মতিঝিল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধে ধন্যবাদ জানিয়েছে এফবিসিসিআই

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫৮
বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকার মতিঝিল ও তদসংলগ্ন এলাকায় (মতিঝিল, দিলকুশা) যে কোন সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সরকার এবং মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এফবিসিসিআই জানিয়েছে, সামপ্রতিককালে মতিঝিলে কয়েকটি রাজনৈতিক দলের সভা-সমাবেশের অনুমতি প্রদানের ফলে সার্বিক বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে গত ৫ মে’র হেফাজতে ইসলামের সমাবেশ পরবর্তী ব্যাপক সহিংস তাণ্ডবের ফলে মতিঝিল ও এর আশপাশের এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই সহিংস তাণ্ডব ও ধ্বংসলীলায় প্রায় চারশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার মতিঝিল ও দিলকুশা এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালন করার জন্য ব্যবসায়ী সমাজ সরকারকে অনুরোধ জানিয়েছে।