ক্ষমতা চিরস্থায়ী নহে

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:০৬
বিশ্ব জুড়িয়াই যে অসহিষ্ণুতা ও স্বেচ্ছাচারিতার মাত্রা ক্রমাগত বাড়িয়া চলিয়াছে তাহা কোনো নূতন কথা নহে। অথচ গণতন্ত্রের মর্মবাণী যে শান্তি, সহিষ্ণুতা ও সমঝোতা তাহা সকলেই জানেন। মুখে তাহা বলিয়াও থাকেন প্রায়শ। কিন্তু বাস্তবে তাহার চর্চা নাই বলিলেই চলে। সহজে ও শান্তিপূর্ণভাবে যাহা সমাধানযোগ্য—সেইসব ক্ষেত্রেও নির্বিচারে জোরজবরদস্তি ও বলপ্রয়োগের ঘটনা ঘটিতেছে। ফলে শান্তির সম্ভাবনা তিরোহিত হইয়া যাইতেছে। অনিবার্য হইয়া উঠিতেছে সংঘাত। দেশকালনির্বিশেষে দশকের পর দশক ধরিয়া এই অবস্থা চলিয়া আসিলেও উন্নয়নশীল দেশগুলির অবস্থাই যে সর্বাপেক্ষা শোচনীয় তাহা বলার অপেক্ষা রাখে না। মূলত স্বাধীনতা ও গণতন্ত্রের অঙ্গীকারকে সামনে রাখিয়াই তাহারা ঔপনিবেশিক শৃঙ্খল হইতে মুক্তিলাভ করিলেও এইসব দেশের জনগণের ভাগ্যে সেই অঙ্গীকার আজো সোনার হরিণই থাকিয়া গিয়াছে। বহু দেশে দৃশ্যত গণতন্ত্র থাকিলেও সংশ্লিষ্ট দেশের শাসকরা খুব কমই তাহার তোয়াক্কা করিয়া থাকেন। মানবাধিকার লঙ্ঘন, জোরজবরদস্তি—বিশেষ করিয়া ভিন্নমত পোষণকারীদের উপর দলনপীড়ন সেইখানে নৈমিত্তিক বিষয়। পদে পদে লঙ্ঘিত হয় তাহাদের অধিকার। এইসব দেশে শান্তিপূর্ণ সমাবেশের উপর হামলাও নূতন কোনো বিষয় নহে। কিন্তু রাষ্ট্র যখন নিরস্ত্র নাগরিকদের উপর সশস্ত্র পন্থায় বলপ্রয়োগ করে তখন বিচলিত না হইয়া উপায় থাকে না। এই ধরনের ঘটনা যেইখানেই ঘটুক এবং যাহারাই ঘটাক তাহা অবশ্যই অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলিয়া আমরা মনে করি। কারণ রাষ্ট্রের মূল দায়িত্বই হইল সর্বপ্রকার রাগ-অনুরাগের ঊর্ধ্বে উঠিয়া দলমতনির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা। অসহিষ্ণুতা কিংবা জোরজবরদস্তি শুধু যে গণতন্ত্রের মৌল চেতনার সাথেই অসঙ্গতিপূর্ণ তাহাই নহে, সমাজ ও রাষ্ট্রের ঐক্য ও সংহতির জন্যও ইহা অহিতকর। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু উন্নয়নশীল দেশে আজ যে ভয়াবহ আত্মঘাতী সংঘর্ষ মাথাচাড়া দিয়া উঠিয়াছে তাহার মূলে রহিয়াছে এই অসহিষ্ণুতা ও স্বেচ্ছাচারিতা। মনে রাখা আবশ্যক যে, সমাজে বা রাজনীতিতে যতো মতপার্থক্যই থাকুক না কেন, রাষ্ট্র সকলের। সংক্ষুব্ধ বা বিপদাপন্ন মানুষ প্রতিকারের আশায় রাষ্ট্রের শরণাপন্ন হয়। কিন্তু রাষ্ট্র নিজেই যখন আক্রমণকারী বা অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয় তখন প্রতিকারের পথও রুদ্ধ হইয়া যায়। এই অবস্থা যে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নহে—তাহা সহজেই অনুমেয়। অসহিষ্ণুতা বা জোরজবরদস্তির মাধ্যমে সাময়িক স্বস্তি লাভ করা গেলেও আখেরে ইহার ফল যে ভালো হয় না তাহার উদাহরণ ভূরি ভূরি। অসহিষ্ণুতার একমাত্র পরিণাম হইল সংঘাত ও হানাহানি। হিংসা কেবল হিংসার পথই প্রশস্ত করে। ইহা কোনো নূতন কথা নয় যে, প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া অবধারিত। পাশাপাশি, উন্নয়নশীল দেশগুলির দুর্বিনীত শাসকদের ইহাও মনে রাখা উচিত যে, ক্ষমতা চিরস্থায়ী নহে।