শেষ দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রানার্স আপ হওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের। ১৩ নভেম্বর শুরু হওয়া নয় দলের রিটার্ন লিগভিত্তিক এই পেশাদার ফুটবল প্রতিযোগিতা শেষ হতে লাগল পুরো ছয় মাস পাঁচ দিন। এই সময়ে নানা কারণে লিগ বন্ধ থেকেছে কমপক্ষে ছয়বার। তারপরও স্বস্তি এই যে, লিগ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণের জন্য লিগের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
শিরোপার মতো এবার রানার্স আপ এমনকি রেলিগেশনের লড়াইও ছিল কঠিন প্রতিদ্বন্দ্ব্বিতাপূর্ণ। আশির দশকের পর সম্ভবত এই প্রথম কোন বিতর্ক ছাড়াই দেশীয় ফুটবলের শীর্ষ লিগটি শেষ হলো। গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বৃষ্টি ভেজা মাঠে লিগের শেষ দিনে রানার্স আপের লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ২-১ গোলে জিতে গতবারের ছয় নম্বর দল শেখ জামাল রানাসর্ আপ হয়।
শেখ জামালের নাইজেরিয়ান আলফ্রেড (১-০), স্বদেশী আরিয়াচুকু (২-০) এবং ব্রাদার্সের ব্রাজিলীয়ান গ্রেসিয়া এন্ডারসন গোল করেন (২-১)। চলতি মৌসুমে কোন ট্রফির পরিবর্তে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ফুটবল এবং পেশাদার লিগসহ তিনটি আসরেই রানার্স আপ হলো দলটি। দলের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি কাল খেলা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে প্রেসবক্সে এসেছিলেন। মজা করে তিনি বললেন,‘যদি তিনটি রানার্স আপ মিলে একটি ট্রফি দেয়া যায়, সেটা আমি পেতে পারি হা হা হা।’
পেশাদার লিগে এবার নয় দলের আনুমানিক ব্যয় ছিল ১৭ কোটি টাকা। এর মধ্যে শিরোপায় চোখ ছিল পাঁচ দলের। শিরোপার প্রধান দাবিদার শেখ রাসেল ক্রীড়া চক্র সফল হয়েছে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও আবাহনী এবং নতুন শক্তি হিসেবে আবির্ভূত শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং বিজেএমসিকে সরিয়ে দিয়ে। পঞ্চমুখী লড়াইয়ের কারণেই লিগ শেষ পর্যন্ত আকর্ষণীয় ছিল।
আগের মৌসুমে পাতানো ম্যাচ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। এ জন্য অপবাদ মাথায় নিতে হয়েছিল নীতি নির্ধারকদেরও। অপবাদ ঘুচাতে তারা এবার কিছুটা সোচ্চার থাকায় পাতানো খেলা নিয়ে বড়রকমের কোন অভিযোগ উঠেনি। চ্যাম্পিয়ন শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব তার ক্যারিয়ারে আটটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। বিপ্লব কাল বলেন, ‘আমার চোখে দেখা কোনো পাতানো ম্যাচ হয়নি এবার। খাটুনি করে খেলে চ্যাম্পিয়ন হলে তার আলাদা স্বাদ পাওয়া যায়।’ তবে লিগের অনেক আকর্ষণীয় ম্যাচে দর্শক খরা ছিল। পায়ের কারুকাজ সম্পন্ন ভালো খেলোয়াড় না থাকার পাশাপাশি পাতানো খেলার শংকায় অনেক দর্শক মাঠমুখী হয়নি এবার। এ কারণে দর্শক উপস্থিতি হতাশজনকই ছিল। অবশ্য দর্শকরাও এ জন্য ভালো ম্যাচ উপভোগ থেকে বঞ্চিত হয়েছেন। পেশাদার ফুটবল লিগের এবারের আসরেও বিদেশিদের আধিপত্য ছিল। সাত জন রেজিষ্ট্রেশন করে চারজন নিয়মিত খেলেছেন। তাদের মধ্যে প্রায় সবই স্ট্রাইকিং পজিশনের খেলোয়াড়। এবারও স্থানীয় কোনো ফুটবলার সর্বোচ্চ গোলদাতার আসনে বসতে পারেননি। বিদেশি ফুটবলাররা সে জায়গাটা দখল করেছেন। লিগের যেমন ভালো দিকগুলো ছিল তেমনি কিছুু হতাশজনক দিকও এটি। এক সময়ের দেশসেরা স্ট্রাইকার সালাহউদ্দিন, আসলাম, সালাম মুর্শেদি, বাদল রায়রা যখন ফুটবলের নেতৃত্বে সেসময়েও স্থানীয় স্ট্রাইকাররা বিদেশি মানহীন ফরোয়ার্ডদের পারফরম্যান্সের কাছে দাঁড়াতে পারছেন না। স্থানীয়দের মধ্যে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি সাত গোল করে শীর্ষস্থান পেয়েছেন। এর মধ্যে আবার পুরো লিগের ৭২টি ম্যাচের মধ্যে হ্যাটট্রিক মাত্র একটি। তাও আবার সেটি এক বিদেশির। যদিও গতবার হ্যাট্রিক হয়েছিল ১১টি। সার্বিকভাবে ভালয় ভালয় লিগ শেষ হলেও এখনই প্রশ্ন উঠছে আগামী ফুটবল মৌসুম শুরু হবে কবে?
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
চূড়ান্ত পয়েন্ট তালিকা
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
শেখ রাসেল ১৬ ১২ ২ ২ ৩০/১৪ ৩৮
শেখ জামাল ১৬ ৯ ৪ ৩ ২১/১০ ৩১
আবাহনী ১৬ ৮ ৫ ৩ ২৩/১৫ ২৯
বিজেএমসি ১৬ ৭ ৫ ৪ ২৩/১৮ ২৬
মোহামেডান ১৬ ৭ ৪ ৫ ১৭/১৭ ২৫
মুক্তিযোদ্ধা ১৬ ৫ ৪ ৭ ১৪/১৩ ১৯
সকার ক্লাব ১৬ ৩ ৩ ১০ ১৩/২৩ ১২
ব্রাদার্স ১৬ ২ ৫ ৯ ১৪/২৩ ১১
আরামবাগ ১৬ ৩ ০ ১৩ ৭/২৯ ৯
চ্যাম্পিয়ন ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র।
অবনমন ঃ আরামবাগ ক্রীড়া সংঘ।
শীর্ষ গোলদাতা ঃ ওসে মরিসন, ১২টি (মোহামেডান, ঘানা) ।
স্থানীয়দের মধ্যে সেরা গোল ঃ ৭টি ঃ শাখাওয়াত হোসেন রনি (আবাহনী)।
একমাত্র হ্যাটট্রিক ঃ ওসে মরিসন (মোহামেডান-ব্রাদার্স, ঘানা)।
১২ গোল ঃ ওসে মরিসন (মোহামেডান, ঘানা),
৯ গোল ঃ ইসমাইল বাঙ্গুরা (বিজেএমসি, গিনি),
৭ গোল ঃ শাখাওয়াত হোসেন রনি (আবাহনী), সানডে চিজোবা (শেখ জামাল, নাইজেরিয়া)।
৬ গোল ঃ কিংসলে চিগোজি (ব্রাদার্স, নাইজেরিয়া), সনি নরডে (হাইতি), এমিলি, জাহিদ (শেখ রাসেল)।
৪ গোল ঃ এলিটা কিংসলে (নাইজেরিয়া), তকলিস আহমেদ (বিজেএমসি), মাইক ওতোজারেরি (শেখ জামাল, নাইজেরিয়া), অ্যান্থনি (সকার ক্লাব, লাইবেরিয়া)।
৩ গোল ঃ ডার্লিংটন (ব্রাজিল), টাইসন সিলভা (ব্রাদার্স, ব্রাজিল)।
