মনোনয়নপত্র দাখিলের আগে পদত্যাগে বিব্রত চার মেয়র

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:১১
নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে—এই সংবাদে বিব্রত বোধ করছেন দেশের চার সিটি করপোরেশন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মেয়র। আগামী ১২ মে মনোনয়নপত্র দাখিলের আগেই ছাড়তে হবে তাদের মেয়রের পদ। আইনের এই ব্যাখ্যা তারা জানতেন না। গত সোমবার ইসির এক পরিপত্রে মনোনয়ন জমা দেয়ার আগেই তাদের পদত্যাগ করার কথা জানান হয়। গতকাল দিনভর তারা দৌড়ঝাপ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনসহ সরকারের উচ্চ পর্যায়ে। গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন এই চার সিটির মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে খুলনা সিটির মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, পদে থেকে নির্বাচন করতে হবে এটা তাদের জানা ছিল। আকস্মিক এই সংবাদ তাদের কাছে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজশাহীর সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মেয়াদ পূরণের আগে পদত্যাগে বাধ্য করে সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে। ২০০৮ সালে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মে ‘মেয়র পদ একটি লাভজনক পদ’ বলে রায় দেয় হাইকোর্ট। একই বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ জাতীয় সংসদে পাস হয়। ওই আইনের ৯ এর (২)(ঙ) অনুযায়ী মেয়র পদে থেকে কোন ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে পুনরায় মেয়র প্রার্থী হিসাবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কাউন্সিলর পদধারীগণ লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত নন বিধায় তাদের পদত্যাগ না করে প্রার্থী হতে আইনগত কোন বাধা থাকবে না। এদিকে গত ৬ মে সোমবার ইসির এ সংক্রান্ত পরিপত্র জারির পর গতকাল মঙ্গলবার সারাদিন রাজধানীর শেরেবাংলা নগরস্থ ইসি কার্যালয় ও সচিবালয়ের এলজিআরডি মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করেছেন রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের মেয়র শওকত হোসেন হিরন ও সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। তারা সকলেই জানিয়েছেন, আইনে থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে তাদের কোন সমস্যা নেই। একই অভিব্যক্তি জানিয়ে খুলনার মেয়র খালেক জানিয়েছেন, তিনি ঢাকায় আসতে না পারলেও ওই তিন মেয়রের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। রাজশাহীর মেয়র লিটন বলেন, পত্রিকায় খবর দেখে তারা তিন মেয়র নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে গেছেন। নির্বাচন কমিশন থেকে আইনের যে ব্যাখ্যা দেয়া হয়েছে সেটা তাদের কাছে বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে। প্রয়োজনে পদত্যাগে তাদের আপত্তি নেই। তারা চার মেয়র নিজেদের মধ্যে আলাপ করেছেন-আদালতে তারা যাবেন না। পদত্যাগ করে নির্বাচনে তারা প্রস্তুত। গতকাল ইসি কার্যালয়ে তিন মেয়রের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো:শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, উচ্চ আদালত থেকে মেয়র পদ লাভজনক ঘোষণা করায় এবং ২০০৯ সালের সিটি করপোরেশন আইনানুযায়ী এই চার মেয়রকে নির্বাচনে অংশ নিতে ১২ মে মনোনয়নপত্র দাখিলের আগেই পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদের মনোনয়ন বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, মেয়রদের জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে-এটা ঠিক। কিন্তু নির্বাচনে অংশ নিতে হলে কিছু পূর্ব শর্ত মেনে আসতে হবে। যিনি নির্বাচনে অংশ নিবেন না তাকে পাঁচ বছরের মেয়াদ পূরণে তো কোন সমস্যা হচ্ছে না। একদিকে জাতীয় সংসদ আইন পাস করেছে, আর অন্যদিকে উচ্চ আদালত মেয়র পদকে লাভজনক হিসেবে রায় দিয়েছে। এখানে কমিশনের কিছুই করার নেই। উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩৪ ধারার ১ (খ) উপ-ধারা অনুসারে করপোরেশন মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচনের বিধান রয়েছে। সর্বশেষ ২০০৮ সালের ৪ আগস্ট রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশন আইন অনুসারে এর মেয়াদ প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকে মেয়াদ পূরণের আগের ১৮০ দিনের মধ্যে এর নির্বাচন সম্পন্ন করতে হবে। এই হিসাবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে এই চার সিটির নির্বাচন করার আইনী বাধ্যবাধকতা ছিল।