সমপ্রতি দেশের চারটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করিয়াছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট—এই চারটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হইবে আগামী ১৫ জুন। ইহাছাড়া নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনও ১৫ জুলাইয়ের ভিতরে সম্পন্ন করিতে হইবে।
স্থানীয় সরকার শক্তিশালী করিতে এইসব সিটি করপোরেশন নির্বাচনের গুরুত্ব সামান্য নহে। কেননা, স্থানীয় সরকার ব্যবস্থাকে বলা হয় দেশ পরিচালনার হূিপণ্ড। বস্তুত জনগণের প্রকৃত ক্ষমতায়ন এবং গণতন্ত্রায়নের অধিকাংশ শর্তই পরিপূর্ণতা পায় এই স্থানীয় সরকার ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন সাপেক্ষে। এমনকি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করিবার মাধ্যমে বিবিধ রাজনৈতিক সংকটের দিশাপ্রাপ্তির সমূহ সম্ভাবনা খুঁজিয়া পাওয়া যায়।
দেশে নগরায়নের হার বৃদ্ধি পাইয়াছে। জনসংখ্যা বৃদ্ধির হারও গ্রামের চাইতে শহরে বেশি। তাহার কারণ এই নয় যে, গ্রামে জন্মহার কম। মূলত গ্রাম হইতে শহর ও মহানগরে মানুষের অভিবাসন প্রতিনিয়তই বাড়িতেছে। এই দলে রহিয়াছে ছিন্নমূল মানুষ হইতে নিম্ন-মধ্য-উচ্চবিত্ত পর্যায়ের সব ধরনের জনগণ। সকলেই অধিকতর নাগরিক সুযোগ-সুবিধা পাইতে শহর ও মহানগরমুখী হয়। যাহার কারণে সকল বিভাগীয় মহানগরগুলিতেও জনসংখ্যা বৃদ্ধির হার লাফাইয়া বৃদ্ধি পাইতেছে। এবং রাজধানী ঢাকা তাহাদের ভিতরে শীর্ষ স্থানে রহিয়াছে। কিন্তু প্রকৃত অর্থেই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা হইলে নাগরিকের এই মহানগরমুখী প্রবণতা দিন দিন এত তীব্র হইতো না।
এইক্ষণে, ইহাও স্মরণ রাখিতে হইবে যে, সিটি করপোরেশন নির্বাচন যথা সময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করিবার পরও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করিবার আরো গুরুত্বপূর্ণ শর্ত অপূর্ণ রহিয়া যায়। আমাদের দেশের মানুষের মধ্যে কর না দেওয়ার একটা প্রবণতা রহিয়াছে। অধিকাংশ পৌরসভা ও সিটি করপোরেশন তাহাদের নিজস্ব বাজেটের উপর নির্ভর করিতে পারেন না। ইহা ভালো কথা নহে। জাতীয় বাজেটের বরাদ্দ পাওয়ার যে সিংহভাগ নির্ভরতার মানসিকতা রহিয়াছে তাহা কমাইতে হইবে। কর আদায়ের ব্যাপারেও নির্বাচিত জনপ্রতিনিধিরা আন্তরিকতার পরিচয় দেন না অনেক ক্ষেত্রেই। এই কারণে আমরা দেখিতে পাই বেশিরভাগ পৌরসভা ও সিটি করপোরেশন তাহাদের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিজস্ব অর্থায়নে প্রদান করিতে ব্যর্থ হইতেছেন। সুতরাং কর আদায়ের মাধ্যমে স্বনির্ভর মানসিকতার উন্নয়ন ঘটাইতে হইবে। তাহাতে জন-উন্নয়নে কাহারো মুখাপেক্ষী হইতে হয় না।
অন্যদিকে, বেশিরভাগ মানুষ মনে করেন পৌরসভা বা সিটি করপোরেশনের উন্নয়নমূলক বা অন্যান্য কর্মকাণ্ডে তাহাদের অংশগ্রহণের সুযোগ নাই। স্থানীয় সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও কমবেশি দুর্নীতি হইয়া থাকে বলিয়া মনে করেন তাহারা। তাহাছাড়া ইহাও আমরা দেখিতে পাই, পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়র যদি ক্ষমতাসীন দলের প্রতিনিধি হন তাহা হইলে জাতীয় বাজেট হইতে অধিক বরাদ্দ পাওয়া সম্ভব হয়। এমনকি তাহাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতাও তুলনামূলক কম থাকে। তাই স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত রাখিবার দিকটাও বিশেষভাবে লক্ষ্য রাখিতে হইবে।
স্থানীয় সরকার ব্যবস্থা নামের হূিপণ্ডটির নিলয় ও অলিন্দ যদি ক্রমশ দুর্বল ও সংকুচিত হয়, তাহা হইলে দেশ নামক দেহঘড়িরও কষ্ট বৃদ্ধি পাইবে দম লইতে। ইহার নিদান মুখে বলা খুব কঠিন কিছু নয়—এই হূিপণ্ডের রক্ত সঞ্চালনা সংশ্লিষ্ট পথগুলো সচল ও স্বাভাবিক রাখা। কিন্তু আমাদের দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির মানসিকতা ও দুষ্ট রাজনীতিকদের কারণে এই নিদান প্রয়োগ করা সম্ভব হয় না। সুতরাং এই সকল সমস্যার যথাযথ ও বাস্তবোচিত পদক্ষেপ নেওয়া না হইলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করিবার স্বপ্ন কখনো বাস্তবরূপ লাভ করিবে না।
