প্রস্তাবিত সংশোধিত শ্রম আইন দ্রুত পাস করার জন্য তাগিদ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। তিনি মনে করেন, প্রক্রিয়াগত বিলম্ব হলে প্রয়োজনে অধ্যাদেশ করে এই আইনের দ্রুততম সময়ে পাস ও তা বাস্তবায়ন করা প্রয়োজন। এটি করা গেলে বিশ্বব্যাপী উদ্বিগ্ন ক্রেতাদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমন করা যাবে।
সেই সাথে কারখানা মালিকদের সাথে যাথাযথ উপায়ে দরাদরি করতে ট্রেড ইউনিয়ন করার কথা আবারো পুনর্ব্যক্ত করার পাশাপাশি কারখানায় অগ্নি নিরাপত্তার বিষয়ে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র তরফে প্রতিটি কারখানার জন্য একটি ‘নিরাপত্তা মান’ ঠিক করা, অগ্নি নিরাপত্তার সাথে ভবনের কাঠামো নিরাপত্তা বিষয় যুক্ত করার পরামর্শ দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাথে বাংলাদেশ যে সব বিষয়ে কাজ করছে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এ পরামর্শ দেন। বিজিএমইএ’র নেতৃবৃন্দ তাকে জানিয়েছেন, সংশোধিত শ্রম আইনটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। পরে এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। ওখানে সংশ্লিষ্টদের পরামর্শ নেয়া হবে। এর পর সংসদে পাঠালে এটি আইন আকারে পাস হবে। পুরো প্রক্রিয়ায় স্বাভবিকভাবেই কিছুটা সময় লাগতে পারে। কিন্তু আইন আকারে পাস হতে সময় লাগলে প্রয়োজনে অধ্যাদেশ আকারে পাস করার পরামর্শ দিয়েছেন ড্যান মজীনা।
প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে ড্যান মজীনা ছাড়াও দেশটির রাজনীতি বিষয়ক কর্মকর্তা জোন এফ চেঙ্কি এবং বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সংসদ সদস্য ও গার্মেন্টস উদ্যোক্তা ফজলুল আজীম, বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি ও শহীদুল্লাহ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত বিজিএমইএ নেতাদের জানিয়েছেন, ৫ মাস আগে তাজরীন গার্মেন্টস কাখানায় অগ্নিকাণ্ডে শতাধিক হতাহত এবং এর পর সমপ্রতি সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ৬ শতাধিক (এখন পর্যন্ত) নিহতের ঘটনায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক তোলপাড় হচ্ছে। এতে ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে। এর ফলে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার (জিএসপি) আওতায় শুল্ক ও কোটামুক্ত সুবিধা চলমান রাখা যায় কি না তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। মার্কিন ক্রেতাদের বার বার তাদের উদ্বেগের কথা জানাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ কী কী করছে তার বাস্তবায়ন ক্রেতাদের বিশেষত মার্কিন ক্রেতাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। (অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস খাত জিএসপি সুবিধা পায় না )। তিনি বলেন, ক্রেতাদের কাছে অতি দ্রুত একটি ইতিবাচক বার্তা পাঠান যাতে তাদের উদ্বেগ প্রশমন করা যায়।
কারখানা ভবন ও অগ্নিনিরাপত্তা নিয়ে বিজিএমইএকে উদ্যোগী হয়ে একটি ‘মিনিমাম সেফটি স্ট্যান্ডার্ড’ তৈরি করার কথা বলেছেন তিনি। এক্ষেত্রে বিজিএমইএ জার্মানিভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড ও বেসরকারি সংস্থা ব্র্যাক এর সহায়তা নিতে পারে। পরে বায়ারদের এ কার্যক্রমে অন্তর্ভূক্ত করবে। যুক্তরাষ্ট্র এ কার্যক্রমে সহায়তা করবে। অতিদ্রুত কারখানা ভবন পরীক্ষা করার তাগিদ দিয়ে তিনি বলেছেন, বিশেষত ৫ তলার উপর যেসব ভবন রয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে পরীক্ষা করার দরকার। তবে গার্মেন্টস উদ্যোক্তারা মনে করেন, শ্রম আইন পাস হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু এটি পরীক্ষা নিরীক্ষা না করে তড়িঘড়ি করে পাস করা ঠিক হবে না।
এ বিষয়ে গতকাল বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ইত্তেফাককে বলেন, সংশোধিত শ্রম আইন পাস একটি প্রক্রিয়াগত বিষয়। এটি পাস করার জন্য অনেক দূর এগিয়ে গেছে। তবে আইনগত বিষয় হওয়ায় এটি পাস হতে একটু সময় লাগছে, আমরা বিষয়টি রাষ্ট্রদূতকে বলেছি। এছাড়া দেশের গার্মেন্টস খাতের এই সংকটময় সময়ে আমরা তার কাছে সহযোগিতা চেয়েছি।
