রাজধানীর বাস টার্মিনালগুলিতে বিষাক্ত পরিবেশ এবং ছিনতাইকারী ও ভবঘুরেদের দৌরাত্ম্যে যাত্রীসাধারণের ভোগান্তির সীমা নাই। গতকাল স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের নোংরা, পূতিগন্ধময় পরিবেশ এবং যাত্রীদের ভোগান্তির যে চিত্র তুলিয়া ধরা হইয়াছে উহা এককথায় ভয়াবহ। সিটি করপোরেশন এইসব টার্মিনাল হইতে নিয়মিত মোটা অংকের রাজস্ব আদায় করিলেও যাত্রী সেবার ক্ষেত্রে যাচ্ছেতাই রকমের অবহেলা ও ঔদাসীন্য প্রদর্শন করিয়া চলিয়াছে। টার্মিনালে দূর-দূরান্ত হইতে আগত যাত্রীরা নানামুখী সংকট-সমস্যা ও হয়রানির শিকার হইতেছে। ছিনতাইকারী ও ভবঘুরেদের অবাধ বিচরণে সকলের ত্রাহি ত্রাহি অবস্থা! বিশেষ করিয়া মহিলা যাত্রীদের ভোগান্তি সকল সীমা ছাড়াইয়া গিয়াছে। বখাটেদের উত্পাত, যৌন হয়রানি ইত্যাদি কারণে মহিলা যাত্রীদের নিরাপত্তা পদে পদে বিঘ্নিত হইতেছে। এমনকি ইতোমধ্যেই বেশ কয়েকটি ধর্ষণের ঘটনাও ঘটিয়াছে বলিয়া প্রকাশ। নেশাখোরেরা এখানে-সেখানে অচেতন হইয়া পড়িয়া থাকে। শৌচাগারগুলির কোন প্রকার যত্ন নেওয়া হয় না। ফলে দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হইবার উপক্রম। এমন পরিবেশে টার্মিনাল হইতে বাসে উঠিয়া গন্তব্যে পৌঁছাইতে কত প্রকার হয়রানি ও দুর্ভোগ যে পোহাইতে হইতেছে উহার ইয়ত্তা নাই। মহাখালী টার্মিনাল এলাকাটিকে ক্রাইম জোন হিসাবে চিহ্নিত করা হয়, কারণ দূরপাল্লার যাত্রীদের অনেকেই সেখানে ছিনতাইকারীদের কবলে পড়িয়া সর্বস্ব খোয়ায়। টার্মিনালের একশ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে এই জাতীয় ছিনতাইয়ের ঘটনা অবলীলায় ঘটিয়া চলিয়াছে। অথচ কর্তৃপক্ষ এইসব ব্যাপারে নির্বিকার। কে জানে আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গকে তাহারা হাত করিয়া রাখিয়াছে কিনা!
তবে টার্মিনালগুলির এই অবস্থার জন্য আসলে কাহারা দায়ী উহা সনাক্ত করাটা জরুরি। সন্দেহ নাই যে, এই সব টার্মিনালে যাত্রীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপত্তাপূর্ণ পরিবেশের নিশ্চয়তা প্রদানের দায়িত্বে যে কর্তৃপক্ষ নিয়োজিত আছে তাহাদের এ ক্ষেত্রে অবস্থা-অবস্থান কি উহা জানা দরকার। টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ইত্যাদি বজায় রাখার ব্যাপারে বেতনভুক কর্মকর্তা-কর্মচারী রহিয়াছে এবং তাহাদেরকে সহযোগিতা করিবার জন্য আছে আইন-শৃংখলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। কথাটি হইলো যে, যাত্রীসাধারণের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিধানের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা কি কুম্ভকর্ণের ন্যায় ঘুমাইয়া রহিয়াছে, নাকি তাহারাও ‘টুপাইস’ কামাইবার মওকা পাইয়া এইসব বিষয়ে যারপর নাই অবহেলা প্রদর্শনে প্রবৃত্ত হইতেছে? দক্ষ ব্যবস্থাপনা না থাকিলে শৃংখলা প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হইতে বাধ্য। গোটা দেশেই আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে যে চরম অদক্ষতাজনিত ব্যর্থতা দেখিতে পাই উহাতে বাস টার্মিনাল কর্তৃপক্ষের নিকট হইতে দক্ষতা আশা করাটাও তো একপ্রকার বাতুলতা বৈ নহে!
কোন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি যদি নিয়ম-নীতির প্রতি অবিচল আস্থাবান হন এবং নিয়ম-শৃংখলা প্রতিষ্ঠায় দৃঢ়প্রত্যয়ী হন ও সেই সঙ্গে কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে সামর্থ্যবান হন তাহা হইলে সে প্রতিষ্ঠানে অনিয়ম, অব্যবস্থা ও অদক্ষতা বাসা বাঁধিতে পারে না নিশ্চয়ই। আমাদের দেশে সরিষার মধ্যেই এতো ভূতের বাস যে, উহাদের তাড়াইতে গেলে সরিষা নহে নূতন কিছুর প্রয়োজন। কবে আমরা সেই নূতন কিছুর দেখা পাইব কে জানে!
