আমাদের দায়িত্বহীন ও বুলিসর্বস্ব রাজনীতিতে। জনগণের ভোটে নির্বাচিত হইয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাহারা পান তাহারা কাজে নয়, কথায় বিশ্বাসী। জনতুষ্টিমূলক কথা বলিয়াই তাহারা মেয়াদকাল পার করিয়া দেন, অন্যদিকে জমিতে থাকে সমস্যার পাহাড়। আরও উদ্বেগের বিষয় হইল, ক্ষমতাবানরা নিজেরাই যেইখানে আইন-কানুনের তোয়াক্কা করেন না, সেইখানে অন্যদেরকে সামলাইবেন কিভাবে? ফলে সাধারণ মুদি দোকানি হইতে শুরু করিয়া শিল্পকারখানার মালিক পর্যন্ত সকলেই অবলীলায় নিয়মনীতি ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখাইয়া থাকেন। প্রশাসনের কেরানি কিংবা বড় কর্তারাও ইহার ব্যতিক্রম নহেন। উন্নয়নশীল দেশসমূহ—বিশেষ করিয়া এই উপমহাদেশের সর্বত্রই চিত্রটি কমবেশি অভিন্নই বলা চলে। অতএব, শুধু কারখানা পরিদর্শকের সংখ্যা বাড়াইলেই চলিবে না, সেই সাথে সংশ্লিষ্ট দেশসমূহের শাসকদের মন-মানসিকতার পরিবর্তনও জরুরি হইয়া পড়িয়াছে।