রাজধানীর মিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ছোট ভাই রাশিদুল ইসলাম বকুলকে গ্রেফতার করেছে। গত সোমবার বিকালে মিরপুর-১০ নম্বর গোলচক্করে র্যাম ইঞ্জিনিয়ার নামে একটি কম্পিউটার প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে বড় ভাই এরশাদুল ইসলাম বিপুল নিহত হন।
নিহত এরশাদুলের স্ত্রী মুন্নী অভিযোগ করেন, পল্লবীর ১০/এ সেকশনের ১৩ নম্বর লাইনের ১৫ নম্বর বাড়িতে তার স্বামীর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান র্যাম ইঞ্জিনিয়ার অবস্থিত। সোমবার বিকাল ৪টার দিকে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে বকুল তার বড় ভাই বিপুলকে প্রতিষ্ঠানের ভিতর উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় বিপুলকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ বকুলকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাসের ধাক্কায় মহিলা নিহত : এদিকে মিরপুরে এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় মা হেলেনা পারভীন খুকী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচক্করে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মেয়ে তানজীলা তামান্না তুলি ও রিকশা চালক মোখলেস গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, তুলি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে রিকশায় বাসায় ফিরছিলেন। সেনপাড়া পর্বতা এলাকায় তাদের বাসা। রিকশাটি মিরপুর-১০ নম্বর গোলচক্করে পৌঁছলে পিছন থেকে একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে রিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তুলির মা খুকীকে মৃত ঘোষণা করেন।
