আলোহীন অন্ধকার পথে বাংলাদেশ

আপডেট : ০৭ মে ২০১৩, ২১:২৭
আলোহীন অন্ধকার আর ভুল পথে চলছে বাংলাদেশ। অন্ধকার থেকে আলোর পথে কি দেশকে ফিরিয়ে আনা যায় না? কর্দমাক্ত রাজনীতি আর সংঘাতময় পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করা অবশ্যই সম্ভব। এমন সংকটময় পরিস্থিতিতে দেশের গণতন্ত্র আর বাঁচা-মরা নির্ভর করছে আমাদের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির উপর। কিন্তু তারা কেউই সুস্থ রাজনীতি করছে না। ক্ষমতার রাজনীতিই তাদের কাছে মুখ্য বলে মনে হচ্ছে। তাই সম্প্রতি দলীয় নানা কর্মসূচি নিয়ে অগ্নিগর্ভ হচ্ছে রাজপথ। মরছে মানুষ; রক্তাক্ত হচ্ছে জনপদ; জ্বলছে গাড়ি, ব্যাংক, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান। কেবল সম্পদই নষ্ট হচ্ছে না প্রতিদিনই দেশের ভাবমূর্তি ক্ষয়ে ক্ষয়ে নিঃস্ব হচ্ছে। হোঁচট খাচ্ছে দেশীয় অর্থনীতি। ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর কোথাও কথায় কাজে মিল পাওয়া যাচ্ছে না। ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতার লোভ আমাদের দলগুলোকে অন্ধ করে দিয়েছে। বোধকরি দলগুলো বিবেকবোধ হারিয়ে ফেলেছে। প্রতিনিয়ত রক্তাক্ত লাশ দেখেও তাদের বিবেক জাগ্রত হচ্ছে না। যা হচ্ছে তা কেবল ক্ষমতার জন্যই হচ্ছে। জনসম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, দেশের অর্থনীতি, দেশের ভাবমূর্তি কোনটারই তোয়াক্কা করা হচ্ছে না। এর আগেও দেশে এই চিত্র আমরা লক্ষ্য করেছি। এ জন্য সামরিক সরকার এবং ওয়ান-ইলেভেন এসেছিল জাতির জীবনে। ১/১১ এর সেই দুই বছরের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জেল-জুলুম-নির্যাতন সয়ে এলেও আজকের সরকার ও বিরোধী দল শিক্ষা নেয়া দূরে থাক, সমঝোতার ধারে-কাছেও আসেনি। সেবার বিএনপি ছিল একগুঁয়ে, আওয়ামী লীগ নিয়েছিল রাজপথে ফয়সালার পথ। এবার আওয়ামী লীগের সরকার একগুঁয়ে, বিএনপি নিয়েছে রাজপথে ফয়সালার পথ। সেবার বিএনপি পুলিশ দিয়ে বিরোধী দল দমনের পথ নিয়েছিল। এবার নিয়েছে আওয়ামী লীগ। সেবারও রাজনৈতিক সংঘাত-সহিংসতা ঠেকানো যায়নি। এবার ঠেকানো যাচ্ছে না। সমঝোতার বদলে সংঘাতের পথে হাঁটছে দেশের রাজনীতি। সব মহলে তাই উদ্বেগ-উত্কণ্ঠা। রাজনীতিতে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অসহিষ্ণু রাজনীতি সংঘাতের পথে হাঁটছে। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পরিষ্কার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়টি না আসলে সংলাপ সম্ভব নয়। সরকারও এ ইস্যুটি মানতে নারাজ। এ অবস্থায় রাজনীতিকে সংঘাতময় পরিস্থিতি থেকে উদ্ধার করাও কঠিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের দোহাই দিয়ে সংবিধান থেকে একতরফাভাবে সরকার মুছে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, দলীয় সরকারের অধীনেই সামনের নির্বাচন অনুষ্ঠানে সরকার অনড়। সংঘাত এড়াতে এ অবস্থা থেকে সরকারকে সরে আসা প্রয়োজন। পর্যবেক্ষকমহলও বলছে, সরকার ও বিরোধী দলের প্রতি পরস্পরের এবং সাধারণ মানুষের আস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অন্তত