মনের মধ্যে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল বিষয়টি। ভাবাবেগ এতটাই প্রবল ছিল যে, মনকে কোনভাবেই শান্ত রাখতে পারছিলাম না। কাগজে, টেলিভিশনের নানান টক শোতে বলতে শুনি বাংলাদেশের উপার্জনের সবচেয়ে বড় খাত হল গার্মেন্টস শিল্প। এই কথাটি আমার কোনভাবেই কেন যেন বিশ্বাস হতে খুবই কষ্ট হতো। আজ ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান শুরু পোপ ফ্রান্সিস এর কথায় সব ধরনের সংশয় নিমিষেই উবে গেল। আমার ব্যক্তিগত ধারণা মতে বাংলাদেশের গার্মেন্টস খাত বিগত বছরগুলোতে তথাকথিত গার্মেন্টস মালিকদেরই শুধু উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আমার গার্মেন্টসকর্মী ভাই-বোনদের দুবেলা ডালভাত খেয়ে যদি বলি, বেশীরভাগ জনগণ এই শিল্পের উপর নির্ভরশীল তাতে আমার দ্বিমত আছে। আমার গার্মেন্টস ভাই- বোনেরা মাসে একদিন মাংস কিনে খাওয়ার ব্যবস্থা করে কিনা আমার সন্দেহ আছে। সেই সকালে ঘুম থেকে উঠে রান্না সেরে, সবকিছু গুছিয়ে বাটিতে খাবার নিয়ে তা আবার গামছা পেঁচিয়ে (যাতে খাবার ঠান্ডা না হয়) পায়ে হেঁটে রওনা হয় যার যার গন্তব্যের দিকে, তারপর সারাদিন কাজ আর কাজ, দুপুর গড়িয়ে এলে খাবারটা খেয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়া। দেরি করা যাবে না, মালিকদের শিপমেন্ট যথাসময়ে পাঠাতে না পারলে আবার বেতন নিয়ে ঝামেলা। এইভাবে সন্ধ্যা গড়িয়ে যখন রাত ৮/৯টা তখন আর শরীর চলে না, ফিরে যেতে ইচ্ছে করে নিজ পরিবারের কাছে, যারা তার জন্য অপেক্ষা করে আছে। এরপর স্ব-দলবলে হেঁটে বাড়ি যাওয়ার পালা। বাসায় পৌঁছে আবার রাতের খাবার জোগাড় করতে হবে, এরপর ঘুম। আবার কাকের ডাকে উঠে সেই সকালের মত গন্তব্যের দিকে যাওয়া—এই হল তাদের জীবনের প্রতিটি দিনের রুটিন। বিনিময়ে মাসে ওভারটইমসহ না হয় ৫/৭ হাজার টাকা। কোন একদিন শরীরটা একটু খারাপ হলে কোন ভাবেই রিকশা করে কর্মস্থলে যাওয়ার উপায় নেই, কারণ আজকের একটু আরাম মাসের শেষের দিকে ব্যারামে পরিণত হবে। আমার কথা হল, এত বড় একটা খাত, যেটা দেশের একটি চালিকাশক্তি, তার চাকার এই দুরবস্থা কেন? যেটা প্রতিনিয়ত নিয়মিতভাবে পাংচার হয়ে যাচ্ছে। কারও কি তাদের নিয়ে ভাববার সময় নেই। তাদের জীবনের কি কোন মূল্যই নেই। আমি বিবিসিতে এক মহিলা কাস্টমার এর মুখে বলতে শুনেছি, সাভার ঘটনার পর যে দেশের শ্রমিকের রক্তের বিনিময়ে যে পরিধেয় বস্ত্র তৈরি হয়, যার ন্যূনতম মজুরিও তারা সঠিকভাবে পায় না, যে শ্রমিকদের মূল্যায়ন মালিকরা করে না, সেই সব শ্রমিকের হাতে সেলানো কাপড় আমরা পরিধান করবো না। সম্মানীত পোপ ফ্র্যান্সিস তো এদের শ্রমদাস বলে নিজের মর্মাহত হওয়ার কথা সারা বিশ্ববাসীকে জানালেন। আর এই শিল্পের সাথে জড়িত মালিকরা আছেন নানান টকশোতে জুজুবুড়ির ভয় দেখাতে ব্যস্ত- এটা করলে এটা হবে, ওটা করলে সেটা হবে, এক ঘণ্টা বক্তব্য রাখার পর প্রাডো, বি.এমডব্লিউ, গাড়িতে নিজের গন্তব্যে চলে যাওয়া। উনি নিজেকে শ্রমিকের সাথে তুলনা করলেই সকল সমস্যা সমাধান হয়ে যায়। সৃষ্টিকর্তা আমাদেরতো মানুষ হিসেবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এইসব বৈষম্য তাদের চোখে পড়বে না কেন। এই শ্রমিক ভাই-বোনদের কি আল্লাহতালা পাঠিয়েছেন শুধু কাজ করার আর মালিক পক্ষকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠানোর জন্য? এটা কেউ ভাবছি না যে, এই শ্রমিক জোট মালিকদের প্রতিনিয়ত উপরের দিকে ধাক্কা দিতে দিতে ওরা নিজেরা নিচের দিকে দেবে যাচ্ছে, যেখানে সত্যি সত্যিই অক্সিজেনের বড়ই অভাব। এই কৃত্রিম স্প্রে করা অক্সিজেন দিয়ে এই বিরাট মানব সম্পদকে বেশীক্ষণ বাঁচিয়ে রাখা যাবে না। তাদের দরকার নির্মল সৃষ্টিকর্তার দেয়া অক্সিজেন। তাদেরও মন আছে, তাদেরও হাসতে ইচ্ছে করে। নিজের জন্য আর কত? নিজের পরিবারের জন্যইবা আর কত। সবাই মিলে একটু হাত বাড়িয়ে ওদের ন্যায্য মজুরি দিয়ে ওদের অক্সিজেনের ব্যবস্থা করে দিন। একটু নিজের বিবেকটা চালু করেন দেখবেন শাহিনাদের আর রড কেটে জ্যান্ত বের করে এনে আপনার হাতে মরতে হবে না, তাদের ন্যায্য মজুরি পেলে, তাদের জীবনের নিশ্চিত নিরাপত্তা পেলে সব শাহিনারা সমস্বরে বলে উঠবে-আমরা ভাল আছি, আমরা সবাই ভাল আছি।
লেখক :শিক্ষক, বি.বি.এ
আমেরিকান ইউনিভার্সিটি
অফ বাংলাদেশ।
