মারিয়া শারাপোভা ৭-৫, ৬-২ গেমে রুমানিয়ার আলেক্সান্দ্রা দালঘেরুকে হারিয়ে শুভ সূচনা করেছেন মাদ্রিদ ওপেনে। গত সোমবারের আরেক ম্যাচে জয় পেয়েছেন মহিলা এককের আরেক শীর্ষ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
ফলাফল যদিও বলছে শারাপোভা সরাসরি সেটে জয় পেয়েছেন, তবে জয়টা মোটেই সহজে আসেনি তার। নিজের সার্ভে পয়েন্ট খুইয়ে প্রথম সেটে পিছিয়ে পড়েন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এই রুশিটি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটের পরে দ্বিতীয় সেটটিও জিতে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন শারাপোভা।
অবশ্য জয় পেলেও প্রতিপক্ষকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২,১৮০ ফুট উঁচুতে অবস্থিত মাদ্রিদের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়াটা যে মোটেই সহজ নয় সেটাও বলেছেন শারাপোভা। তিনি বলেন, ‘কঠিন একটা ম্যাচ ছিল এটি। প্রথম সেটে পিছিয়ে পড়ার পরে শেষ পর্যন্ত দুটি সেটেই জিততে পেরে আমি খুশি।’
বেলারুশিয়ান ‘সেনসেশন’ আজারেঙ্কাকেও দ্বিতীয় রাউন্ডে উঠতে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে। রাশিয়ার আনাস্তাসিয়া পাভলভুচেনকোভাকে ৭-৬ (৮), ৭-৬ (৩) গেমে হারিয়েছেন তিনি। তবে টুর্নামেন্টের গত দুটি আসরের রানার-আপ আজারেঙ্কার কণ্ঠে সন্তুষ্টিই ঝরলো ম্যাচ শেষে।
আজারেঙ্কা বলেন,‘আমার মনে হয় না বেশ কিছুদিন ছুটি কাটানোর পরে আমি এর চেয়ে ভালো পারফরম্যান্স আশা করতে পারি। আপনি খেলার মধ্যে না থাকলে আপনার স্বাভাবিক ছন্দটা হারিয়ে ফেলবেন। টাইব্রেকারে আমি শুধু আমার স্বাভাবিক খেলাটা ফিরে পেতে চেয়েছি।’
