বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল!

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর একটা বড় কারণ ছিল অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও সমৃদ্ধ হয়ে ওঠা। কিন্তু এখন পাশার দান পুরো উল্টে গেছে বলেই মনে হচ্ছে। লাভালাভের কথা বাদ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দায়ভার কাঁধে নিয়ে উল্টো বিপদে বিসিবি। বিপিএলের লাভ তো দূরের কথা; নিজেদের পাওনা পর্যন্ত আদায় করতে পারছে না ক্রিকেট বোর্ড। বিপিএলের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস, সাত ফ্রাঞ্চাইজি এবং বিসিবি—এই ত্রিমুখির জটিলতার আবার এখনও পাওনা নিয়ে বিপাকে আছেন ক্রিকেটাররা। আর এই সর্বমুখী জটিলতায় বিপিএলের পরের আসর আর মাঠে না গড়ানোর সম্ভাবনা দেখছেন অনেকেই। বিপিএলের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার আড়াই মাস পার হয়ে গেলেও চুক্তি মোতাবেক ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে খেলা শেষের শতকরা ২৫ ভাগ টাকা পায়নি খেলোয়াড়রা। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অনের সাথে বিসিবির ছয় বছরের চুক্তি; অলিখিত। চুক্তি মোতাবেক বিপিএল দলগুলোর কাছ থেকে টাকা আদায় করার কথা গেম অনের। আর সেখান থেকেই দ্বিতীয় বছরে বিসিবিকে গেম অনের ৪০ কোটি টাকা দেয়ার কথা ছিল। কিন্তু বিপিএলের দ্বিতীয় পর্বের সমস্ত দায়ভার নিজেদের কাঁধে নেয়ায় গেম অন বিসিবিকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিসিবি দাবি করছে, হিসাব-নিকাশ বাদ দিলেও তারা গেম অনের কাছ থেকে ১৯ কোটি টাকা পাবে। অথচ, গেম অন দাবি করছে উল্টো তারা টাকা পাবে। বিপিএলের গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক দাবি করছে, ‘সব হিসাব-নিকাশ বাদ দিলেও আমরা এখনো ১৯ কোটি টাকা পাব। আমাদের সাথে আলোচনার জন্য বসার কথা তাদের। কিন্তু তারা একটু সময় চেয়েছেন’। এদিকে যাদের কাছে এই দাবি, সেই গেম অনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী ও পরিচালক কাস্তুভ লাহিরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের বনানী অফিসেও কোন লোকজন নেই। তবে গেম অনের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবরটি সঠিক নয়। গাঙ্গুলীর মা অসুস্থ তাই যোগাযোগ কম হচ্ছে। তাছাড়া বিসিবির সাথে তাদের যোগাযোগ রয়েছে। আর আমি তো আসলে কাগজে কলমে চেয়ারম্যান নই। এখনো বিসিবির সাথে কোন চুক্তি হয়নি’। বিসিবির বকেয়ার ব্যাপারে বাপ্পি উল্টো দাবি করছেন, তারাই বরং বিসিবির কাছে টাকা পাবেন, ‘হিসাব করলে দেখা যাবে আমরাই উল্টো টাকা পাব। তারা ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে টাকা তুলে দেয়ার দায়িত্ব নিয়েছে। কিন্তু ফ্রাঞ্চাইজিরা তাদেরকে টাকা দেয়নি।’ গেম অন কিংবা ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে বিসিবির টাকা না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে লিখিত চুক্তি না থাকা। সাত ফ্রাঞ্চাইজি বিসিবিকে টাকা তো দেয়নি; উল্টো ক্ষতি পোষাতে গিয়ে এবার বিপিএলের শুরুতে বোর্ড প্রতিটি ফ্রাঞ্চাইজিকে পাঁচ কোটি টাকা করে দিয়েছে। লিখিত চুক্তি নিয়ে গড়মিল হয়েছে গত কমিটি থেকে। সেই কমিটি ফ্রাঞ্চাইজি এবং গেম অনের সাথে কোন চুক্তি না করায় আইনগতভাবে বিসিবি পিছিয়ে আছে। তার জন্য অবশ্য নিজেদের নয় বিসিবির কিছু কর্মকর্তাকে দায়ী করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলরের সাবেক সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ‘দেখুন, ফ্রাঞ্চাইজিদের সব দায়ভার ছিল গেম অনের উপর। তারা কতটা মুনাফা পেল না পেল; সেটার হিসাব নিকাশ আগে তারাই করতো। বিসিবিকে চুক্তি মোতাবেক গতবার ৩২ কোটি টাকা দিয়ে দিয়েছে। এবারও ৪০ কোটি টাকা দেয়ার কথা ছিল। কিন্তু গেম অনের কাছ থেকে ফ্রাঞ্চাইজিদের আলাদা করায় সমস্ত দায়ভার চলে আসে বিসিবির উপর। ফলে গেম অন সরাসরি টাকা আদায় করতে না পারায় তারা বিসিবির টাকাও দিচ্ছে না। আসলে বিসিবির বর্তমান এডহক কমিটি এর জন্য দায়ি নয়। বোর্ডে যারা পুরানো লোক রয়েছে তাদের কুবুদ্ধির কারণে বিসিবি আজ চাপে পড়েছে’। এদিকে বিপিএলের কারণে বেশ কিছু দেনা হয়েছিল বিসিবির। জানা গেছে, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ১৭৯ কোটি টাকা ভেঙ্গে সেই দেনা শোধ করেছে বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মচারী জানিয়েছেন, ‘এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিসিবির এফডিআর ভেঙ্গে ছয় কোটি টাকা দেনা শোধ করা হয়েছে। তবে গত সপ্তাহে সেই টাকা পরিশোধ করে ফের ডিপোজিট করা হয়েছে’। এমন সব জটিলতার প্রেক্ষিতেই অনেকে মনে করছেন, বিপিএলের তৃতীয় আসর আর আয়োজন সম্ভব হবে না। বিষয়টির সত্যতা স্বীকার না করলেও গেম অনের চেয়ারম্যান বাপ্পি বলেছেন, ‘আমাদের টিভি রাইটসই তো বিপিএলের সাথে আর সম্পৃক্ত হবে না। এই দুই বছরে আমাদের ১৮/১৯ কোটি টাকা ক্ষতি হয়েছে’। বিসিবি অবশ্য এখনো আশাবাদী তাদের পাওনা তারা পাবে। শুধু তাই নয়, বিপিএলের তৃতীয় আসর যেভাবেই হোক তারা আয়োজন করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ বোর্ড। মল্লিক এ প্রসঙ্গে বলেন, ‘প্রয়োজন হলে আমরা দুই-তিনটি দল নিয়ে বিপিএল আয়োজন করবো। গেম অনের সাথে আগামী সপ্তাহে আমরা বসতে যাচ্ছি। আর ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে লিগ্যাল নোটিস পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন আর পেছনে তাকানোর সময় নেই। আমরা হার্ডলাইনে যাচ্ছি’। এখন দেখার বিষয় এই ‘হার্ডলাইন’ বিপিএলকে বাঁচাতে পারে কি না!