সাকিব আল হাসান কবিতা মুখস্থ রাখেন কিনা জানা নেই। সে অভ্যেস থাকলে কাল ম্যাচ রেফারি ক্রিস ব্রডকে মুখের ওপর রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কবিতাটা শুনিয়ে দিয়ে আসতে পারতেন। সাজা শুনে বলে ফেলতে পারতেন—তুমি মহারাজ, সাধু হলে আজ; আমি আজ চোর বটে!
না, সাকিব এমন কাজ করেননি। সেটা করা ভব্যতার মধ্যেও পড়ে না। তারপরও এটা সত্যি যে, যে অপরাধে সাকিব শাস্তি পেলেন তারচেয়ে ঢের ভয়ানকভাবে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে প্রতিবাদ জানানোর রেকর্ড আছে এই ম্যাচ রেফারি ক্রিস ব্রডের। খেলোয়াড়ী জীবনে ইকবাল কাশিমের বলে কট বিহাইন্ড হয়ে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন এই ব্রড। পরের বছরই স্টিভ ওয়াহর বলে এলবিডব্লু হয়ে ঠিক সাকিবের ভঙ্গিতেই ব্যাট দিয়ে পায়ে বাড়ি মেরেছিলেন।
তার মানে, আম্পায়াররা ভুলভাল করলে খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখানোটা খুব নতুন কিছু না, এটা অন্তত বোঝা গেল। আর বাংলাদেশ এই সিরিজজুড়ে যেরকম ‘মানবিক ভুল’ সিদ্ধান্তের শিকার হচ্ছে তাতে একটু বাড়তি প্রতিক্রিয়া দেখানো মোটেও অস্বাভাবিক কিছু না।
মাঠে সাকিব-তামিম টুকটাক প্রতিক্রিয়া দেখালেও বড় নির্ণায়ক হয়ে ওঠা আম্পায়ারিং নিয়ে ‘কোড অব কন্ডাক্টের’ কারণেই খেলোয়াড়রা অবশ্য বাইরে খুব একটা মুখ খুলছেন না। যেমন মুখ খুলতে চাইলেন না মোহাম্মদ আশরাফুল। সিরিজ ড্র হয়ে যাওয়া পরাজিত দ্বিতীয় ওয়ানডেতে আশরাফুল নিজেও খুব বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন।
গতকাল অনুশীলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গ উঠতে আশরাফুল একটু এড়িয়ে যেতে চাইলেন, ‘আসলে আমরা দুই ওপেনারই (তামিম ও আশরাফুল) নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাচ্ছিলাম। আমরা একপা জুটি করে এগুচ্ছিলাম। কিন্তু দুইজনই বাজে আউট হয়ে গেলাম। আউটটাকে আর কী বলবো? দুর্ভাগ্যই বলতে হবে।’
শুধু আম্পায়ারের এই সিদ্ধান্তকে আশরাফুল দুর্ভাগ্য বলছেন তা নয়। আসলে প্রথম ম্যাচে বিশাল জয়ের পর মাঝে মুঠোয় চলে আসা দ্বিতীয় ম্যাচটা হেরে যাওয়াকেই একটা দুর্ভাগ্য হিসেবে বর্ণনা করতে চাচ্ছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাধর ব্যাটসম্যান আশরাফুল।
এই ‘দুর্ভাগ্যের’ ব্যাখ্যাটাও আশরাফুল খুব ভালো করে জানেন। ম্যাচটা তাদের হাতের মুঠোতে এসেছিলও আসলে ভাগ্যবশত। এমনিতে বাংলাদেশ ম্যাচ জেতার মতো ব্যাটিং-বোলিং করতে পারেনি। শুধু বোলার রাজ্জাকের অপ্রত্যাশিত একটা ফিফটি লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিল দলকে। রাজ্জাকের এই ফিফটিটা বাদ দিলে দল যে নিজেরাই নিজেদের দুর্ভাগ্য টেনে এনেছে, সেটা স্বীকার করতে আপত্তি নেই আশরাফুলের, ‘আমরা খুব ভালো বোলিং করতে পারিনি। আমাদের ব্যাটিংটাও খুব ভালো হয়নি। রাজ্জাক ভাইয়ের একটা ফিফটি ছাড়া বলার মতো কিছু নেই। আমরা দুইটি ম্যাচেই টপ ফোর ব্যাটসম্যান একটা ফিফটিও করতে পারিনি। এটাই আমাদের আসলে ব্যর্থতার মূল কারণ।’
তবে ব্যর্থতার আরেকটি কারণও আছে বলে মনে করছেন আশরাফুল—উইকেট। অজুহাত দেয়ার চেষ্টা করছেন না, তবে বলছেন যে, বুলাওয়ের সেই চিরায়ত ‘উপমহাদেশীয়’ চরিত্রের উইকেট তারা পাচ্ছেন না, ‘আমরা বুলাওয়েতে আগের সব সফরে যেমন উইকেট দেখেছি তেমন বল টার্ন করছে না। বরং প্রথম ইনিংসে বল বেশ মুভ করেছে। উইকেটে বেশ কিছু ঘাসও থাকছে। এটাকে অজুহাত হিসেবে দেখাচ্ছি না। কিন্তু উইকেট এবার অন্য যে কোনোবারের চেয়ে আলাদা।’
আর এই উইকেট এবং নিজেদের ব্যর্থতা মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতেও সমতা। আবার জিম্বাবুয়ের বিপক্ষে একটা হারের শঙ্কা। এই জিম্বাবুয়ের বিপক্ষে হারটা কেমন বেদনাদায়ক তা যে কারো চেয়ে আশরাফুল ভালো বোঝেন। ভালোই বোঝেন কেমন প্রত্যাশা চাপ সহ্য করতে হচ্ছে, ‘অন্যদের কথা কি বলবো, খেলোয়াড়রাও ভেবেছিল জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখাবো আমরা। এই ভাবনার কারণে এদের বিপক্ষে প্রতিটা ম্যাচেই আমরা চাপে থাকি। বড় দলের বিপক্ষে হারলে তেমন সমস্যা হয় না। জিম্বাবুয়ের সঙ্গে হারটা সহ্য করা কঠিন। তারপরও এখানে আটকে থাকলে চলবে না। আমরা এখন পরের ম্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করে ফিরতে চাই।’
সেটা করতে পারলে ভেতরের দুঃখগুলো ভুলেও যেতে পারে সবাই।
