শান্তিপূর্ণ নির্বাচন
যেভাবে সম্ভব
ক্ষমতা বদলের জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। আর সামনেই জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ ক্রমশ গরম হয়ে উঠছে। কিন্তু নির্বাচন নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। সময়মত কি নির্বাচন হবে? নাকি আবার সেই অশুভ সংকেত! যে যাই বলেন না কেন, সরকার পরিবর্তন করতে নির্বাচন করতে হবেই। মূল কথা হলো যে, নির্বাচন কি শান্তিপূর্ণভাবে হবে কি হবে না। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আমার কিছু ব্যক্তিগত মন্তব্য রয়েছে- ১. নির্বাচনকে ঘিরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে নির্বাচনী আমেজ বা পরিবেশ সৃষ্টি করতে হবে। ২. সব দলকে নির্বাচনে আসার জন্য সরকার ও নির্বাচন কমিশন দায়িত্ব নিতে হবে। ৩. কোন পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সরকারি এবং বিরোধী দলকে ঠিক করতে হবে। ৪. নির্বাচনের সময় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ৫. সংকটের কারণ দূর করার মধ্যেই নিহিত সংকট নিরসন করতে হবে। ৬. নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং শক্তিশালী করতে হবে। ৭. বর্তমানে ক্ষমতাসীন দলকে তাদের অনড় ও কঠোর অবস্থান থেকে সরে আসতে হবে। ৮. বিরোধী দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুবিধা দিতে হবে। ৯. উভয় দলকে রাজনৈতিক সংঘাত দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১০. রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে মূল্যায়ন করতে হবে।
মো. সফিউল আলম (টিপু)
বি.এস.এস, শেষবর্ষ
পল্লবী ডিগ্রি কলেজ, ঢাকা।
শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব
যদি চায় দুই নেত্রী
কোনো দলের নেত্রী হিসেবে নয়, কোনো হিংসা-প্রতিহিংসা নয়, রাজনীতিক কোন্দলও নয়— সব বিষয়ে দু’জন দু’জনকে দোষ না দিয়ে দেশের মানুষের কথা একটু ভাবুন প্লিজ। পাটার আর পুতার ঘষায় মরিচের অবস্থার মত, বাংলার মানুষ আজ আপনাদের দু’জনের পায়ের নিচে পিষ্ট হয়ে আছে। মানুষ কষ্টের কথা কইতেও পারে না, সইতেও পারে না, আপনাদের দু’দলের অত্যাচারে গণমানুষ আজ অতিষ্ঠ। মানুষের ধৈর্যের সীমা ছেড়ে গেছে। পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পারা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের স্বপ্ন এবং চাওয়া এরকম ছিল না। তা আপনারা দু’জনও খুব ভালো করে জানেন। তাই বলবো বঙ্গবন্ধু এবং মেজর জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ও ষোল কোটি মানুষের কল্যাণে শান্তিপূর্ণ নির্বাচনের চিন্তা করুন দু’জনে। আপনারা চাইলেই শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব। বাংলার হতদরিদ্র কষ্টের সাগরে ভাসা মানুষগুলোর কথা ভেবে সমঝোতায় আসুন। তাতে আপনাদের সম্মান একটুও কমবে না। বরং অনেক গুণ বাড়বে। মানুষ মরণশীল। যে কোন মুহূর্তেই আপনারা দু’জন পৃথিবীতে না থাকলেও বাংলার মানুষ সম্মানের সাথে আপনাদের স্মরণ করবে।
মো. শাহ্ জালাল স্বপন
বিএ অনার্স (তৃতীয় বর্ষ),
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।
বর্তমান রাজনীতি এবং আসন্ন নির্বাচন
পর্যালোচনা
নির্বাচন আসন্ন কিন্তু নির্বাচন কি হবে ? হলে কিভাবে হবে, সেটা কি গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই প্রশ্নটা বুদ্ধিজীবীসহ সকল শ্রেণীর মানুষের মধ্যে দেখা দিয়েছে। দেশে যে পরিমাণ লোক রাজনীতি করে, তার চেয়ে অনেক বেশি লোক রাজনীতি নিয়ে ভাবে। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, রাজনীতির প্রতি মানুষের অনেক কৌতূহলের জন্ম দিচ্ছে। রাজনীতি দিন দিন এতটা ঘোলাটে হচ্ছে, এর শেষপ্রান্ত কোথায় সেটা কেউ বঝতে পারবে না। রাজনৈতিক পরিস্থিতি এমন একটা বিষয়, যা কোন দল বা নেতা এটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে প্রতিনিয়ত রাজনীতির রূপ বদলে যেত। রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায় না বলে আজ চার দল থেকে শুরু করে চৌদ্দ, আঠার দল সৃষ্টি হয়েছে। একবার খালেদা জিয়া এক পথসভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছিলেন,“সাপকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না”। এর উত্তরে বর্তমান প্রধানমন্ত্রী এক জনসভায় বলেছিলেন,“বিএনপির মাথায় বিষধর সাপের ঝাঁপি”। এ থেকে সহজে বুঝা যায় একদল অন্যদলের প্রতি চরম প্রতিহিংসার আগুনে জ্বলছে। প্রধান দু’দলের যে আক্রমণাত্মক কথা এগুলো রাজনীতিকে কোন দিকে ঠেলে দিচ্ছে তা কারো জানা নেই। এ থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন প্রত্যেকে নিজের দলকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ফলপ্রসূ সংলাপের ব্যবস্থা করা। তখন হয়ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে।
মো. এরশাদ আলী
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
২য় বর্ষ, কম্পিউটার সায়েন্স।
শান্তিপূর্ণ নির্বাচন ভীষণ দুষ্কর এবং শ্বাপদসঙ্কুল
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি সর্বোত্তম পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতন্ত্র হলো চারণভূমি। নির্বাচন হলো ঐ চারণভূমিতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ নিরাপদ রাস্তা। ক্ষমতাসীন সরকার ও বিরোধীদলের মধ্যে নির্বাচন নিয়ে যে অযৌক্তিক বাকযুদ্ধ, রাজনৈতিক সন্ত্রাস, আগ্রাসী মনোভাব, অসহনশীলতা, অসহিষ্ণুতা, পাষণ্ডতা, নির্মমতা, বর্বরতা, ক্ষমতালিপ্সা, জঘন্যতা হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াওয়ের মত বৈরী নীতি পরিত্যাগ করেতে হবে। এর একমাত্র সমাধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একত্রে বসে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ হলে আগামী প্রজন্মের গণতন্ত্রের নির্বাচনী ফসল পাঁচ মিনিটে উত্তোলন করা সম্ভব।
মো. শফিকুল ইসলাম
এমএসএস (প্রিভিয়াস), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
