ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট কর ও ডিউটি হ্রাস এবং নামমাত্র রেজিস্ট্রেশন ব্যয়ে সেকেন্ডারি বাজার প্রচলনের আহ্বান জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
গতকাল বুধবার সচিবালয়ে রিহ্যাব সভাপতি সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে সাক্ষাত্কালে তারা এ দাবি জানান। এছাড়া নেতৃবৃন্দ বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের বিধান আয়কর অধ্যাদেশে পুনঃপ্রবর্তনের প্রস্তাবনা তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, গৃহায়ন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইতিমধ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার আন্তরিক। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাক্রমে প্রতিবেদন প্রস্তুত করতে নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শককে মন্ত্রী নির্দেশ দেন। এসময় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
প্রতিবেদনের সুপারিশ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রতিনিধিদলকে মন্ত্রী আশ্বাস দেন।
রিহ্যাব প্রতিনিধিদল আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সময়োপযোগী এই সিদ্ধান্ত গৃহায়ন শিল্পের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
