পিলখানায় ৭৪ জন, নীমতলিতে ১২৪ জন, মিরসরাই-এ ৪৮ জন, তাজরীন ফ্যাসন-এ ১৫৮ জন, চট্টগ্রাম ফ্লাইওভার-এ ২৫ জন প্রাণ হারানোর পর এ লেখার সময় পর্যন্ত সাভারের রানা প্লাজায় আজ মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭০০-এর কোঠায়। জানা নেই এই সংখ্যা কততে গিয়ে থামবে। দেশ আজ শোকে স্তব্ধ। সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ানো হাজার হাজার সাধারণ মানুষ। চোখে-মুখে উত্কণ্ঠা আর একটিই প্রতিজ্ঞা— শেষ ১ জন মানুষের প্রাণ থাকা পর্যন্ত উদ্ধার কাজ থামবে না। কেউ জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে গিয়ে অক্সিজেন দিচ্ছে, কেউ কেউ সরবরাহ করছে পানি আর খাবার- কেউবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই মৃত্যুর কূপে আটকে পড়ে থাকা অচেনা মানুষকে টেনে বের করে নতুন দ্বিতীয় জীবনের সন্ধান দিচ্ছে। স্থানীয় মানুষগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারছে সাহায্য করছে- প্রাণান্তর যুদ্ধ করে যাচ্ছে একটি প্রাণ বাঁচানোর জন্যে। যারা ঘটনাস্থলে যেতে পারছে না তারা দূর থেকে সংগঠিত হয়ে সেই অসহায় মানুষদের জন্য তহবিল গঠন করছে- প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যবস্থা করছে কিংবা রক্ত দেবার জন্যে স্থানীয় কোন মেডিক্যাল ক্যাম্পে দৌড়াচ্ছে। সামাজিক মাধ্যম ফেসবুক থেকে শুরু করে যে যেখানে পারছে সেখান থেকেই সাহায্যের আবেদন করছে। সংবাদকর্মী থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, ডাক্তার- প্রকৌশলী, দমকলবাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ অনেক সংগঠন নির্বিচারে পাশে এসে দাঁড়িয়েছে সব বিভেদ ভুলে— দিন-রাত জেগে উদ্ধার করে চলছে অসহায় মানুষগুলোকে শুধুমাত্র প্রাণের আশায়। উদ্ধারকর্মীদের অনেককেই দেখা গেছে আবেগে কান্নায় ভেঙে পড়তে, প্রচণ্ড মর্মাহত হতে- যদিও তাদের কেউ আটকা পড়ে নেই সেই ধ্বংসস্তূপে। তবুও জীবনের তাগিদে ছুটে এসেছে দূর-দূরান্ত থেকে, কেউ তাদের ডাকেনি। যখন দেখি জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর গিয়ে চিত্কার করে বলছে “ভেতরে জীবিত মানুষ আছে, ওদের অক্সিজেন লাগবে, পানি লাগবে- তাড়াতাড়ি পাঠাও” কিংবা - ভবন ধসের প্রায় ৫২ ঘন্টা পরে পিন্টু সাহা নামের এক শ্রমিককে উদ্ধারের পর তার মুসলমান ভাই হিন্দু ভাইকে ফিরে পেয়ে মায়ের কাছে ফোনে বলছে, “পাইছি মা- ভালো আছে- কথা কয়” তখন আবার নতুন করে বাঙালি জাতির গর্বের পরিচয় ভেসে ওঠে। উদ্ধারকর্মীদের সম্পর্কে সামাজিক মাধ্যম ফেসবুকে কেউ একজন লিখেছে, “এসব তরুণদের আমি স্যালুট দেবো না! সামনে পেলে পায়ের ধূলো নেবো। সেই ধূলো আমার নিজের মাথায় ছোঁয়াবো। আমার দুই কন্যা সন্তানের মাথায় মেখে দেবো।” কথাটি পড়ে কার না চোখ জলে ভিজে যাবে?
অথচ কষ্ট হয় যখন দেখি সব সময়ের মতো আমাদের দেশের তথাকথিত রাজনীতিবিদরা অচেনা লাশের স্তূপে ঢাকা পরা অসহায় মানুষগুলোর মৃত্যুর কারণ নিয়ে অযথাই কাদা ছোঁড়াছুঁড়ি করছে- সত্যকে ঢাকার জন্যে ভুল আর মিথ্যার আশ্রয় নিচ্ছে- জাতির ক্রান্তিলগ্নে একে অপরের ভুল ধরতে সদা প্রস্তুত টক শো কিংবা কোন সম্মেলনে বসে শুধুমাত্র নিজেদের সুবিধা আদায়ের জন্যে তখন সত্যিই বিধাতার কাছে একটিই চাওয়া ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’— আর কত রক্ত ঝরলে এরা বিভেদ ভুলে একসাথে কাজ করতে পারবে? অনেককেই দেখা যাচ্ছে এই মুহূর্তে কোন্টা হয়নি সেটা নিয়েই বেশি চিন্তিত- কোন্টা হবার কথা ছিল আর কি হয়নি এটা সময়ের ভাবনা হতে পারে না । আমরা যদি শুধুমাত্র কি কি এই মুহূর্তে হওয়া সম্ভব এই অসহায় মানুষদের জীবনের জন্যে এটা নিয়ে ভাবি অন্যের দোষ না দেখে সেটিই হবে একমাত্র বিচক্ষণতা। কারণ এই মুহূর্তে ছোট-বড় সবাই অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে যার যার প্রেক্ষাপট থেকে। ধন্যবাদ সরকারি এবং বিরোধীদলীয় নেত্রী কে - এই সময়ে তাদের নিজ নিজ অবস্থানের জন্যে। এক্ষেত্রে সরকারকে দেখতে হবে কোন্ ধরনের