আরও দু’তিন মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা উচিত। সে যাই হউক,তত্ত্বাবধায়ক সরকারের দাবি, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের নামে জামায়াত শিবিরের দেশজুড়ে তাণ্ডব, রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু সংলাপ, হেফাজতের কর্মসূচি দেশেকে এক অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে। ব্যবসা-বাণিজ্যে ইতোমধ্যেই টান পড়েছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের অর্থনীতি মন্দায় পড়বে দেশ। আর তা আম-জনতা সহজ দৃষ্টিতে দেখবে এ কথা আমাদের রাজনৈতিক দলগুলোর ভাবা মানেই মূর্খামি। জনমানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার স্বার্থে এ বিষয়ে সব পক্ষের সংযম একান্তই প্রযোজন। সবার সুবিবেচনা ও সুমতি দেশ ও জাতিকে কঠিন সংকট থেকে রক্ষা করতে পারে। দানবীয় কর্মসূচি, জানমাল আর সম্পদ নষ্টের কর্মসূচিসহ হরতালের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। তা না হলে গণতান্ত্রিক শাসনের কান্না ক্রমাগত বাড়তেই থাকবে। দেশের অগ্রগতি পিছিয়ে যাবে। রাষ্ট্র শাসকদের এটা অবশ্যই স্মরণ রাখতে হবে দেশে সংঘাতময় রাজনৈতিক পরিবেশ দীর্ঘায়িত হলে সামাজিক অস্থিরতা বাড়বে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শিল্প-কারখানায় উত্তেজনা বাড়বে ও উত্পাদন কমবে। ব্যবসা-বাণিজ্যের বিপুল ক্ষতি হবে। মানুষের স্বাভাবিক নিরাপত্তা প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হবে। দেশে অপশাসনের সুযোগ অবারিত ও উন্মুক্ত হবে। মূলত রাষ্ট্র ও মানুষের কল্যাণেই রাজনীতি। কিন্তু দেশে বিরাজিত রাজনৈতিক পরিবেশ যদি সে কল্যাণকে বিকশিত করতে না পারে তবে সে রাজনীতি ব্যর্থতায় পর্যবসিত হবে। মানুষ এমন রাজনীতির প্রতি আস্থা হারাবে। এক সময় প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়বে। তাই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আত্মমর্যাদা রক্ষা ও দেশের কল্যাণের কথা বিবেচনা করে সংঘাতের রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতির পরশে দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনই উপযুক্ত সময় একটি পথ বের করা। আমাদের প্রধান রাজনৈতিক দলের দু’নেত্রীকে বলতে চাই, কোন অবস্থাতেই ধ্বংসযজ্ঞ আর রাষ্ট্রীয় নিপীড়নের দিকে বাংলাদেশকে ঠেলে দেয়া যাবে না। আপনাদেরকে অনেক বেশি সংযমী হতে হবে। আমরা বাঙালিরা জানি, রাজনীতি মানেই ক্ষমতায় যাওয়ার এবং অনন্তকাল টিকে থাকার খেলা। এই খেলা বন্ধ হওয়া দরকার। বিরোধীদলের যেমন উচিত, সরকারের উচিত ‘জাতীয় সঙ্কট মোকাবেলা কমিটি’ গঠন করা; সংকট উত্তরণে আলোচনা করা। আইন-শৃঙ্খলা বাহিনীকে তাই ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে। দেশপ্রেমিক সকল নাগরিকেরও দায়িত্ব চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কোন ভাবেই নৈরাজ্য-সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমাদের দায়িত্বশীল রাজনীতিকদের সদয় সহনশীলতার পরিচয় দিতে হবে। লেখক :সাংবাদিক