জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ পাওয়া গেছে। হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার মানবতাবিরোধী অপরাধ তদন্তকারী সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর রোডস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও চূড়ান্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের প্রমাণ মিলেছে। তিনি বলেন, মীর কাসেমের বিরুদ্ধে ২০১০ সালের ২৬ জুলাই তদন্ত শুরু হয়। তদন্ত শেষে জামায়াতের এ নেতার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থা জানিয়েছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে কাসেম আলীর বিরুদ্ধে চট্টগ্রামের আসাদনগর ও পাঁচলাইশ এলাকায় গণহত্যা এবং চট্টগ্রামের ডালিম হোটেলে নিয়ে নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন ঘটনার অভিযোগ করা হয়েছে। এছাড়া ১৯৭১ সালে মীর কাসেম আলী ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও জানানো হয়। সাংবাদিক সম্মেলনে এ মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামও উপস্থিত ছিলেন।
