বাফার নতুন নির্বাচনে বাধা নেই

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:১২
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস এসোসিয়েশন (বাফা) এর প্রশাসক পদে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মীর মশিউর আলমের নিয়োগকে বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দেন। একইসঙ্গে প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনার উপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে। হাইকোর্টের এ রায়ের ফলে নতুন করে বাফার নির্বাচন পরিচালনা করতে আইনগত কোন বাধা থাকল না বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোখলেছুর রহমান। প্রসঙ্গত নতুন করে বাফার নির্বাচন পরিচালনার জন্য ২০১১ সালের ২ মার্চ সরকার শিপিং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান সেলিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১২ সালের ১৯ জুলাই সরকার সাইদুর রহমানের পরিবর্তে মীর মশিউর আলমকে বাফার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। কিন্তু এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বাফার ভাইস প্রেসিডেন্ট এবিএম রফিকুজ্জামান সাগর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার তানজীব উল আলম এবং সরকার পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোখলেছুর রহমান শুনানি করেন।