অবশেষে পুরানো ফরম্যাটেই শুরু হতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেট। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরানো ফরম্যাটেই এ প্রতিযোগিতা শুরুর উদ্যোগ নিয়েছে। ১৭ মে থেকে ১৪টি ভেন্যুতে একযোগে শুরু হবে এই টুর্নামেন্ট।
বিসিবির বার্ষিক সূচি অনুযায়ী মার্চের দ্বিতীয় সপ্তাহে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তন করায় বেঁকে বসে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো। আগের ফরম্যাট অনুযায়ী ৬৪টি জেলা একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পেত। কিন্তু নতুন ফরম্যাট অনুযায়ী ৬৪টি জেলাকে দুই ভাগে ভাগ করে শীর্ষ ৩২টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এবং নিচের সারির ৩২টি দল একে অপরের বিরুদ্ধে খেলার কথা ছিল। নতুন ফরম্যাটের কারণে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা খেলতে অস্বীকৃতি জানায়। অবশেষে বিসিবি তাদের দাবি মেনে নিয়ে পুরানো ফরম্যাটেই শুরু করছে এই টুর্নামেন্ট।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় দেরিতে হলেও টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘দেরি তো হয়েছে। তবুও যে খেলাটা শুরু করতে পারছি সেটাই বিষয়। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নতুন ফরম্যাটে খেলতে রাজি হয়নি। তাই খেলাটা পিছিয়ে গেছে’। চ্যাম্পিয়নশিপ দুই মাস পিছিয়ে যাওয়ায় বিসিবিরও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা যাচ্ছে। এখন বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় সময়মত খেলাও মাঠে গড়াতে পারবে কিনা তা সন্দেহ প্রকাশ করেছে বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবশ্য আশাবাদী দ্রুত খেলা শেষ করতে পারবে, ‘আমরা এক থেকে দেড় মাসের মধ্যে টুর্নামেন্ট শেষ করবো। প্রথমে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা শুরু হবে’।
