বন্ধ হলো বোকা’র দুটি স্ট্যান্ড

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:০১
ঘটনা-দুর্ঘটনায় ভরা আরেকটি বোকা জুনিয়র্স-রিভার প্লেট লড়াইয়ের একদিন পর গতকাল মঙ্গলবার বন্ধ করে দেয়া হলো দিয়েগো ম্যারাডোনার প্রিয় দলটির বোম্বোনেরা স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড। আর্জেন্টিনার সরকারি কৌঁসুলি মার্টিন লোপেজ জাভালেতা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ম্যারাডোনার প্রিয় দল বোকা জুনিয়র্সের সাথে চিরপ্রতিদ্বন্দ্বি রিভার প্লেটের বৈরিতাও অনেক পুরনো। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় এই দুই ক্লাবের মধ্যে লড়াই উত্তেজনা চলে আসছে বহু বছর ধরে। বুয়েন্স আয়ার্সের এই দুই দলের মধ্যকার আগুন ঝরানো লড়াই বোঝাতে ম্যাচটিকে ডার্বি না বলে বলা হয় ‘সুপার ডার্বি’। গত সোমবার বোকার বোম্বোনেরাতে অনুষ্ঠিত সুপার ডার্বিও এর ব্যতিক্রম ছিল না। মাঠের দুরন্ত লড়াই, ‘সুপার ডার্বি’র ইতিহাসে দ্রুততম গোল, কোচসহ দু’জনের লালকার্ড দেখা, সহিংসতা, ধোঁয়ায় স্টেডিয়াম অন্ধকার হয়ে যাওয়া এবং সবশেষে দাঙ্গা পুলিশের হস্তক্ষেপ; কি ছিল না এতে! রিভার প্লেটের ম্যানুয়েল লানজিনি যখন ম্যাচের প্রথম গোলটি করেন, সে সময় খেলাটির কেবল ৪৫ সেকেন্ড চলছে। প্রথমার্ধের ছয় মিনিট বাকি থাকতে উরুগুইয়ান স্ট্রাইকার সান্তিয়াগো সিলভার গোলে সমতায় ফেরে বোকা। তখনো পর্যন্ত বোঝাই যায়নি দ্বিতীয়ার্ধে কি নাটকই না অপেক্ষা করছে! রেফারিকে অবজ্ঞা করার অভিযোগে দ্বিতীয়ার্ধের শুরুতে লালকার্ড দেখানো হয় রিভার প্লেট কোচ র্যামন ডিয়াজকে। আর তাকে নানা ভাবে অপমান-ব্যঙ্গ করতে থাকেন পাঁড় বোকা সমর্থকরা। ডিয়াজ মাঠ ছাড়তে দেরি করলে আরো বেড়ে যায় তাদের চিত্কার। রিভার প্লেট গোলবারের পেছনে থাকা ফুটবল গুন্ডারা দলটির গোলরক্ষক মার্সেলোকে লক্ষ্য করে আগুনের হল্কা এবং আতশবাজি ছুঁড়তে থাকেন। ছোড়া হয় ছোট ছোট বোমাও। ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো মাঠ। সফরকারী কোচ একপর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও উত্তেজিত বোকা সমর্থকরা মাঠের প্রতিরক্ষা দেয়াল বেয়ে মাঠে প্রবেশের চেষ্টা করে। ফলে রেফারি জার্মান ডেলফিনো প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন। ম্যাচের শেষ দিকে সানচেজকে মারাত্মক ফাউল করে লালকার্ড দেখেন বোকার গুলেরমো বুরদিসো। এ ঘটনার জের ধরে স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড বন্ধ করে দেয় পুলিশ। ঐ দুটি স্ট্যান্ড এবং মাঠ থেকে পুলিশ ১০০’রও বেশি আতশবাজি এবং ধুম্রবোমা উদ্ধার করে পুলিশ। কৌঁসুলি জাভালেতা বলেন, এই ঘটনার সাথে বোকা কর্তৃপক্ষের কোন যোগসাজশ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। যদি সে ধরনের কিছু পাওয়া যায় তাহলে স্টেডিয়ামটিতে ভবিষ্যতে আর কোন ম্যাচ অনুষ্ঠিত নাও হতে পারে।