সরকারের চলতি মধ্যমেয়াদী পরিকল্পনার (২০১৩-১৭) অন্যতম লক্ষ্য হচ্ছে এ সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে ৮ শতাংশ ছাড়িয়ে যাওয়া তবে উচ্চতর প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা বিষয়ে সমপ্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে (২০১১-১২) অত্যন্ত যৌক্তিকভাবেই সতর্ক করে দেয়া হয়েছে যে, অবকাঠামোখাতে পর্যাপ্ত বিনিয়োগ করতে না পারলে উল্লিখিত প্রবৃদ্ধি অর্জন অনিশ্চিত হয়ে পড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের এ হুশিয়ারি ও পর্যবেক্ষণ শুধু সময়োপযোগীই নয়—রাষ্ট্রের বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত নীতিনির্ধারকদের এ ব্যাপারে আরো তত্পর হবার জন্য একটি প্রয়োজনীয় তাগাদাও বটে।
বাংলাদেশ ব্যাংকের ২০১১-১২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে, এ সময়ে দেশে অভ্যন্তরীণ বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির প্রায় ২৫.৯ শতাংশ, যা ২০১০-১১ অর্থবছরে ছিল ২৪.৭ শতাংশ। অর্থাত্ এ সময়ে বিনিয়োগ প্রবৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ। দেখা যাচ্ছে যে, দেশজ বিনিয়োগের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের তুলনায় ১.৫ শতাংশ পিছিয়ে আছে। অতএব এ ব্যাপারে কোন প্রকার বিশ্লেষণে যাবার আগেই একেবারে প্রাথমিক মন্তব্যের আগেই বলা যায় যে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উল্লিখিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে যেভাবেই হোক বিনিয়োগের ক্ষেত্রে প্রবৃদ্ধির হারকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে, যেমনটি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে অবকাঠামো উন্নয়ন খাতকে। এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বিদ্যুত্, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোকে।
শিল্প ও নির্মাণ খাতের দ্রুত বিকাশমানতা, কৃষিতে আধুনিক প্রযুক্তির সংশ্লেষ, জীবনযাত্রায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পাওয়া প্রভৃতি কারণে দেশে বিদ্যুতের চাহিদা ক্রমশঃই অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। কিন্তু লক্ষণীয় যে, গত ৩/৪ বছরে দেশে সরকারী ও বেসরকারী খাতে বিদ্যুত্ উত্পাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে তা এখনও পর্যাপ্ত নয়। তদুপরি পূর্ববতী প্রায় এক দশক জুড়ে বিদ্যুত্খাতে প্রায় কোন বিনিয়োগই না হওয়ায় এ সময়ে ঘাটতি পরিস্থিতি এতোটাই নাজুক হয়ে পড়েছিল যে, বর্তমান সরকারকে অনেকটা নিরুপায় হয়েই অতি উচ্চ মূল্যের বিদ্যুত্ উত্পাদনে (কুইক রেন্টাল) হাত দিতে হয়। কিন্তু টেকসই ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে এটি কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ অবস্থায় ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় যেমনি, তেমনি টেকসই বিতরণ ব্যবস্থার অংশ হিসেবেও প্রতিযোগিতামূক স্বল্পমূল্যে বিদ্যুত্ উত্পাদন কার্যক্রম হাতে নেয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সীমিত পরিসরে সরকারী বিনিয়োগের পাশাপাশি বৃহত্ পরিসরে বেসরকারী বিনিয়োগকেই অধিকতর উত্সাহিত করা প্রয়োজন এবং বেসরকারী বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে বিদেশী বিনিয়োগ। আর তা করার লক্ষ্যে বেসরকারী বিনিয়োগকারীদেরকে উত্সাহিত করার জন্য দীর্ঘমেয়াদী শুল্ক ও কর সুবিধাদানের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকরামূলক ব্যাংকঋণেরও ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এসব করতে যেয়ে মূল শর্ত থাকবে যে, বিদ্যুতের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে রাখতে হবে। কারণ বিদ্যুত্ ব্যয় বেড়ে গেলে তার প্রকারান্তরিক প্রভাব পড়বে অন্যান্য পণ্যের উত্পাদন মূল্যের উপর, যেটি বিশ্ববাজারের প্রতিযোগিতায় বাংলাদেশকে পিছিয়ে দেবে।
