প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের নাম ব্যবহার করে নকল ছবি বিক্রি ও জালিয়াতির অভিযোগে মোহাম্মদ জুলহাস ও মনজুরুল ইসলাম নামে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় মুর্তজা বশীর গত মঙ্গলবার তেজগাঁও থানায় মামলা করেছেন।
মামলায় অভিযোগসূত্রে জানা যায়, ক্রেতার কাছে বিক্রির উদ্দেশ্যে গত মঙ্গলবার সকালে মুর্তজা বশীরের মনিপুরীপাড়ার বাসায় শিল্পীর পূর্ব পরিচিত দুই ব্যক্তি শাহীন আলম ও শাহ আলম একটি ছবি শনাক্তের জন্য নিয়ে আসেন। এ ছবিটিতে ১৯৬৯ সালে শিল্পী মুর্তজা বশীর এঁকেছিলেন বলে স্বাক্ষর দেয়া আছে। ছবিটি দেখার পর তিনি স্বাক্ষরটি জাল ও ছবিটি তার আঁকা নয় বলে জানান। এরপর তিনি নকল এ ছবিটির মালিকের খোঁজ জানতে চাইলে জুলহাস ও মনজুরুলকে ফোন করে শিল্পীর বাসায় ডেকে আনা হয়। এরপর তিনি তেজগাঁও থানায় মামলা করেন। পরে পুলিশ এই দুই যুবককে গ্রেফতার করে। ১৯৩২ সালে জন্ম নেয়া চিত্রশিল্পী মুর্তজা বশীর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী।
