এফএ কাপের প্রস্তুতি সারলো ম্যান সিটি

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫২
লিগের শিরোপা আগেই নির্ধারিত হয়ে গেছে। তাই, ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে লিগ ম্যাচের আড়ালে ম্যাচটি ছিল আসলে এফএ কাপের ফাইনালের ড্রেস রিহার্সেল। আর এই ম্যাচেই ইডেন জেকোর দেয়া একমাত্র গোলে ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নকে ১-০ গোলে হারালো গতবারের লিগ শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি। তালিকার শীর্ষস্থান নিয়ে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৩-৫-২ ফর্মেশনে দল সাজিয়ে এমনিতেই দলকে লড়াইয়ের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ব্রুমের কোচ স্টিভ ক্লার্ক। ফলে ম্যাচটি সহজ হয়ে যায় সফরকারী সিটির জন্য। তেভেজ ছিলেন সিটির সেরা ফুটবলের কেন্দ্রবিন্দুতে। জেকোকে দিয়ে গোল করানোর কয়েক মুহূর্ত আগে তিনি ২৫ গজ দূর থেকে একটি জোরালো শট নিয়েছিলেন যেটি প্রতিপক্ষের গোলবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। আগামী শনিবার এফএ কাপের ফাইনাল। তাই মূল দলের অনেককেই বিশ্রামে রেখেছিলেন সিটি কোচ রবার্তো মানচিনি। ফলে সার্জিও অ্যাগুয়েরো, ডেভিড সিলভা, ইয়াহিয়া তোরের মতো তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে সিটি। এদিকে অপর ম্যাচে উইগ্যান অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয়েছে সফরকারী সোয়ানসি সিটি।