বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট লিগ, ঢাকা মহানগরী প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি লিগ শুরুর জন্য দশ দিন সময় চেয়েছিলেন। সেই সময় শেষ গেছে গত মাসের শেষ সপ্তাহে। অথচ এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ কবে শুরু হবে এ ব্যাপারে বোর্ড কিছুই জানায়নি। এরই মধ্যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসেসিয়েশনের (কোয়াব) কাছে প্রিমিয়ার লিগের খেলোয়াড় তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম)। সেই তালিকাও গত সপ্তাহে পাঠিয়ে দিয়েছে কোয়াব। তারপরও সিসিডিএম কিংবা বোর্ডের কাছ থেকে প্রিমিয়ার লিগ শুরু নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি। তবে জানা গেছে, প্রিমিয়ার লিগ শুরু করার আগে সিসিডিএম খেলোয়াড়দের নিলামে তুলবে।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কাল আক্ষেপ করেই বললেন, ‘বোর্ড সভাপতি আমাদের দশদিনের সময় দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত বোর্ড থেকে কিছুই জানানো হয়নি। ইতোমধ্যে সময়সীমাও শেষ হয়ে গেছে। আমাদের কাছে খেলোয়াড় তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছিল আমরা সেটাও দিয়েছি। কিন্তু লিগ শুরুর ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে জেনেছি, খেলোয়াড়দের তালিকা দেখে তাদেরকে নিলামে তোলা হচ্ছে। তাদের পারিশ্রামিকও বেঁধে দেয়া হচ্ছে’।
কোয়াব সিসিডিএমের কাছে ১৮১ জনের একটি তালিকা দিয়েছে। এদের মধ্যে জাতীয় দলের খেলোয়াড়, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় রয়েছে। মে মাসে লিগ শুরু না হলে ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি ভেঙ্গে পড়বে। তাতে দায়ভার চলে আসবে বর্তমান বোর্ডের উপরই। এটা স্বীকার করেছেন সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস, ‘ক্রিকেটের বর্ষপঞ্জি শেষ হবে জুন মাসে। যদি সময়মত লিগ শুরু করতে না পারি তাহলে এ বছরের সূচীটা আসলেই ধসে পড়বে।’ খেলোয়াড়দের নিলামে তোলা হলে এটি হবে প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম।
এ বছর জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলা থাকায় সাইডলাইনে বসে থাকা খেলোয়াড়রা অনেক বেশি পারিশ্রামিক দাবি করছে বলে অভিযোগ ক্লাবগুলোর। তাই সিসিডিএম খেলোয়াড়দের পারিশ্রামিক বেঁধে দিয়ে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এর সত্যতা স্বীকার করে সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘খেলোয়াড়দের নিলামে তোলার চিন্তা-ভাবনা চলছে। তবে কবে লিগ শুরু হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি’। সিসিডিএম চেয়ারম্যানের মন্তব্যে উল্টো দাবি করলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত, ‘এই পদ্ধতিতে খেলোয়াড় নিলাম হলে এটা বাংলাদেশ ক্রিকেটেরই ক্ষতি হবে’। কিন্তু সিসিডিএম চেয়ারম্যান দাবি করেছেন, ‘খেলোয়াড়দের সাথে কথা বলেই নিলামের প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে নিলামের ক্যাটাগরি বোর্ড সভাপতির কাছে পাঠানো হয়েছে। বোর্ড সভাপতি ক্লাবদের সাথে বসবে। ক্লাবগুলো রাজি হলেই নিলামের প্রস্তুতি শুরু হবে’।
নিলাম নিয়ে নানারকম আপত্তির মধ্যে একটা বড় আপত্তি টাকা প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে। নিলামের মাধ্যমেই বিপিএলে বিক্রি হওয়া খেলোয়াড়রা এখনও ঠিকমতো টাকা বুঝে পাননি। এ অবস্থায় আরেকবার ‘নিলাম’ শব্দটা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পারে।
