কাঠমান্ডুতে এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল ‘এ’ গ্রুপ পর্বের বাছাইয়ে নেপালের লিগ চ্যাম্পিয়ন দল থ্রীষ্টার ক্লাবের বিরুদ্ধে আজ প্রথম ম্যাচ খেলবে আবাহনী। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের সময়ে আবাহনীর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। দ্বিতীয় ম্যাচ বুধবার তাইওয়ানের ক্লাব, তাইওয়ান পাওয়ার কোম্পানী এবং শনিবার গ্রুপের শেষ ম্যাচে মঙ্গোলিয়ার আরচিম ক্লাব মুখোমুখি হবে একই মাঠে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল চূড়ান্ত পর্বে উঠবে। চূড়ান্ত পর্বে ছয় দল খেলবে দুই গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন দল দুটি সরাসরি ফাইনাল খেলবে।
এবার আবাহনীর সামনে একটা সুযোগ আছে। কারণ গ্রুপের অন্য দুই দল খুব বেশি শক্তিশালী নয়। যতটা নেপালী থ্রীষ্টার ক্লাব। তারা খেলবে নিজেদের মাঠে। থ্রীষ্টার ক্লাবকে হারাতে পারলে চূড়ান্ত পর্বে যাওয়ার একটা ভালো সুযোগ আসতে পারে গতবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর সামনে।
যে কারণে আজকের ম্যাচটা আবাহনীর জন্য গুরুত্বপূর্ণ। এবার লিগ শিরোপা জয়ে ব্যর্থ আবাহনী গত ৩ মে কাঠমান্ডু পৌঁছেছে। ঢাকায় দলের খেলোয়াড়দের কন্ডিশন ভালো ছিল না, ইনজুরি সমস্যা ছিল। এখন তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এই টুর্নামেন্ট। আবাহনী এবার নিয়ে চারবার এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে খেলছে। গত তিনবারই ব্যর্থ হয়েছে তারা।
আগের তুলনায় এবারের প্রতিপক্ষ দলগুলো আহামরি শক্তিশালী নয়। ঢাকা ছেড়ে যাওয়ার সময় অধিনায়ক ওয়ালী ফয়সাল জানিয়েছিলেন তার খেলোয়াড়দের সামর্থ্য রয়েছে ভালো খেলার। ঢাকা লিগের খেলাটা ভুলে গিয়ে নতুন করে একটা চ্যালেঞ্জ নিয়ে লড়াই করতে হবে। সেটা করার সামর্থ্য আছে দলের।
পেশাদার লিগ চ্যাম্পিয়ন দল হিসাবে গত বছর শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রেসিডেন্ট কাপে খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তানে খেলা হওয়ায় নিরাপত্তাজনতি কারণে সেখানে যায়নি শেখ জামাল। এএফসির এই টুর্নামেন্টের আগামী আসরে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে।
