টঙ্গীর স্টেশন রোডে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে এখনও পত পত করে উড়ছে একটি কালো পতাকা। মাঠের একাংশের চারপাশ বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। এখানেই আট বছর আগে ২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের গুলীতে লুটিয়ে পড়েছিলেন এ বিদ্যালয়েরই প্রধান শিক্ষক এবং গাজীপুর-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার। আজো ওই মাঠে শোকের কালো পতাকা উড়ে উড়ে যেন শ্রদ্ধা জানাচ্ছে তাঁর প্রতি।
শুধু ওই স্কুল নয়, আজো গাজীপুরের মানুষ ভুলতে পারেননি এ এলাকা হতে পরপর দুইবার নির্বাচিত হওয়া সাংসদ আহসানউল্লাহ মাস্টারের কথা। এখনও গাজীপুরের যে কোন রাজনৈতিক আলোচনায় প্রধান চরিত্র প্রয়াত আহসানউল্লাহ মাস্টার। শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের নেতাদের কাছেও তিনি ছিলেন বিশ্বস্ত একজন।
ফলে খুবই অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন দল-মতের ঊর্ধ্বে গণমানুষের নেতা। আওয়ামী লীগের রাজনীতি করলেও সব সময় তিনি দাঁড়াতেন সব মানুষের পাশে। সাহস দিতেন অসহায় কিংবা বিপদগ্রস্তদের। তার দরাজ গলায় শোনা যেত সম্ভাবনার কথা। দলীয় রাজনীতির সংকীর্ণতা স্পর্শ করতে পারেনি তাঁকে। ভয় বলে কিছু ছিল না তাঁর জীবনে। সম্ভবত এ কারণেই ঘাতক যখন তাঁদের লক্ষ্য করে মঞ্চের দিকে গুলি ছুঁড়ছিল তখনও তিনি ধমকের সুরে বলছিলেন, ‘কাকে গুলি করছিস তোরা’?
মৃত্যূর অল্প কিছুদিন আগে রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে শ্রমিক লীগের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন আহসানউল্লাহ মাস্টার। বিএনপি সরকার তখন ক্ষমতায়। ওই মিছিলে ছিলেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীও। হঠাত্ পুলিশ মিছিলে আক্রমণ করে। সম্ভবত পুলিশের লক্ষ্য ছিল সাবের হোসেন চৌধুরীর দিকেই। চারদিক থেকে পুলিশ লাঠিপেটা শুরু করে সাবের হোসেন চৌধুরীকে। তাঁকে রক্ষায় এগিয়ে যান আহসানউল্লাহ মাস্টার। সাবের হোসেন চৌধুরীকে জড়িয়ে ধরে রাস্তায় শুয়ে পড়েন তিনি। এরপর পুলিশের লাঠির সব আঘাত আহসানউল্লাহ মাস্টারের উপর। পুলিশের লাটিপেটায় মাথা ফেটে হাসপাতালে ভর্তি হতে হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেই হেসে উঠেন তিনি। তিনি বলেন, ‘সাবের ভাই নরম মানুষ। মার খেয়ে সহ্য করতে পারবেন না। তাই নিজের পিঠেই নেয়ার চেষ্টা করেছি। তবে পুলিশ একটু বাড়াবাড়ি রকমের পিটিয়েছে।’ বলেই ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে আবার স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উঠলেন। এই হলো আহসানউল্লাহ মাস্টার। তাঁর সঙ্গে আমার শেষ দেখা গাজীপুর পৌরসভা নির্বাচনে। মৃত্যুর কয়েকদিন আগে। পুলিশের মারে হাড়ে ব্যাপক ব্যথা হওয়ায় তার বিদেশে চেকআপ করতে যাওয়ার কথা ছিল। কিন্তু গাজীপুর পৌরসভা নির্বাচন থাকায় তিনি তার যাত্রার তারিখ পিছিয়ে দেন। পৌরসভার ভোটের দিন তার সঙ্গে দেখা হয় গাজীপুরের শহীদ স্মৃতি বিদ্যালয় কেন্দ্রে। জিজ্ঞেস করলাম চেকআপে না যাবার কারণ কি। হেসে বললেন, ‘মোজাম্মেল ভাইয়ের নির্বাচন শেষ না করে কেমনে যাই। বিরোধী পক্ষ তো জোর করে জেতার চেষ্টা করবে।’ শেষ পর্যন্ত ওই নির্বাচনে জিতেছিলেন আকম মোজাম্মেল হক। যিনি বর্তমানে গাজীপুরের আরেকটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সেই ছিল রাজনীতির এ নন্দিত নায়কের সঙ্গে শেষ দেখা। এর কয়দিন পরেই আসে ৭ মে। আমি তখন কাজ করি দৈনিক প্রথম আলোতে। সকালে অফিসে আসার পরই খবর পাই আহসানউল্লাহ মাস্টার গুলিবিদ্ধ। মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হচ্ছে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে। ছুটে যাই সেখানে। ডাক্তাররা একনজর দেখেই পাঠিয়ে দেন সম্মিলিত সামরিক হাসপাতালে। গাড়ীতে উঠানোর সময় এক নজর দেখলাম, নির্লিপ্ত নয়নে তাকিয়ে রয়েছেন। দেখেই মনে হচ্ছিল আর বোধ হয় ফিরবেন না তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সব শেষ হয়ে যায়। এরপরের ঘটনা সকলেরই জানা। জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনঃনির্ধারণের কারণে গাজীপুরের আসন সংখ্যা এখন চার থেকে বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। নতুন আসন বিন্যাসের চেয়ে গাজীপুরে এখন সবচেয়ে আলোচনার বিষয় প্রয়াত সাংসদ আহসানউল্লাহ মাস্টারের নির্বাচনী এলাকাটি ভেঙ্গে দুই ভাগ হয়েছে। বিপুলসংখ্যক ভোটারের কারণে একটি আসনকেই ভেঙ্গে দুটি আসন করা হয়েছে।
সন্ত্রাসীদের বুলেটে আট বছর আগে নিহত হলেও এখনও গাজীপুরের রাজনীতিতে তার প্রভাব ব্যাপক। নিহত আহসানউল্লাহ মাস্টারের জনপ্রিয়তার হিসেব ধরেই এখনও পুরো গাজীপুরের ভোটের হিসেব নিকেশ করা হয়। তাঁর বড় ছেলে জাহিদ আহসান রাসেল এখন বাবার প্রতিনিধিত্ব করছেন গাজীপুরের ভেঙ্গে যাওয়া আসনটিতে। বাবার কারণেই রাসেল এলাকায় সকলের কাছে প্রিয় মানুষ। তবে রাসেলের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁর বাবাই। মৃত বাবাই এখন যেন তাঁর প্রতিদ্বন্দ্বী। কারণ মানুষ চট করেই তুলনা করে বাবার সঙ্গে পুত্রের। এ এক কঠিন চ্যালেঞ্জ রাসেলের ভবিষ্যত্ রাজনীতির জন্য।
এমনকি গত বছরের শুরুতে রাসেলের বিয়ের অনুষ্ঠানে এক সঙ্গে খেতে বসেছিলাম তরুণ সাংসদ রাজশাহীর আবদুল ওয়াদুদ দারা, জুনায়েদ আহমেদ পলক, দুর্গাপুরের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, সাংবাদিক শিশির শীলসহ কয়েকজনের সঙ্গে। সেখানেও আলোচনার মূল নায়ক কিন্তু ছিলেন আহসানউল্লাহ মাস্টারই। বাবার রেখে যাওয়া রাজনীতি যে তরুণ রাসেলের জন্য বড় চ্যালেঞ্জ সেটাও বারবার আসছিল আলোচনায়। আহসানউল্লাহ মাস্টার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, সত্ ও ত্যাগী রাজনীতিবিদদের মানুষ এখনও হূদয় দিয়ে ভালবাসে, সম্মান করে। সাংসদের নানা খারাপ কাহিনী শুনতে শুনতে মানুষ যখন অভ্যস্ত, তখন আহসানউল্ল¬াহ মাস্টার ছিলেন তার ব্যতিক্রম। ঢাকাতো দূরের কথা টঙ্গীতেও একটি বাড়ী করে যেতে পারেননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত স্কুলের পাশে একটি ভাড়া বাড়ীতে থাকতেন তিনি। আজ গাজীপুরের প্রিয়জন আহসানউল্লাহ মাস্টারের নবম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। ঘাতকের বুলেট বুকে নিয়ে তিনি চলে গেছেন সমস্ত আলোচনা আর ধরাছোঁয়ার বাইরে। কিন্তু গত নয় বছরেও গাজীপুরের মানুষের কাছে তাঁর স্মৃতি এতটুকু ধূসর হয়নি। আজো তার প্রয়াণের দিনে গোটা গাজীপুরের মানুষ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবে। সন্ত্রাসীদের গুলীতে জীবন দিয়েও তিনি প্রমাণ করে গেছেন, মানুষকে ভালবাসলে তা বৃথা যায় না। মানুষের জন্য রাজনীতি করলে সে রাজনীতি শেষ হয় না। ঘাতক শুধু কেড়ে নিতে পারে একজন মানুষের জীবন, কিন্তু আর কিছুই নিতে পারে না।
লেখক :সাংবাদিক
