বাংলাদেশ ব্যাংকে আবারো রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় (রিজার্ভ) হয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ এক হাজার ৫০০ কোটি ডলারের উপরে ওঠে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রফতানি ভাল হওয়া, আমদানি কমে যাওয়ায় এ পরিমাণ রিজার্ভ বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যস্থাপক কাজী ছাইদুর রহমান মঙ্গলবার ইত্তেফাককে বলেন, দিন শেষে রিজার্ভের পরিমাণ এক হাজার ৫০০ কোটি ৬৯ লাখ ডলার হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১১ সালের ডিসেম্বর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৯৬৩ কোটি ডলার। ২০১২ সালের ডিসেম্বর শেষে তা প্রায় ৩০০ কোটি ডলার বা শতকরা ৩২ ভাগ বেড়ে যায়। এরপর চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে রিজার্ভের পরিমাণ বেড়ে এক হাজার ৩০৫ কোটি ডলারে দাঁড়ায়। গত মার্চ মাসে রিজার্ভ এক হাজার ৪০০ কোটি ডলারের উপরে উঠেছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ১৪ শতাংশ। এপ্রিল পর্যন্ত সময়ে দেশ থেকে দুই হাজার ১৭৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আর এ সময় পর্যন্ত প্রবাসীরা মোট এক হাজার ২৩০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। অন্যদিকে গত এক বছরের ব্যবধানে আমদানি পণ্যের ওপর ঋণপত্র (এলসি) নিষ্পত্তির হার কমেছে পাঁচ দশমিক ৩৮ শতাংশ।
