গ্যালাতাসারের রেকর্ড!

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:৫৯
১৯ তম লিগ শিপোজা জিতে রেকর্ড গড়লো তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। গত রবিবার সিভাসপোরকে ৪-২ গোলে হারিয়ে দলটি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বার লিগ শিরোপা জয় করলো। টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জিতল গ্যালাতাসারে। সফলতার সাথে মৌসুমটি শেষ করল দলটি। কারণ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা দারুণ নৈপুণ্য দেখিয়ে। গ্যালাতাসারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতাসম্পন্ন দুই তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা ও ওয়েসলি স্লেইডারের দৃষ্টিনন্দন খেলাও উপভোগ্য ছিল এবং শিরোপা জয়েও ভূমিকা রেখেছে তারা। শিরোপা জয়ের আনন্দে ক্লাবটির সমর্থকরা ইস্তাম্বুলের রাস্তায় উত্সব করেছে। গাড়ির হর্ন বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে এবং ক্লাবের লাল-হলুদ পতাকা নিয়ে কোরাসে গান করেছে তারা শহরের মোড়ে। ইস্তাম্বুলের দল ফেনারবাচ একই দিনে ২-০ গোলে হেরে যায় বুইয়োকশেহিরের সাথে। দ্বিতীয়স্থানে থাকা ফেনারবাচ দশ পয়েন্ট পেছনে পড়ে গ্যালাতাসারের চেয়ে। ফেনারবাচ সর্বোচ্চ ১৮টি লিগ শিরোপা জয় করেছিল। শিরোপা জয়ে ফেনারবাচকে পেছনে ফেলল গ্যালাতাসারে। কারণ রেকর্ড ১৯টি লিগ শিরোপার মালিক এখন তারা। গ্যালাতাসারের কোচ ফাতিহ তারিম তৃতীয় দফায় গ্যালাতাসারের দায়িত্ব পালন করছেন। এর আগেও দুই দফায় তিনি দলটির কোচ ছিলেন। গতবারও তার অধীনে গ্যালাতাসারে চ্যাম্পিয়ন হয়। শিরোপা ধরে রাখার জন্য বছরের শুরুর দিকে তিনি দ্রগবা ও স্লেইডারকে দলে আনেন।