সিরিজ জিততে মাঠে নামবে আজ বাংলাদেশ

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:০৪
বাংলাদেশ দলের জন্য যেমন তেমনি স্বাগতিক জিম্বাবুয়েও আজ বুধবার তিন ম্যাচের সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে। আগামী সপ্তাহে সফর সমাপনী শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের আগে তাই বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে শেষ ওয়ানডেটি জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে উভয় দল। ইতোমধ্যে একটি করে ওয়ানডে জেতায় এটি পরিণত হয়েছে ফাইনালে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে খেলাটি। জিম্বাবুয়ের সফরে এখন পর্যন্ত ধারাবাহিকতার প্রমাণ দিয়ে যাচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। প্রতিটি ম্যাচেই দলকে কিছু না কিছু দিয়ে যাচ্ছেন তিনি। টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে না পারলেও গত দুই ম্যাচে সাকিব আল হাসানের কাছ থেকে রান পেয়েছে দল। যদিও এখন পর্যন্ত দুইজনের ব্যাট থেকে বড় কোন ইনিংসের দেখা মেলেনি। আজ যদি প্রতীক্ষিত বড় ইনিংসের দেখা পেয়ে যান তারা, তাতে বাংলাদেশের জয় পেতে সুবিধা হবে। শুধু নাসির ও সাকিব নন, ক্রিকেটামোদীরা আশা করতে পারেন মোহাম্মদ আশরাফুল, অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবালের ব্যাট থেকেও রান আসবে। আশরাফুল তো বলেই রেখেছেন তিনি রানে ফিরতে চান। মোমিনুল হক ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের দুশ্চিন্তা রয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তাদের যে পারফর্মেন্স এতে খুশি নন ম্যানেজম্যান্ট। সাত নম্বরে ব্যাটসম্যান হিসেবে গত পাঁচ বছর ধরে রিয়াদের রান তোলার হার যথেষ্ট ভাল হলেও শ্রীলংকা সফর থেকে ছন্দে নেই তিনি। এখন দেখার বিষয় রিয়াদ আবার ছন্দে ফেরেন কিনা। পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেলে অবশ্য তার ব্যাটও যে কথা বলবে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যাটসম্যানদের নিয়ে যে দুর্ভাবনা চলছে তা অবশ্য অতটা প্রকট নয় বোলিং বিভাগ নিয়ে। তারপরও সিরিজের শেষ ওয়ানডেতে বোলারদের কাছ থেকে আরো ভালো কিছু আশা করছেন কোচ শেন জার্গুনসেন। ইনজুরি থেকে ফিরে দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন শফিউল ইসলাম। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেয়া রবিউল ইসলাম শিপলু গত ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। এসব কারণে গত সোমবার মোহাম্মদ আশরাফুল স্বীকার করেন যে, নিজেদের দোষে হেরেছেন তারা। এখন তৃতীয় ম্যাচে সেই ত্রুটিগুলো ঠিক করবেন তারা। গত সোমবার দলের ঐচ্ছিক অনুশীলন থাকলেও কাল পুরোদমে জার্গুনসেন তার খেলোয়াড়দের নেটে অনুশীলন করিয়েছেন। শেষ ম্যাচ বলেই বাড়তি টেনশন বাংলাদেশের। টেস্ট সিরিজ জিততে পারেননি, তাই ওয়ানডে সিরিজ জিতে টেস্টের আক্ষেপ ঘোচাতে চায় সফরকারীরা। এদিকে বাংলাদেশের তুলনায় আজ এগিয়ে থাকবে জিম্বাবুয়ে। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারানোর সুবাদে স্বাগতিকরা এখন আত্মবিশ্বাসী। গত ছয়টি ওয়ানডে ম্যাচে এটি ছিল জিম্বাবুয়ের প্রথম জয়। স্বাভাবিকভাবে মনোবলের দিক থেকেও মুশফিকদের চেয়ে এগিয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের দল। ওপেনার ভূসি সিবান্দা গত ম্যাচে দলে ফিরে জয়ের ভিত গড়ে দেন। তিন নম্বরে সিকান্দার রেজা, অধিনায়ক ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস এবং ম্যালকম ওয়ালার যে কেউ বাংলাদেশের জয়ে বাগড়া দিতে পারেন। দ্বিতীয় ওয়ানডেতে উইলয়ামস তো একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন। সফরকারীদের ভরসা টেস্টে ভাল করলেও টেইলরের সাম্প্রতিক ওয়ানডে পারফর্মেন্স অত ভাল নয়। গত পাঁচ ইনিংসে তার কোন ফিফটি নেই। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ফিফটি পেয়েছিলেন। টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পর গত দুটি ওয়ানডেতে তার পারফর্মেন্স গড়পড়তা। বাংলাদেশ আজ আগের ম্যাচের অপরিবর্তিত দলটিকে নিয়েই খেলতে নামবে বলে জানা গেছে। গত ম্যাচে শীর্ষ চার ব্যাটসম্যান পঞ্চাশের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ ম্যাচে তাই জয়ের জন্য এদের ব্যাটে রানের দেখা মেলা চাই।