বিদ্যুত্খাতে বিনিয়োগ প্রসংগে আর একটি কথা বলা প্রয়োজন যে, তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানি সম্পদ আহরণের ক্ষেত্রে বর্তমানে যেসব বিদেশী বিনিয়োগ রয়েছে, বিভিন্ন সরকারের সময়ে সম্পাদিত এসব বিনিয়োগ চুক্তিতে বহু ক্ষেত্রেই দেশের স্বার্থ রক্ষা পায়নি বলে অভিযোগ রয়েছে, যেমন-কাফকো। কিন্তু পাশাপাশি আবার এটাও সত্য যে, উচ্চ মাত্রার প্রযুক্তির এসব শিল্পে বিদেশী বিনিয়োগ সম্পূর্ণভাবে পরিহার করাটাও আমাদের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় জ্বালানিখাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই মুহূর্তে অন্ততঃ তিনটি কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করা যেতে পারে ঃ ১) বিদেশী কোম্পানীর সাথে চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ পর্যায়ে সংরক্ষণের চেষ্টা করা; ২) বাপেক্সের মাধ্যমে স্থানীয় বিনিয়োগ (অর্থ ও মানব সম্পদ দুই-ই) বৃদ্ধি করা; এবং ৩) মিয়ানমারের সাথে বিরোধপূর্ণ সমুদ্রসীমা বাংলাদেশের বলে আন্তর্জাতিক সালিশ আদালত থেকে রায় পাওয়া গেছে, সেটির অধিকার গ্রহণ করতঃ সে অঞ্চলে তেলগ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয়া। বিষয়গুলো নিশ্চিত করতে পারলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে বিদ্যুত্, জ্বালানি ও পানিসম্পদ খাতের অবদান বর্তমানের ১.৭ শতাংশ থেকে প্রায় ৩ শতাংশে উন্নীত হতে পারবে বলে আশা করা যায়।
রাখলেই চলবে না—এ ক্ষেত্রে একটি বাস্তবধর্মী কর্ম-পরিকল্পনাও প্রণয়ন করতে হবে। প্রস্তাব করবো যে, বিষয়টির গুরুত্ব ও জরুরিতা উপলদ্ধি করে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, এ ক্ষেত্রে চলতি মধ্যমেয়াদী পরিকল্পনার আওতাতেই ‘অবকাঠামোখাতে বিনিয়োগ’ শীর্ষক একটি কৌশলপত্র প্রণয়নে উদ্যোগী হবে। উক্ত কৌশলপত্রে এ খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণের উপর অনুসন্ধান, স্থানীয় উদ্যোক্তদেরকে বিনিয়োগে উত্সাহিতকরণ, স্থানীয় বিয়োগকারীদের জন্য ব্যাংকঋণের সুযোগসমূহ চিহ্নিত করা ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তদুপরি এসব কর্মসূচির বাস্তবায়ন পরিধারণ ও সমন্বয়ের জন্য বিনিয়োগ সমন্বয়কারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদেরকে নিয়ে একটি সমন্বয় কমিটিও গঠন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ‘অবকাঠামোখাতে অর্থায়ন’ শীর্ষক একটি নীতিমালা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে কর্মরত স্থানীয় ও বিদেশী ব্যাংকগুলোর প্রত্যেকের কাছেই বর্তমানে বিনিয়োগযোগ্য অলস অর্থ রয়েছে, যা নির্দিষ্ট নীতিমালার আওতায় অবকাঠামোখাতে বিনিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে উত্সাহিত করা যেতে পারে। তদুপরি প্রবাসী বাংঙালিদেরকেও এ ক্ষেত্রে বিনিয়োগের জন্য উত্সাহিত করা যেতে পারে। আর প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সুযোগতো রয়েছেই। মোটকথা, বাংলাদেশ ব্যাংকের ২০১১-১২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে অবকাঠামোখাতে বিনিয়োগ বৃদ্ধির যে তাগিদ প্রদান করা হয়েছে, একটি সমন্বিত নীতিমালা ও কর্মকৌশলের আওতায় তা যেন বাস্তবে রূপ পায়, সেটিই প্রত্যাশা। আর তা করা সম্ভব হলে স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির চলমান তাণ্ডব মোকাবেলা করেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর ২০২১ সাল নাগাদ বাংলাদেশের পক্ষে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়া খুবই সম্ভব বলে মনে করি। তবে বলা প্রয়োজন যে, এ মধ্যম আয়ের দেশ হওয়ার বিষয়টি শুধুমাত্র জিডিপির হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা যেন দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমানের প্রকৃত স্তরোন্নয়নকেও নিশ্চিত করতে পারে—সে দিকটির প্রতিও খেয়াল রাখতে হবে।
লেখক :জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন
[email protected]
