যুক্তরাষ্ট্রে গেলেন ভিলানোভা

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০০
বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা জানান কণ্ঠনালীর সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে তার নিউ ইয়র্কে যাওয়া জরুরি। গত ডিসেম্বরে কণ্ঠনালী থেকে টিউমার অপসারণ করা হয়। পরিস্থিতি বিবেচনা করতেই তিনি আবারো নিউ ইয়র্কে যাচ্ছেন। অবশ্য ভিলানোভার অস্ত্রোপচার করিয়েছিলেন বার্সেলোনাতে। তবে নিউ ইয়র্কের একটি হাসপাতালে এরপর তিনি দশ সপ্তাহ চিকিত্সা নেন। দুই বছরে ভিলানোভাকে লালা গ্রন্থি থেকে দুইবার টিউমার অপসারণ করতে হয়। ভিলানোভা গত রবিবার বলেন, ‘আগামীকাল (গতকাল সোমবার) আমি নিউ ইয়র্কে যাবো এবং বৃহস্পতিবারের আগে ফিরতে পারবো না। কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এই প্রক্রিয়ায় আপনাকে সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দলের সাথেই ছিলেন ভিলানোভা। আর লিগ ম্যাচে গত রবিবার তার উপস্থিতিতেই রিয়াল বেটিসকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা।