ঢাবির মুহসীন হলে ছাদের প্লাস্টার খসে পড়ে দুই শিক্ষার্থী আহত

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের টিভি রুমে ফাটল দেখা দিয়েছে। গতকাল সকালে ফাটল ধরা রুমের ছাদের প্লাস্টারের একটি বড় অংশ খসে পড়ে ২ জন আহত হন। আহতরা হলেন-আরবী বিভাগের ছাত্র সাইদুল ইসলাম ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র জাকিরুল ইসলাম। প্রতক্ষ্যদর্শীরা জানান, সাড়ে ১১টার দিকে টিভি দেখার সময় ছাদের প্লাস্টার খসে পড়ে। এতে সাইদুল ও জাকিরুল আহত হন। পরে অফিসের স্টাফদের জানানো হলে তারা প্লাস্টারগুলো পরিষ্কার করে। এ বিষয়ে মুহসীন হলের কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ছাদের কিছু প্লাস্টার খসে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কয়েকবার চিঠি দেয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ভবনের ছয়তলাতে এর থেকেও খারাপ অবস্থা। মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক আলী আক্কাস বলেন, অতি দ্রুত ব্যবস্থা নেব।