শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে হয় না
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হল শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। কিন্তু দেশবাসী আজ এ বিষয়ে হতাশ। কারণ, এক সময় পরাধীন বাঙালিরা বিদেশিদের কাছ থেকে তাদের অধিকার আদায়ে যতটা না প্রতিকূলতায় পতিত হয়েছিল তার চেয়ে বেশি স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আদায়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। আন্তর্জাতিকভাবে আলোচিত ১৯৫২ সালে ভাষার অধিকার আদায়ে এতগুলো তাজা প্রাণ হারায়নি বাংলাদেশ, যা সাম্প্রতিক এক-দেড় মাসের মধ্যে হারিয়েছে, যা আন্তর্জাতিক সকল মহলের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এক চরম অশনিসংকেত। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে বর্তমানে দেশ-বিদেশের সকল মহলে এমনকি সরকারি দল ও বিরোধী দলের মধ্য থেকেও বার বার সংলাপের বিষয়টি বেরিয়ে আসছে। কিন্তু সরকারি দল মুখে বললেও তাদের রাজনৈতিক আচরণের মাধ্যমে সংলাপের বিষয়ে তাদের অনাগ্রহ প্রকাশ করছে। কিন্তু দেশের স্বার্থে তাদের এ চরিত্র পরিহার করা উচিত। শান্তিপূর্ণ নির্বাচনের পথ একটাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সকল জোটের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। দেশ পরিচালনার দায়িত্বে থাকা মহাজোট সরকারকে অভিভাবক হিসেবে এর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিরোধী শক্তিকেও ধ্বংসাত্মক পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। তাহলেই শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে।
মো: ওয়ালী উল্লাহ,
২য় বর্ষ
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া।
পরমতসহিষ্ণুতায় হতে পারে একটি অবাধ নির্বাচন
সাম্প্রতিককালে বাংলাদেশে রাজনীতির বিশৃঙ্খল অবস্থা এ দেশেবাসীর আশাব্যঞ্জক সেই গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং মারাত্মকভাবে ব্যাহত করছে তিরিশ লক্ষ শহীদের মুক্তিযুদ্ধের চেতনাকে। রাজনীতির এই বিশৃঙ্খল অবস্থা এবারই নতুন নয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে নির্বাচিত প্রতিটি সরকারের মেয়াদোত্তীর্ণ হবার কাছাকাছি সময়ে এমনি গোলযোগ এবং অরাজকতার সৃষ্টি হয়ে আসছে। এর মূল ও প্রধান কারণ এদেশের সরকার ব্যবস্থায় ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের পরমত-অসহিষ্ণুতা। এদেশের সরকার ব্যবস্থায় ক্ষমতাসীন দল বরাবরই হয়ে ওঠে ভয়ানক গোঁয়ার আর প্রধান বিরোধী দল হয়ে পড়ে নশৃংসতায় মত্ত। অথচ সুষ্ঠু গণতন্ত্রের জন্য পরমতসহিষ্ণুতার কোন বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থার জন্য এই পরমত অসহিষ্ণুতাই দায়ী। এহেন পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল যদি পরমতসহিষ্ণু হয়ে উঠতে পারে তাহলে গণতন্ত্রের যে মূল চালিকাশক্তি তা শক্তিশালী হবে এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন, তা স্বাভাবিকভাবেই সম্ভব হয়ে উঠবে।
মো. উবাইদুল্লাহ
আলিম ১ম বর্ষ
বাগান ইসলামিয়া আলিম মাদরাসা।
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য চাই হিংসাত্মক রাজনীতি পরিহার করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা
বর্তমানে দেশে যে অস্থিরতা আর অচলাবস্থা বিরাজ করছে তার জন্য আমি মনে করি আমাদের দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতাই দায়ী। বর্তমানে বাংলাদেশে যা কিছু অস্থিরতা দেখা দিচ্ছে তাতে করে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের উপর হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক অসহনশীলতা, অনুদারতার সরকারি ও বিরোধী দলের মধ্য আপোষহীন নীতি এসবই যেন এক অগণতান্ত্রিক চিন্তাধারার ফসল। যা প্রতিনিয়তই পারস্পরিক সংঘর্ষের সৃষ্টি করছে। ঘন ঘন হরতাল, ভাঙচুর, বিস্ফোরণ, পরীক্ষার্থীদের হয়রানি, ব্যবসায়ী, শ্রমিক তথা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আজ বড়ই ভোগান্তির শিকার। অর্থনৈতিক উন্নতি-অগ্রগতি পিছিয়ে যাচ্ছে। ক্ষমতালোভীরা ক্ষমতা পাবার লোভে একের পর এক টালবাহানা সৃষ্টি করছে আর প্রাণ বিসর্জন দিতে হচ্ছে নিরীহ জনগোষ্ঠীকে। সেই সাথে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হওয়ায় এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচনে জনগণ আস্থাবান নয়। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য চাই হিংসাত্মক রাজনীতি পরিহার করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন, নতুবা নির্বাচন কমিশনকে হতে হবে বস্তাবিক অর্থে নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত।
অমিতাভ কুমার বিশ্বাস
ডিএইচএমএস (৪র্থ বর্ষ), ফেডারেল হোমিওপ্যাক
মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম
বর্তমানে বাংলাদেশে সংকটপূর্ণ অবস্থা বিরাজ করছে আর এ সংকটের পিছনে দায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিরোধী দল তত্ত্বাবধায়ক ইস্যুতে হরতাল ডাকছে। অন্যদিকে সরকারি দল কিছুতেই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চায় না। তাই তারা সংসদে বিল পাস করে বিষয়টি আগেই মীমাংসা করে ফেলেছে। সরকার চায় ক্ষমতায় থাকাকালীন, সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু বিরোধী দলের দাবি, সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। দুই দলের অবস্থান দেখে বুঝা যায়, বাংলাদেশে ভবিষ্যতের দিনগুলো ভালো যাবে না।
তারপরেও আমজনতার পক্ষ থেকে উভয় দলের প্রতি আমাদের অনুরোধ আপনাদের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য যেহেতু মানুষের সেবা করা সেহেতু আপনাদের উচিত জনমতের উপর গুরুত্বারোপ করা। কারণ জনগণই আপনাদেরকে জিরো থেকে হিরো করতে পারে।
উভয় দল যদি সংলাপ করে সমাধান করতে ব্যর্থ হয়, তবে আমাদের অনুরোধ থাকবে, তত্ত্বাবধায়ক ইস্যুতে দেশে সুষ্ঠুভাবে গণভোটের আয়োজন করা। তবে সে গণভোট যাতে অতীতের মত না হয়। গণভোটে যে রায় আসবে, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে উভয় দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
মো. আ. রহমান হাওলাদার,
(বি,এস,এস), ২য় বর্ষ,
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
