অধিনায়কত্ব ছাড়ছেন মুশফিক!

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫১
সফরে প্রথম টেস্টে হার। এরপর প্রথম ওয়ানডে জয়ের পরেও ২-১ এ সিরিজ হার। তাই অনেকটা বাজে পারফর্মেন্সের দায় নিয়েই অধিনায়কত্ব ছাড়ার কথা জানালেন মুশফিকুর রহিম; এমনটি জানাচ্ছে জিম্বাবুয়ে থেকে একটি টেলিভিশন চ্যানেল। জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পন নাকি প্রতিপক্ষের ভালো খেলার কাছে হার মানল বাংলাদেশ? শেষ পর্যন্ত ‘ময়নাতদন্তে’ সিদ্ধান্ত যাই হোক; বাংলাদেশ ম্যাচ ও সিরিজ দুটোই হেরেছে, এটাই সত্যি। কাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিম্বাবুয়ের জয়ে একটি কথা অন্তত স্পষ্ট হল যে, নিজেদের মাটিতে জিম্বাবুয়ের দাপট কমানো সহজ ব্যাপার নয়। ২-১ ব্যবধানে এই সিরিজ জিতে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ড্র-য়ের হতাশাও কাটাতে পারল খানিকটা। ২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে ফিরেছিল বাংলাদেশ। এবার টেস্টে সিরিজ ড্র করতে পারলেও ওয়ানডে ভাগ্যের পরিবর্তন ঘটল না। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের পরাজয়ের পেছনে অসংখ্য ক্যাচ মিস এবং নির্বিষ বোলিংয়ের অবদান অনেকটাই। ২৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর নিয়েও জিম্বাবুয়ের ইনিংসের শুরু থেকে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বাংলাদেশী বোলাররা। বাংলাদেশী বোলারদের এই নখদন্তহীন বোলিং ও ফিল্ডারদের গাদা গাদা ক্যাচ মিসের সুযোগ নিয়ে স্বাগতিক দলের দুই ওপেনার ভূসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাজ্জা ৭৯ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। রবিউল ইসলাম শিপলু ৪১ রানে মাসাকাজ্জাকে ফিরিয়ে দিলেও সিবান্দাকে বাংলাদেশের কোন বোলার ফেরাতে পারেননি। অবশ্য এর জন্য সমান দায়ি ফিল্ডাররাও। ৮ রানের মাথায় প্রথম স্লিপে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাচ না ফেললে কাল মুশফিকদের সামনে হুমকি হতে পারতেন না সিবান্দা। কিংবা ৯১ রানের মাথায় লংঅনে নাসির হোসেনও ক্যাচ না ফেললে হয়তো ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি (১০৩) পেতেন না তিনি এই ওপেনার। তাকে সঙ্গ দেয়া ৫৫ রানে অপরাজিত থাকা শন উইলিয়ামসেরও একটি ক্যাচ পড়েছে মিডউইকেটে যখন তার রান ৪০। ফিল্ডারদের এমন দুর্দশা দেখতে গিয়ে ড্রেসিংরুমে বসেই হয়তো দীর্ঘশ্বাস ফেলেছেন কোচ শেন জার্গুনসেন। ২৪৭ রান নিয়েও জিম্বাবুয়ের সাথে লড়াইয়ে হেরে যাওয়াটা বাংলাদেশের জন্য কতটা সম্মানের সে হিসাব-নিকাশ কাল ম্যাচ শেষে ইতোমধ্যে শুরু হয়ে গেছে। হিসাব-নিকাশ শুরু হবে ব্যাটসম্যানদের নিয়েও। পুরো ওয়ানডে সিরিজে মোহাম্মদ আশরাফলের কাছ থেকে দায়িত্বশীল ইনিংস পায়নি দল। কাল যখন সিরিজ বাঁচানোর মত গুরুত্বপূর্ণ ম্যাচ তখনো আশরাফুল বাজে শট খেলে দলকে অন্ধকারে ঠেলে দেন; সঙ্গীন হন জহুরুল ইসলামও। ১৫ রানের মধ্যে বিদায় নেন এই দুই ব্যাটসম্যান। ব্যাক্তিগত ১০ রানে মিডঅনে চিগুম্বুরার কাছ থেকে লাইফ পেয়েছেন তামিম ইকবাল। সেই লাইফও তাকে ৩২ রানের বেশি দেয়নি। ইনজুরি কাটিয়ে তামিম এখনো নিজের ছন্দে ফিরতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে নিজের ব্যাটিং নিয়েই অসন্তুষ্ট ছিলেন সাকিব আল হাসান। কোন পরিবর্তন হয়নি কালও। অনেক চেষ্টা করে সাকিব করেছেন ১৮ রান। অধিনায়ক মুশফিকুর রহিম (৩২) চেষ্টা করেছেন কিন্তু হয়নি। শেষমেষ ‘মিষ্টার ডিপেন্টেবল’ হয়ে যাওয়া নাসির হোসেনের ব্যাট থেকেই এসেছে কার্যকরী (৬৩) ইনিংস। নিজের ২৫তম ওয়ানডেতে ষষ্ট ফিফটি তার। অফ-ফর্মে থাকা রিয়াদ নিজের কাঁধে দলের বোঝা নিয়ে হার না মানা ৭৫ রান করেছেন যা দলকে শেষ পর্যন্ত ২৪৭ রানে নিয়ে ঠেকেছে। টেস্ট সিরিজ ড্র এবং ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের এখন শেষ সম্বল দুটি টি-টোয়েন্টি ম্যাচ। যার প্রথমটি অনুষ্ঠিত হবে ১১ মে।