র্যাবের ৫টি সদর দপ্তর ভবন ও ট্রেনিং কমপ্লেক্স হচ্ছে

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:১৩
ঢাকার ৫টি র্যাব ব্যাটালিয়নের জন্য পূর্বাচল, মোহাম্মদপুর, খিলগাঁও, মিরপুর (পল্লবী) ও কামরাঙ্গীরচরে ৫টি সদর দপ্তর ভবন এবং গাজীপুরে র্যাব ফোর্সেস ট্রেনিং কমপ্লেক্স (প্রশিক্ষণ কেন্দ্র) নির্মাণ করা হচ্ছে। এ লক্ষ্যে ৩শ’ ৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, র্যাবের ট্রেনিং স্কুল কমপ্লেক্সটি নির্মাণ করা হবে গাজীপুরে। ঢাকায় ৫টি ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে নিয়োজিত র্যাবের ৭টি ব্যাটালিয়নের কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ৪৩৬ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে প্রায় ২ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ১ হাজার ৭৮২ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ৬৭০ কোটি টাকা প্রকল্প সহায়তা থেকে মেটানো হবে। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হল ৫৪ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প, ৪০৫ কোট টাকা ব্যয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য সমুদ্রগামী জলযান সংগ্রহ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প, ৯৯ কোটি টাকা ব্যয়ে খুলনা শীপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প, ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি তাঁত শিল্প সেবা কেন্দ্র স্থাপন প্রকল্প, ৩২ কোটি টাকা ব্যয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নরসিংদীর মাধবদীতে বস্ত্রখাতের উন্নয়নের (বিএমআরই) একটি প্রকল্প রয়েছে। এছাড়া ৬৭০ কোট টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উচ্চ শিক্ষার মান উন্নয়নে একটি সংশোধিত প্রকল্প রয়েছে। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক এর অন্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।