সেতু নির্মাণ ও অর্থ সংকট

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:০৬
সিলেট নগরীতে অবস্থিত কাজীর বাজার সেতু নির্মাণ প্রকল্পটি দীর্ঘ ৭ বত্সরেও শেষ হইতেছে না। এই খবরটি প্রকাশিত হইয়াছে ইত্তেফাকে। ২০০৫ সালে তত্কালীন চার দলীয় জোট সরকারের আমলে ঢাক-ঢোল পিটাইয়া এই সেতুটির কাজ শুরু হইলেও এখন কাজের ধারাবাহিকতা রক্ষা করা হইতেছে না। কারণ মধ্যখানে টানা তিনটি বত্সর কোন অর্থ বরাদ্দ করা হয় নাই। অবশেষে গত বত্সর ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে জনদাবির প্রেক্ষিতে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সেই অনুযায়ী সেতুর বিপরীতে নূতন করিয়া বরাদ্দ দেওয়া হয় ৫ কোটি টাকা। অতঃপর পুনরায় নূতন উদ্যমে কাজ শুরু হইলেও অল্পদিনেই সেতুটি আবার অর্থসংকটে নিপতিত হয়। সড়ক ও জনপথ বিভাগের সিলেটস্থ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বক্তব্য হইল, আপাতত ২০ কোটি টাকার সংস্থান হইলে আগামী অক্টোবর নাগাদ সেতুটি চালু করা সম্ভব হইবে। জানা যায়, চার লেন বিশিষ্ট ৩৬৬ মিটার দৈর্ঘ্য ও ১৯ মিটার প্রস্থ সেতুটির স্ট্রাকচারের ৭০ ভাগ কাজ সম্পন্ন হইয়াছে। এখন বাকি অ্যাপ্রোচের কাজ। প্রথমে ইহার জন্য ব্যয় ধরা হয় ৪৭ কোটি টাকা এবং ২০০৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু একসঙ্গে অর্থ বরাদ্দ না দেওয়ায় এবং সরকারের পরিবর্তনের কারণে প্রকল্পটি দীর্ঘসূত্রিতার কবলে পড়ে। এখন অ্যাপ্রোচ কাজ, ভূমি অধিগ্রহণ ও মধ্যের স্ল্যাব ঢালাই করিতে হইবে। ইহাতে মোট ১০৭ কোটি টাকা ব্যয় হইবে বলিয়া জানা যায়। আমাদের দেশে সেতু নির্মাণের ক্ষেত্রে এরকম জটিলতা সৃষ্টির ভূরি ভূরি দৃষ্টান্ত রহিয়াছে। প্রকৃতপক্ষে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে একটি ব্রিজ বা সেতুর গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেক সময় সম্পূর্ণ রাজনৈতিক কারণে সেতু নির্মাণে মাত্রাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়। বেশিরভাগ প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচনকে সম্মুখে রাখিয়া। এক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার প্রতি সচারচর নজর দেওয়া হয় না। এই ধরনের প্রকল্পে যে পরিমাণ অর্থ খরচ হওয়ার কথা, তাহার সামান্য ও নামকাওয়াস্তে অর্থ বরাদ্দ দিয়া কাজ শুরু করা হয় এবং ইহার মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ ও জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। যেহেতু উদ্দেশ্যের মধ্যে গলদ থাকে, তাই শেষপর্যন্ত সেতু নির্মাণে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়। ইংরেজিতে একটি প্রবাদবাক্য আছে তাহা হইল, কাট ইউর কোট একরডিং টু ইউর ক্লথ। অর্থাত্ আয় বুঝিয়া ব্যয় কর। ইহা ব্যক্তিজীবন হইতে শুরু করিয়া রাষ্ট্রীয় জীবন সর্বত্র প্রযোজ্য। কিন্তু উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশে এই তত্ত্ব মানিয়া রাজনীতিবিদরা রাজনীতি করিতে পারেন না। ভোটের কথা মাথায় রাখিয়া তাহারা এমন সব অঙ্গীকার করেন, যাহার বাস্তবায়ন খুবই কঠিন। ফলে শত শত রাস্তাঘাট ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হইলেও তাহা বাস্তবায়ন হয় না। আগের সরকার এই ধরনের এত প্রতিশ্রুতি দেয় ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে যে, পরের সরকার তাহা বাস্তবায়ন করিতে গেলে এক মেয়াদে আর সম্ভব হইবে না। এই কারণে নূতন সরকার তাহার সুবিধা অনুযায়ী ও ভোটের বিষয় বিবেচনা করিয়া নূতন তালিকার ভিত্তিতে অগ্রসর হয়। ইহাতে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতি ও অপচয় হয়। বলাবাহুল্য, উন্নয়নশীল দেশগুলি ইহার কারণেও কাঙ্ক্ষিত উন্নতি লাভ করিতে পারিতেছে না। অতএব, অর্থসংস্থান না করিয়া বা নিশ্চিত না হইয়া রাজনীতিবিদদের কথায় কথায় প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস ত্যাগ করিতে হইবে। জনগণকেও এই বাস্তবতা বুঝিবার চেষ্টা করিতে হইবে। তবেই উপরোক্ত বিড়ম্বনা ও ভোগান্তি হইতে আমরা পরিত্রাণ পাইতে পারি। গ্রামাঞ্চলে বিভিন্ন সাঁকো, ব্রিজ, কালভার্ট, সেতু ইত্যাদি লইয়া নানা অনিয়মের অভিযোগ তো আছেই, তদুপরি ব্রিজ সন্নিহিত রাস্তাঘাট পাকাকরণেও পরিলক্ষিত হয় চরম অবহেলা। আবার কেবল ব্রিজ নির্মাণ করিলেই চলিবে না, সময়ান্তরে ইহার প্রয়োজনীয় মেরামত বা সংস্কার কাজের জন্যও পর্যাপ্ত অর্থ বরাদ্দ করিতে হইবে।