অপ্রাপ্তি যেন না থাকে উদ্ধারকর্মে নিয়োজিত মানুষদের মধ্যে। ছোট হোক আর বড় হোক সবাই সবার পাশে এসে দাঁড়াচ্ছে বর্তমান সময়ের অস্থির এই বাংলাদেশে এটা কি কোন আশার কথা বলছে? আর আজকের এই শোকস্তব্ধ দিনে এর থেকে বেশি চাওয়া কিছু হতে পারে না— কারণ এটাই সময়ের দাবি। তথাপি কিছু বিষয় অবশ্যই এই মুহূর্তে আমাদের ভাবতে হবে। আমাদের দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়- যখন কোন ঘটনা ঘটে ঠিক সেই মুহূর্তে বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ বিষয়টিকে নিয়ে হুমকি খেয়ে পড়ে। কিন্তু কিছুদিন চলে যাবার পর সেটির দিকে আর কেউ মুখ ফিরে তাকায় না। এমনকি এপর্যন্ত কাউকে বিশেষ কোন শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। সব সরকারের আমলেই এই একই আইনি জটিলতা দেখা যায়। যার ফলে দুর্নীতি চলতেই থাকে আর আমরা বার বার পিছিয়ে যাই।
দোষটা আসলে আমাদেরই। সময়ের সাথে সাথে সবকিছু ভুলে যাওয়া আমদের রক্তের মধ্যে মিশে গেছে। তাইতো চোরকে বলি প্রভু আর অন্ধকারকে আলোতে পরিণত করতে আমাদের শুধুমাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর একটা বিশেষণ তো আমাদের আছেই। বাঙালিরা ধৈর্যশীল। তা না হলে কি বছরের পর বছর ধরে এগুলো আমরা নিজেদের মধ্যে লালন করতেই থাকি ? বাংলাদেশকে অপার সম্ভাবনার ভূমি বলা হয়। অথচ এর মান উন্নয়নে আমরা আসলেই এখন পর্যন্ত খুব বেশি সোচ্চার না। তাই আমরা অপেক্ষায় আছি শেষ দেয়ালে পিঠ থেমে যাওয়া পর্যন্ত। আর ধৈর্যশীল বলে এখনও আমাদের হাতে সত্যিকারের মশাল ওঠেনি, মিছিল হয়নি। আর অন্যদিকে শুধু শুধু বেকার খেটে লাভ নেই তাই সরকারি টাকা বালিশের তলায় রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন আমাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কারণ তাদের সকাল হতে যে এখনও অনেক দেরি!
আজকের যে রানা প্লাজা ভেঙে পড়লো এটা কি আসলেই আমাদের দেশের জন্য অস্বাভাবিক? এমন ঘটনা যে ঘটাটাই স্বাভাবিক ছিল সেটা আমার মত অনেকেই অকপটে স্বীকার করবেন। কারণ কর্তৃপক্ষ জানে সেই সময়ের খেলা আর ক্ষমতার চক্কর। একটু সময় যেতে দিলে সব একেবারে ঠাণ্ডা হয়ে যাবে। তা না হলে অনেক সময় মন্ত্রীরা যখন তাদেরকে কাজ শেষ করতে বলে চলে যান কিংবা অনেক পরামর্শ তাদেরকে দেয়া হয়- তার পরেও কোন কাজ হয় না কেন? তাহলে কি মন্ত্রীদের কথার দামও তারা দিতে জানেন না? কে জানে কিছুদিন পর হয়তো শোনা যাবে দোষ আসলে সেই অবলা মানুষদেরই যারা রানা প্লাজা নামক দৈত্যের চাপায় পিষ্ঠ হয়ে অকালে ঝরে গেল-কারণ দিনের বেলা তাদেরকে বলেছিল সেই আধভাঙা বিল্ডিং-এর নিচে গিয়ে দাঁড়াতে কিংবা কাজ করতে! এমনটা তো ঘটতেই পারে। এটাই তো এখন আমাদের দেশের জন্য স্বাভাবিক। কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো প্রশাসন হয়তো তদন্ত করে দেখবে সেই অবুঝ মানুষগুলো নিশ্চয় সেই ভেঙেপড়া কলাম-এর নিচে দাঁড়িয়ে কোন সন্ত্রাসী কাজের পরিকল্পনা করছিল কিংবা নাড়াচাড়া করছিল! আসলেই তো ওখানে ওদের কাজ কি ছিল? হায়রে হতভাগা - তোদের মরে গিয়েও রেহাই নেই। আর কত শোক দিবস আমরা পালন করবো কারো কাছে এ প্রশ্নের উত্তর হয়তো জানা নেই।
এখন প্রশ্ন হলো, সেই অসহায় মানুষগুলোকে নিয়ে- যারা আজ ভাগ্যের চাকায় কোনভাবে বেঁচে গেল। তাদেরকে চিকিত্সার জন্যে এই মুহূর্তে অনেক হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারকে শুধুমাত্র প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদেরকে ছেড়ে দিলে হবে না । কারণ এই সমাজে আজও তাদের বেতন ৩০০০ টাকার বেশি না এবং তাদের সামর্থ্য নেই ভালো করে চিকিত্সা করানোর ব্যয়ভার বহন করা। তাই তারা পূর্ণাঙ্গ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাদের চিকিত্সাসেবা প্রদানের নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে তার খেসারত আমাদের সবাইকেই দিতে হবে।
লেখক :সহকারী অধ্যাপক, পরিবেশ ও স্থাপত্য বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
[email protected]
