জয়ের সমঝোতাই শক্তি জুভেন্টাসের

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০০
পালেরমোকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়ে গত রবিবার রাতে সিরি এ শিরোপা ধরে রাখার উত্সবে মাতলো জুভেন্টাস। দলীয় সমঝোতা এবং হার না মানা মানসিকতাকেই এই জয়ের পেছনে মূল শক্তি হিসেবে আখ্যায়িত করলেন দলের অধিনায়ক জিয়ানলুইজি বুফন। শিরোপা জিততে এ ম্যাচে জুভেন্টাসের ড্র করলেই চলতো। তবে ঘরের মাঠে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা পালেরমোকে হারিয়েই শিরোপা উত্সব করলো আন্টোনিও কন্তের দল। খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্চুরো ভিদাল। টানা দ্বিতীয় শিরোপার পাশাপাশি সব মিলিয়ে এটি জুভেন্টাসের ২৯তম সিরি এ শিরোপা। যদিও ক্লাবের খেলোয়াড়-কোচ-সমর্থকেরা মনে করেন এটি ক্লাবের ৩১তম লিগ শিরোপা। তাই দলের জয়োত্সব দেখতে গত রবিবার জুভেন্টাস স্টেডিয়ামে হাজির হওয়া প্রায় ৪০,০০০ সমর্থকের হাতে শোভা পাচ্ছিল ‘৩১’ লেখা বিশালাকৃতির সব প্লাকার্ড। ম্যাচ পাতানোর অভিযোগে ২০০৫ এবং ২০০৬ সালের দুটি শিরোপা কেড়ে নেয় সিরি এ কর্তৃপক্ষ। তাই ‘ওল্ড লেডি’র জন্য কাগজে-কলমে ২৯তম শিরোপাই হয়ে থাকছে এটি। জয়ের পরে উচ্ছ্বাসে ভেসে যাওয়া অধিনায়ক বুফন, এই শিরোপার পেছনে মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন দলীয় সমঝোতার বিষয়টিকে। পাশাপাশি তিনি সতীর্থদের প্রসংশায় ভাসিয়েছেন তাদের তীব্র জয় ক্ষুধার জন্যও। ২০০১ সালে পার্মা থেকে তুরিনের ক্লাবটিতে যোগ দেয়া বুফন বলেন, ‘এ বছর স্কুডেটো জেতাটা আমার কাছে ঐতিহাসিক একটা ব্যাপার হয়েই থাকবে। মৌসুমের প্রথম ম্যাচ থেকেই আমরা দলীয় ঐক্যের পরিচয় দিয়ে এসেছি। আমরা প্রতিটি পদক্ষেপই ফেলেছি হিসেব করে তাই আমাদের ভুল প্রায় হয়নি বললেই চলে। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জিততে পারাটা শিরোপার পেছনে বড় ভূমিকা পালন করেছে। সবকিছু মিলিয়েই এই শিরোপা জয়।’ ফেভারিট হিসেবে মৌসুম শুরু করাটা যে কোন দলের জন্যই চাপ হয়ে দাঁড়াতে বাধ্য। আর এ কারণেই গত বছরের তুলনায় এ বছরের শিরোপাটা বুফনের কাছে অনেক বেশি তাত্পর্যপূর্ণ। ষষ্ঠ বারের মতো সিরি এ শিরোপা জয়ের পরে ৩৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকা আরো বলেন, ‘আমাদের কাঁধ থেকে ভারি একটা বোঝা নেমে গেল। মৌসুমের শুরু থেকেই আমাদের গায়ে ফেভারিটের তকমা লেগে ছিল। আপনি যখন ফেভারিট হিসেবে বিবেচিত হবেন তখন মানুষ চাইবে আপনি শিরোপা জেতেন। তখন আপনার মনে হারানোর ব্যাপারটাই বেশি কাজ করবে। আমরা আসলেই ভাল খেলেছি।’ এদিকে দলকে টানা দ্বিতীয় শিরোপা জেতানোর পরে কোচ আন্টোনিও কন্তে বলছেন, এই ক্লাবের হয়েই আরো কয়েকটি শিরোপা জিততে চান তিনি। কন্তে বলেন, ‘ আমার ভবিষ্যত্ নিয়ে আমি মোটেই চিন্তিত নই। আমি যেখানে আসতে চেয়েছি সেখানেই আছি। আমি এখানে ফেরার স্বপ্ন দেখেছি এবং স্বপ্ন দেখেছি শিরোপা জয়ের। ঠিক সেই ব্যাপারটাই ঘটেছে। গত কয়েক বছরে আমাদের অর্জন দারুণ। কিন্তু ফুটবলে আপনি সবসময়ই নিজের অর্জনটাকে আরো উঁচুতে নিয়ে যেতে চাইবেন। পাশাপাশি ইতালিয়ান ফুটবলে যে অর্থনৈতিক মন্দা চললে সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে।’