সাভারে আহত শ্রমিকদের পুনর্বাসনে ভারত ও জার্মানি সহায়তা দেবে

আপডেট : ০৮ মে ২০১৩, ২২:০০
সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ভারত। শিগগিরই একটি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে অঙ্গ হারানো আহত শ্রমিকদের সহায়তার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। একইসঙ্গে আহত ও পঙ্গুত্বের শিকার কিছু ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা দেয়ার কথা জানিয়েছে জার্মান সরকারও। সম্প্রতি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও জার্মান দূতাবাসের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সাভার দুর্ঘটনায় অঙ্গ হারানো ব্যক্তিদের জন্য কোন ধরনের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করা যেতে পারে তা নির্দিষ্ট করতে বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভারত কাজ করবে। জার্মান দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুর্ঘটনায় গুরুতর আহত ও অঙ্গ হারানো কিছু ব্যক্তিদের সহায়তায় ৫০ লাখ টাকা দেবে দেশটির সরকার।